চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদের উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদের উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রি   ১৯ নভেম্বর ২০২৪ বাজার সিন্ডিকেটকে রুখে দিতে ও দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্ররা চালু করেছে নায্য মূল্যে সবজি বিক্রি কার্যক্রম। জেলা প্রশাসক আব্দুস সামাদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। অনেকে পঁজি দিয়েও সহযোগিতা করতে চেয়েছেন। আজ সকাল ৮টায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ বাউন্ডারি দেয়াল ঘেঁষে বৈষ্যম্যবিরোধি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মতের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে একটি অস্থায়ী কাাঁচামালের দোকান নিয়ে বসেন ছাত্ররা। সকাল ১১টা পর্যন্ত তারা বিক্রি করেন ৬৭টাকা কেজি দরে ৫০ কেজি পেঁয়াজ, ৬৬ টাকা কেজি দরে ৬৫ কেজি আলু, ৪৭ টাকা হালি দরে ১৮০ পিস ডিম, ৩৩টাকা কেজি দরে ১০ কেজি পটল, ১০০টাকা কেজি দরে ৫ কেজি কাঁচামরিচ, ৭২ টাকা কেজি দরে ১০ কেজি ফুলকপি, ৪৭ টাকা কেজি দরে ১০ কেজি বাঁধাকপি ও ৩০ টাকা কেজি দরে ১০ কেজি পেঁপে। স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক ও চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ জানান, ছাত্ররা সবসময় নিপীড়িত সাধারণ মানুষের সাথে ছিল ও ভবিষ্যতেও থাকবে। সবজি বিক্রিতে সাধারণ ক্রেতাদের সাড়া পাওয়া গেছে। বিক্রেতা ছিল ছাত্ররাই। আজ চালু হওয়া দেকানটির টাটকা সবজি খুব ভোরে পুরাতন বাজার থেকে পাইকারি দরে ক্রয় করা। এসব সবজি শুধুমাত্র খরচ রেখে বিক্রি করা হচ্ছে। মূনাফার জন্য এই দোকান করা হয়নি। প্রথম দিন সামান্য কিছু অতিরিক্ত টাকা ছাত্রদের পকেট থেকেই গেছে। প্রাথমিক পুঁজি সংগঠনের সদস্যরা নিজ পকেট থেকে দিয়েছে। সাব্বির আরও জানান, এখন উদ্যোগ নেয়া হয়েছে দোকানটিতে আরও কিছু মাল উঠিয়ে একটু বড় করা। আগামীকাল বুধবার(২০ নভেম্বর) থেকে এ চেষ্টা করা হবে। যতদিন বাজার মূল্য কিছুটা সহনীয় না হচ্ছে ততদিন এ কার্যক্রম চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। যখনই বাজার সিন্ডিকেট মাথা চাড়া দিবে তখনই তাদের প্রতিরোধে এমন উদ্যোগ নেয়া হবে। আজ কার্যক্রমে অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী সাকির আহমেদ. কাওসার আলী, রেদোয়ান আহমেদ ও সিটি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আব্দুস সুবহান।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২০ জন রোগী। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। এইসব রোগীর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

টিটিসিতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

টিটিসিতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে ১৮ ধরনের পেশার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। এসব পেশার তরুণ যুবকরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশে এবং বিদেশে কর্মক্ষেত্রে যাচ্ছেন। এছাড়া দেশের উত্তরাঞ্চলের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বগুড়া প্রথম, পাবনা দ্বিতীয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। আজ দুপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি এই সেমিনারের আয়োজন করে। টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক আব্দুস সামাদ। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। বিদেশ গমনেচ্ছুদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন নূরে আলমসহ অন্যরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই সেমিারের আয়োজন করা হয়। এতে বিদেশ গমনেচ্ছু শতাধিক কর্মীসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বিদেশ যেতে দালালের ফাঁদে পা দেবেন না। বিদেশে যাবার আগে পরিকল্পনা করুন কোন দেশে যাবেন, সেই দেশের ভাষা ভালোভাবে রপ্ত করে নিন, যে কাজের জন্য যাবেন, সেই কাজে দক্ষতা অর্জন করে বৈধপথে যাবেন তাহলে প্রতারণার শিকার হতে হবে না। সেমিনার সঞ্চালনা করেন টিটিসির সিনিয়র শিক্ষক সাঈদী হোসেন। এর আগে টিটিসিতে কোরিয়ান ভাষা ল্যাব উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর ইনিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে গণপূর্ত আবাসিক এলাকা চত্বরে আলোচনা সভা হয়। এসময় বক্তব্য দেন, আইডিইবি’র জেলা সভাপতি মেহেদী খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সত্যজিৎ রায়, সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রক্টর মোখলেসুর রহমানসহ অন্যরা। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতার সাথে বিভিন্ন সেক্টরে কাজ করছে। দেশের অগ্রগতিতে তাঁরা প্রসংসনীয় ভূমিকা রাখছে। কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করার পরামর্শ দেন বক্তারা।

