মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

গেইলকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ভারতের প্রিয়াংশ আর্য

Published: November 24, 2026 at 09:25 AM
গেইলকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ভারতের প্রিয়াংশ আর্য

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯টি ছক্কা ও ৪টি চারে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে ভেঙেছে একাধিক রেকর্ড। পুরুষদের টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। পাশাপাশি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডেও ভাগ বসিয়েছেন দিল্লির এই অধিনায়ক। মঙ্গলবার (২৪ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েন ২৫ বছর বয়সী আর্য। ইন্দোরে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দিল্লি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এই ওপেনার। মাত্র ১৮ বলে পূর্ণ করেন অর্ধশতক। তার ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভার শেষে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৯৪ রান।


এরপরও থামেনি আর্যের ব্যাটের ঝড়। মাত্র ৩৬ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১৫০ রান পূর্ণ করতে খেলেন আরও ২৪ বল। শেষ পর্যন্ত ৬৮ বলে ১৮১ রান করে আউট হন তিনি। ইনিংসটিতে ছিল ১৯টি ছক্কা ও ৪টি চার। এক ইনিংসে ১৯টি ছক্কা মেরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন আর্য। এই রেকর্ডে তার সঙ্গী নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।


পুরুষদের টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় এখন দ্বিতীয় স্থানে আর্যের ১৮১ রানের ইনিংস। গত মাসে দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে এই তালিকার শীর্ষে উঠেছিলেন। তার রেকর্ড থেকে মাত্র ৭ রান দূরে থেমেছেন আর্য।


এই ইনিংসের মধ্য দিয়ে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলকেও। গেইলের ১৭৫ রানের অপরাজিত ইনিংস প্রায় ১৩ বছর ধরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল। ভারতের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল কিরণ নাগভিরের। ২০২১ সালে ৭৬ বলে ১৬২ রান করেছিলেন তিনি।