চাঁপাইনবাবগঞ্জে যাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে যাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার সদর উপজেলার দেবিনগর পাড়ালটোলা গ্রাম থেকে ২০০৯ সালে ঢাকার তেঁজগাও থানায় দায়েরকৃত মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জিয়ারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সোহরাব হোসেন মন্ডলের ছেলে। রায়ের সময় থেকে তিনি দিনমজুর বেশে পালিয়ে ছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় দায়েরকৃত মামলায় ঢাকার সিনিয়র দায়রা জজ আদালত নং-৫ জিয়ারুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।
চেম্বারের নির্বাচনে নির্বাচিত হওয়ায় লুনাকে শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস

চেম্বারের নির্বাচনে নির্বাচিত হওয়ায় লুনাকে শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস জেলায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হওয়া ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন মিস্ত্রিপাড়ায় তার নিজস্ব অফিসে গিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক (হিসাবরক্ষণ) তানভির আহমেদ রিয়াদ ও রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।
দিবস পালনে চাঁদা বা অনুদান নেয়া যাবে না : জেলা প্রশাসক

দিবস পালনে চাঁদা বা অনুদান নেয়া যাবে না : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানিয়েছেন, সরকারি বরাদ্দের মধ্যে থেকেই ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে হবে। এটি সরকারি নির্দেশনা। কাজেই দিবস পালনের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো চাঁদা বা অনুদান নেয়া যাবে না। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা জানান। জেলা প্রশাসক আরো জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবার বিজয় দিবসে কুচকাওয়াজ থাকবে না। কাজেই এবার কুচকাওয়াজের জন্য শিক্ষর্থীদের প্রস্তুত করার দরকার নেই। তবে বিজয় দিবসে ৩ বার তপোধ্বনি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পতাক উত্তোলন, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহতসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বাদ জোহর দোয়া মাহফিল, পুরাতন স্টেডিয়ামে দুই দিনের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে। এছাড়া সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে: সিভিল সার্জন

অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে: সিভিল সার্জন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অ্যান্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার প্রতিরোধে সব পক্ষেরই সচেতনতা দরকার বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। সভায় বলা হয়, শুধু চিকিৎসকের একার পক্ষে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা যাবে না। এর জন্য ফার্মেসি বা ওষুধের দোকানদার থেকে শুরু করে রোগী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবারই সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এ নিয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। পাশাপাশি ক্ষেত্রবিশেষে আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে অভিযান চালাতে হবে। আলোচনা সভাটি রবিবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রয়াস ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সিভিল সার্জন অফিস এসব কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। এ সময় তিনি তার বক্তব্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান। সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোছা. রেশমা খাতুন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক বরুন কুমার মন্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীমা নাসরিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ফারুক আহমেদ এবং জেলা স্বাস্থ্য অফিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাংবাদিক সাজিদ তৌহিদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন অফিসের ভিপিএইচএন মতিয়ারা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরমের যুব সম্পাদক খোন্দকার আবদুল ওয়াহেদ ও স্বাস্থ্য সম্পাদক শাহনাজ পারভীন, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফসানা, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌস, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, সদস্য আজমারুল, আল-আমিন ও মোফাজ্জল হায়দার। আলোচনার সভার আগে সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে কোর্ট চত্বর ঘুরে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে জেলা স্বাস্থ্য অধিকার ও যুব ফোরামের সদস্যরা অংশ নেন। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৪ শুরু হয়। এবছরের প্রতিপাদ্য- ‘অ্যান্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা : নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময় সময়’। পরে একই স্থানে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
গোবরাতলায় কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ

গোবরাতলায় কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় কৃষকদের মধ্যে ব্রি ধান-২৮, ৩৬, ৮৮, ৮৯, ৯২ জাতের বীজ প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এইসব বীজ বিতরণ করে। প্রয়াসের সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় বীজগুলো বিতরণ করা হয়। রবিবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে ধান চাষ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১’র হিসাবরক্ষক আসলাম হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
নির্বাচন কমিশনারের শপথ নিলেন নাচোলের কৃতী সন্তান আবুল ফজল