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়। আজ সকালে ভোলাহাট কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। জেলা নির্বাচন অফিসার জানান, যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ১ হতে ৬নং ওয়ার্ডের ভোটারা আগামী ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর ভোলাহাট কলেজে হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। এছাড়াও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারা তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। বাঁকী গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। উলে¬খিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু সদর উপজেলার আতাহার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল মেকানিক আব্দুল আলিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোঁয়াপুকুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। বালিয়াডাঙ্গা মোড়ে তাঁর মোটরসাইকেল ওয়ার্কশপ রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহি ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকার মফিজের ছেলে আব্দুল আজিম। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোররাত পৌনে ৩টার দিকে হতাহত দু’জন একই মোটরসাইকেলযোগে প্রায় ফাঁকা সড়কে সদর উপজেলার আমনুরা এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসছিল। মোটরসাইকেলের দ্রুতগতির কারণে তারা আতাহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মেকানিক আলিম নিহত হন। আহত আজিমকে পাঠানো হয় হাসপাতালে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে আবদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, খবর পাবার পর এ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৭ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৭ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৮ জন রোগী। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা

জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃতী সন্তান চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মো. আব্দুর রশিদের পদোন্নতিজনিত কারণে তাকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। রবিবার সংবর্ধনা অনুষ্ঠানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. আব্দুর রশীদকে জেলা শিক্ষা অফিসার থেকে পদোন্নতি দিয়ে উপপরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুরে পদায়ন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এসময় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ইউসুফ আলী, আজমাল হোসেন মামুন, মো. শফিকুল ইসলাম, সাইমুম ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিউল আজম, সিনিয়র শিক্ষক লিনস হাঁসদা, মো. নাসির উদ্দীন, সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. আব্দুর রশিদ ২০২১ সালের ১২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪

বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে রাজশাহী কেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার এসআই আব্দুল হাই জানান, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাভ্যান, একটি ট্রলি, একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সদর উপজেলার বারঘরিয়া কুমারপাড়ার সুশান্ত কুমার পাল (৩৯), শিবগঞ্জ উপজেলার রাজিতপুরের জিল্লুর রহমানের ছেলে রিকশাভ্যান চালক ইদিল (৪০) এবং মোটরসাইকেল আরোহী আব্বাস বাজারের ইসমাইল ও ইসমাইলের স্ত্রী মুক্তা আহত হন। তাদেরকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইদিলকে রাজশাহী কেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাচোলে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

নাচোলে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত নাচোলে আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল সরকারি কলেজে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও। কমিউনিটি সংলাপে বিশেষ অতিথি ছিলেন- নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল-আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় প্রধান অতিথি তার বক্তবে দেবেন্দ্রনাথ উঁরাও বলেন, আদিবাসীদের অনেকে ভাল গান গায়, কথা বলতে পারে কিন্তু স্টেজ পাইনা, ভাল খেলতে পারে কিন্তু মাঠ নেই। আপনাদের জানাতে চাই বর্তমান আন্তবর্তীকালীন সরকার আদিবাসীদের নিয়ে ভাবছে, আমরা আর পিছিয়ে থাকব না সামনে এগিয়ে যাব। রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, প্রযোজক নয়ন আলী ও সহকারি প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল আলম, এসআইএল এর প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুসহ অন্যরা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশন এর কারিগরি সহায়তায় কমিউনিটি সংলাপের আয়োজন করে কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮এফএম।