শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 31, 2026
বিনোদন
বিনোদন

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

Published: October 31, 2026 at 10:04 AM
নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। তার অভিযোগ, অনেক সময় নায়ক কিংবা প্রযোজকের পছন্দ ও চাপে চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পীকে বাদ দিতে বাধ্য হন পরিচালকরা। এমনকি শেষ মুহূর্তেও পরিবর্তন করা হয় চূড়ান্ত হওয়া কাস্টিং। পারসা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নাটকের নির্মাণপ্রক্রিয়া ও কাস্টিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে টেলিভিশন নাটকের অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্য নিয়ে যেভাবে খোলামেলা আলোচনা-সমালোচনা হয়, বাংলাদেশে তেমন চর্চা নেই।


পোস্টে পারসা ইভানা লিখেছেন, আশপাশের দেশগুলোতে নাটক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়। কে কেমন অভিনয় করেছেন, কার উচ্চারণে ভুল রয়েছে, পরিচালনায় কোথায় ঘাটতি কিংবা লেখক কী বোঝাতে চেয়েছেন—সবকিছু নিয়েই আলোচনা হয়।


দেশের নাটকের দুর্বলতা ও অভিনয়শিল্পীদের ভুলত্রুটি নিয়েও যথাযথ আলোচনা হয় না বলে মনে করেন তিনি। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে অভিনেতার ভুল উচ্চারণ কিংবা অভিনয়ের ঘাটতিও সংশোধনের উদ্যোগ নেওয়া হয় না। অথচ ভালো নাটক নির্মাণের জন্য সঠিক কাস্টিং, চরিত্রের যথাযথ উপলব্ধি এবং পরিচালকের সুস্পষ্ট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নাটকের অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, লেখক, পরিচালক ও প্রযোজকের পছন্দ যখন আলাদা হয়ে যায়, তখন নির্মাণের মূল পরিকল্পনা ব্যাহত হয়। অনেক সময় নায়ক কিংবা প্রযোজকের চাপে শেষ মুহূর্তে অভিনয়শিল্পী পরিবর্তন করা হয় বলেও অভিযোগ তার।


পারসা ইভানার মতে, একটি চরিত্রের জন্য যথাযথ অভিনয়শিল্পী খুঁজে বের করাই নির্মাণপ্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ব্যক্তিগত পছন্দ বা সুবিধার চেয়ে গল্প ও চরিত্রের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তা না হলে ভালো গল্পও পর্দায় প্রত্যাশিতভাবে উপস্থাপন করা সম্ভব হয় না।


নিজের পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অভিনয়শিল্পীর দায়িত্ব হলো চরিত্রটি বুঝে সেটিকে পর্দায় জীবন্ত করে তোলা। নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের সুবিধার কথা না ভেবে কাজের মানকে প্রাধান্য না দিলে অনেক সম্ভাবনাময় গল্প নষ্ট হয়ে যাবে। বড় কিংবা ছোট—যে পর্দার জন্যই নির্মাণ হোক, শেষ পর্যন্ত দর্শকের সামনে কাজটির প্রতিফলন ঘটে।


পারসা ইভানার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়েছেন। তবে দেশের নাটকের কাস্টিং ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে হঠাৎ এমন সরব হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা রয়েছে কি না, সে বিষয়ে অভিনেত্রী স্পষ্ট করে কিছু জানাননি।


শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া পারসা ইভানা পরবর্তী সময়ে অভিনয়ে যুক্ত হন। ২০১৫ সালে অভিনয় শুরু করেন তিনি। ২০১৮ সাল থেকে ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।