নির্বাচন কমিশনারের শপথ নিলেন নাচোলের কৃতী সন্তান আবুল ফজল প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার রবিবার শপথ নিয়েছেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। চার নির্বাচন কমিশনারের (ইসি) একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃতী সন্তান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এদিকে আবুল ফজল নির্বাচন কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে নাচোল পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। নাচোলে ১৯৮৩ সালে স্কুল ও ১৯৮৫ সালে কলেজজীবন শেষে ১৮তম বিএমএ লংকোর্সে তিনি ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৮ সালের জুনে কমিশন লাভ করেন এবং সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পেশাগত জীবনে এবং প্রশিক্ষণে আবুল ফজল অসামান্য উৎকর্ষ লাভ করেন। তিনি আর্মি স্টাফ কোর্সে প্রথম হওয়ার পাশাপাশি মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ফলশ্রুতিতে তিনি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্টাফ কোর্স করার যোগ্যতা লাভ করেন। সেখানে দক্ষতার সাথে ইউএস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কোর্স সম্পন্ন করার পাশাপাশি মাস্টার্স ইন মিলিটারি আর্টস অ্যান্ড সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে ডিসটিংসনসহ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্সেও সর্বোচ্চ মান প্রদর্শন করেন। তিনের অধিক সামরিক প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করায় তিনি এসইউপি বা সেনা উৎকর্ষ পদক লাভ করেন। এছাড়াও তিনি দুইবার তার কমান্ড দক্ষতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পিএইচডি রিসার্চ ফেলো। দীর্ঘ ৩৪ বছর ৭ মাসের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন। এর মধ্যে কমান্ড পর্যায়ে পদাতিক ব্যাটালিয়ান এবং ব্রিগেড কমান্ড, কম্যান্ডান্ট আর্মি সিকিউরিটি ইউনিট অন্যতম। স্টাফ অফিসার হিসেবে তিনি জিএসও-৩ (অপারেশন), ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, জিএসও-২ সামরিক অপারেশন পরিদপ্তর এবং কর্নেল জেনারেল স্টাফ ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস’র রণকৌশল শাখায় কর্মরত ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের ট্রেনিং ডিভিশনের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি বিদেশে যেসব ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করেছেন তার মধ্যে রয়েছে- মিড ক্যারিয়ার কোর্স (পাকিস্তান), ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ অফিসার কোর্স (যুক্তরাষ্ট্র), হাইয়ার ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্স (ভারত) এবং ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টরস কোর্স (ইউকে)। তিনি জাতিসংঘ মিশনে ১৯৯৪-৯৫ সময়ে সোমালিয়ায় এবং ২০০৩-০৪ সময়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল ফজল ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর; ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর; ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্র এবং কলেজ অব ডিফেন্স ম্যানেজমেন্ট, ভারত’র অ্যালামনাই। সর্বশেষে তিনি পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এবং একইসাথে ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
শান্তিপূর্ণ ও উৎসবমূখর চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহণ সম্পন্ন

শান্তিপূর্ণ ও উৎসবমূখর চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহণ সম্পন্ন শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক ২০২৪-২০২৬ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯টা থেকে শহরের পুরাতন বাজারে অবস্থিত চেম্বার ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলে। চেম্বার সূত্র জানায়, নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি প্যানেলে ১৮ জন করে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হচ্ছে চেম্বারের বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম এবং হারুন-আনোয়ার- তরিকুল মোল্লার নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। চেম্বার সদস্য নারী ও পুরুষ ভোটাররা স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদান করেছেন পছন্দের প্রার্থীকে। নির্বাচনে সাধারন পরিচালক পদে ১৩ জন এবং সহযোগী পরিচালক পদে ৫ জনসহ মোট ১৮ জন পরিচালক ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এছাড়া ট্রেড গ্রুপ অর্থাৎ জেলা ট্রাক মালিক গ্রুপ, বাস মালিক গ্রুপ, চাউল কল মালিক গ্রুপ ও সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রুপ থেকে ৪ জন পরিচালক তারা নিজেরাই ইতিমধ্যেই নির্বাচিত করেছেন। ভোটে নির্বাচিত ও ট্রেড গ্রুপ থেকে নির্বাচিত মিলিয়ে মোট ২২জন পরিচালক হবেন। নির্বাচন নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩ সদস্যের নির্বাচনী আপিল বোর্ডে আপিল করা যাবে। আগামী ১ ডিসেম্বর মোট ২২ জন পরিচালক পরবর্তী মেয়াদের জন্য সভাপতি,সিনিয়র-সহসভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। অন্য ১৯ জন পরিচালক হিসাবেই থাকবেন। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সাধারণ ভোটার ১ হাজার ২৭৬ জন এবং সহযোগি ভোটার ১৭৮ জন। সাধারণ ও সহযোগী ভোটার পৃথক এবং তারা শুধু নিজ প্রার্থীদেরই ভোট দিয়েছেন। জেলা আদালতের জিপি, পিপি, জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবীগণ ভোট পর্যাবেক্ষন ও ভোটগ্রহণ কার্যক্রমের দায়িত্বে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন ৩ সদস্যের নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ড চেয়ারম্যান এড. সোলাইমান বিশু বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি রয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায় চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স নিউমার্কেট মুদি বাজারে অভিযান চালিয়েছে। আজ সকাল ১১টায় এই টাস্কফোর্স কমিটির সদস্য সচিব জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে নিউ মার্কেট মুদি বাজারে হুমায়ন স্টোরসহ বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়। এসময় হুমায়ন স্টোরের প্রোপাইটর হুমায়ন কবিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মীর আল মনসুর শোয়াইব ছাড়াও কমিটির সদস্য জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী, জেলা ক্যাব সেক্রেটারি ও কমিটির সদস্য আব্দুর রহিম, খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে সদর থানা পুলিশের এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ কে চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধনা

প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ কে চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধনা প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ঐকতান’ এর আয়োজনে প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ কে এই সংবর্ধনা দেয়া হয়। আজ বিকেলে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদখানী সেচ প্রকল্পের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদরাসার অধ্যক্ষ মনিরুল ইসলাম সহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদকে।
মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সোয়া ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, স্থানীয় ব্যক্তি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, মহাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, গোলাম কবির, পরীক্ষার্থীদের মধ্যে মাহমুদা তাসমিম। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মহাদেব কুমার পাল ও খাদিজাতুল কুবরা। এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা পড়ালেখার তুলনায় স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে বেশি। বিদ্যালয়েও ঠিকমত যাচ্ছে না। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পড়ালেখায় এগিয়ে নিয়ে ভালো ফলাফল আনতে বিদ্যালয়েই কোচিং ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের এগিয়ে নিতে প্রতিদিন বিদ্যালয়েই পাঠদান করাবেন। তাই সকল পরীক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠ নিতে হবে। এক্ষেত্রে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। তাঁরা যেন পরীক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন, সে ব্যাপারে অনুরোধ জানানো হয়।