শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 24, 2026
October 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

রেকর্ড বইয়ে ভারতীয় ব্যাটার

Published: October 24, 2026 at 10:25 AM
রেকর্ড বইয়ে ভারতীয় ব্যাটার

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েস্টি সিরিজে রেকর্ড বইয়ে নিজের নাম উজ্জ্বল করেছেন ভারতীয় ব্যাটার তিলক ভার্মা। তবে ব্যাট হাতে নয়, বরং ফিল্ডিংয়ের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। হায়দরাবাদের এই ক্রিকেটার এখন টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ডের একক মালিক।


চলতি বছরে তার মোট ক্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ২৬টিতে। হ্যাগলি ওভালে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম তিন ওভারের মধ্যেই তিলক ভার্মা দুটি ক্যাচ লুফে নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন। তিনি অর্শদীপ সিংয়ের বলে টিম সাইফার্টের ক্যাচ ধরেন এবং পরবর্তীতে ভুবনেশ্বর কুমারের বলে ড্যারিল মিচেলের একটি কঠিন ক্যাচও সফলভাবে তালুবন্দি করেন।


এই দুটি ক্যাচের সুবাদে তার বার্ষিক ক্যাচ সংখ্যা ২৬-এ পৌঁছায়, যা তাকে ইন্দোনেশিয়ার ড্যানিলসন হাওয়ের (২০২৫ সালে ২৫টি ক্যাচ) গড়া আগের রেকর্ডটি ছাড়িয়ে যেতে সাহায্য করে। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিলকের এই রেকর্ড গড়া অবদান প্রমাণ করে, বছরজুড়ে তিনি ফিল্ডিংয়ে কতটা ধারাবাহিক ছিলেন।


গত বছরে ইন্দোনেশিয়ার ড্যানিলসন হাওয়ে ২৫ টি, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের  মুহাম্মদ ওয়াসিম ২৪, ২০২৩ সালে  উগান্ডার ব্রায়ান মাসাবা ২০টি এবং বাংলাদেশের  তানজিদ হাসান ২০২৫ সালে ২০টি ক্যাচ নিয়েছেন।


এদিন ভারতীয় দলে ফিরেছেন কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। এর ফলে দক্ষিণ গোলার্ধের দর্শকরা প্রথমবারের মতো ১৫ বছর বয়সী এই বিস্ময় প্রতিভাকে মাঠে দেখার সুযোগ পেলেন। কুঁচকির চোটে দলের বাইরে থাকা ঈশান কিষানের জায়গায় ভারতীয় একাদশে এসেছেন বৈভব। তবে এই তরুণ ক্রিকেটার ৮ বলে ৪ রান করে আউট হয়ে যান। এর আগে টস জিতে ভারত বোলিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। কিউইদের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করছে তারা।