শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 31, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪

Published: October 31, 2026 at 09:53 AM
দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪

ভারতের রাজধানী দিল্লির মঙ্গোলপুরী শিল্প এলাকার একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। খবর এনডিটিভির, শুক্রবার ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মঙ্গোলপুরী শিল্প এলাকার ফেজ-১-এ অবস্থিত কারখানাটিতে এ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি দমকল গাড়ি কাজ করে। এ সময় কারখানার ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁদের দ্রুত মঙ্গোলপুরীর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ জানায়, রাত ৯টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা (এডিও) পরস কুমার জানান, কারখানাটির বেসমেন্টে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তবে দমকলকর্মীরা আগুন বেসমেন্টের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হন। ফলে তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।


তিনি বলেন, প্রচণ্ড ধোঁয়ার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। কারখানার তৃতীয় তলার সিঁড়ি থেকে একজনকে এবং চতুর্থ তলা থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে শীতলীকরণ প্রক্রিয়া চলছে। এদিকে, আউটার ডিস্ট্রিক্টের ডিসিপি বিক্রম সিং জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিককে তলব করেছে পুলিশ। ঘটনার সময় কারখানায় কতজন শ্রমিক উপস্থিত ছিলেন, তা নিশ্চিত করতে ঠিকাদার ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


তিনি আরও জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাতের পর ধোঁয়া ও আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের ওপরের তলাগুলোতে প্রচুর ধোঁয়া জমে যায়।