চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের মতবিনিময় সভা আগামী ২৩ নভেম্বর দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বাষির্ক নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের আয়োজনে এই সভা হয়। চাঁপাইনবাবগঞ্জ বনিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, লতিফুর রহমান, ব্যবসায়ী মাহবুব আলম রাজু সহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করার লক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত সংলাপে জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি উচ্চ বিদ্যালয়ে ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে। সংলাপে ‘বাল্যবিয়ে রোধ করা আমাদের দায়িত্ব’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে ও যথাসময়ে আইনের আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, শিক্ষক, সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুল বারী, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ’র ম্যানেজার উত্তম মন্ডলসহ অভিভাবক, ইমাম ও বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাটিকা প্রদর্শন

বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাটিকা প্রদর্শন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে নাটিকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। দুপুর একটায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, উম্মে আতিয়া ও চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বাল্যবিয়ের কারণে আমরা প্রতিবছর অনেক শিক্ষার্থীকে হারিয়ে ফেলি। অনেক মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমাদের সকলকে একত্রিত হয়ে এটি প্রতিহত করতে হবে। এর জন্য জনসচেতনতা অন্যতম প্রধান মাধ্যম। বন্ধুসভার এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন, ইউনিসেফ এবং বন্ধুসভাকে।
জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে দক্ষতা উন্নয়ন ও করণীয় বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি-সনাক চাঁপাইনবাবগঞ্জ এই ওরিয়েন্টেশনের আয়োজন করে। ওরিয়েন্টেশনে সনাক সদস্য, সনাক’র তত্ত্বাবধানে তরুণদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) সদস্য ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)’র নির্বাচিত এসিজি সদস্যসহরা অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় ওরিয়েন্টেশনের উদ্ধোধন করেন সনাক সভাপতি সেলিনা বেগম এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান। ওরিয়েন্টেশনে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ পরিচিতি, প্রেক্ষাপট. অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬’র দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এর প্রয়োগ কৌশল ও গুরুত্ব, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশনে সূচনা বক্তব্য দেন সনাক সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। এ সময় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি গোলাম ফারুক মিথুন, ইয়েস আহ্বায়ক আসরাফুল আম্বিয়া সাগর, উম্মে সালমা হ্যাপি, ড. দীপালী রাণী দাস, ওয়ালিউল আজিম, মজিবুর রহমান, জাহেদুল আবেদীন মিঠু, শ্রী কাণাই চন্দ্র দাস, আমিনুল হক আবীর, ডলি আরা বেগম, বেগম মার্জিনা রহমান, এনামূল হক, আয়েশা আখতারুন নেসা রুনাসহ অন্যান্য সদস্য ও টিআইবি’র কর্মীবৃন্দ।
জিংক সমৃদ্ধ ধান ও হুইল চেয়ার বিতরণ

জিংক সমৃদ্ধ ধান ও হুইল চেয়ার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫জন কৃষকের মধ্যে ৫ কেজি করে জিংক সমৃদ্ধ ধান এবং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির এরিয়া প্রোগ্রা ম্যানেজার মি. জেমস বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের জন্য এই হুইল চেয়ার ও পুষ্টি সমস্যা নিরসনে প্রান্তিক কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ এই ধান বিতরণ করা হয়। এসময় ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী, মি. উত্তম মন্ডল এবং রিপন গমেজ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুরে নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল শিশুর মৃতদেহ

গোমস্তাপুরে নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল শিশুর মৃতদেহ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে পুকুরে মিলেছে নেপাল টপ্প (৫) নামে এক শিশুর মৃতদেহ। বুধবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া শিশু ওই গ্রামের দুলাল টপ্পর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, গত শনিবার শিশু নেপাল টপ্প বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। বুধবার সকালে বাড়ি সংলগ্ন মন্দিরের পাশে তার ভাসমান মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খরব পেয়ে ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে বলেও জানান ওসি।
শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ

শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ডলার উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে। বুধবার সকালে পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ির দিকে আসার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরী দল রাজশাহী থেকে এসে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, সকালে একটি নৌকায় ডলারসহ ৭-৮ জন যাত্রী পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ি ঘাটে আসছিলেন। এ সময় দশ রশিয়া এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন ডলার। পরে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালালেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। ডুবুরিদল অভিযান স্থগিত করেছেন। আজ আবারো উদ্ধার অভিযান চালানো হবে।
নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু

নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু নভেম্বর ১৯, ২০২৪: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটভূক্ত মৎস্য খাতের আওতায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফতেপুর ইউনিটের অধীনস্থ ২৫ জন মৎস্যচাষি এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও প্রয়াসের ফতেপুর ইউনিট ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন। প্রশিক্ষণে পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুতি, পুকুরকে মাছ চাষের উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছ চাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। চরঅনুপনগরে সরিষা বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরঅনুপনগরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ চরঅনুপনগর অফিসের সদস্যেদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় ১০০ জন কৃষকের প্রত্যেককে সরিষা বীজ, জৈব সার ও ছত্রাকনাশক প্রদান করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে সরিষা চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রিফাত আমিন হিরা। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ইউনিট-১২ এর ব্যবস্থাপক মো. জাকারিয়া, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, অফিসার শাহরিয়ার শিমুল, জুনিয়র অফিসার আলমাস উদ্দিনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই বীজ এবং জৈব সার ও ছত্রাকনাশক বিতরণ করে।
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬ ডায়রিয়া রোগী

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬ ডায়রিয়া রোগী নভেম্বর ১৯, ২০২৪: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ জন রোগী। তাদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৮ জন এবং নিউমনিয়া রোগী ভর্তি হয়েছে ৫ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন রোগী। ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নাজির আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, রোটাভাইরাস নামক একধরনের ভাইরাস শীতকালে দেখা দেয়। এতে যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা এটা সেটা খাবার কারণে সেইসব শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এই রোটাভাইরাস শীতকালে বেশি ছড়ায়। তিনি বলেন বর্তমানে ডায়রিয়াতে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। তবে হাসপাতালে ভর্তি থেকে টানা কয়েকদিন চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ জন। এবং একই সময়ে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১৮ জন ও নিউমনিয়া রোগী ৫জন। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে যেখানে ডায়রিয়া আক্রান্ত শিশুদের রাখা হয়েছে সেখানে দেখা যায় আসন শয্যা সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে কমেছে নিউমনিয়ায় আক্রান্তের সংখ্যা। সকল বয়সের মানুষকে বিশেষ করে শিশুদের এই শীতে বিশেষ যতেœ রাখার পরামর্শ দিয়েছেন আরএমও ডা. নাজির আহমেদ।
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৯ নভেম্বর, ২০২৪: সদর উপজেলার বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করা হয়। আজ সকালে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় এবং বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও সামাজিক জীবনে এর প্রভাব। লটারির মাধ্যমে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুশফিকুর রহমান, সহকারী শিক্ষক কাবিবুর রহমান ও খলিলুর রহমান। শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ী ছয়জনকে পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন, দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার অনেক বেশি। শহরের তুলনায় গ্রামে এ হার বেশি। অনেক শিক্ষার্থীই বাল্যবিয়ের শিকার হচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে আইন থাকলেও অনেকে তা মানছে না। এ জন্য জনসচেতনতা দরকার। এ ধরণের আয়োজনের জন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ের হার রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধীদের অধিকার আদায়ে জনসচেতনা সৃষ্টিমূলক এ কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে আলোচনা, কুইজ বা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, নাটক বা লোকজ গম্ভীরা গান। পাশাপাশি থাকবে উঠান বৈঠকও।