বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
বিনোদন
বিনোদন

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

Published: October 08, 2026 at 09:56 AM
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

বুধবার ৮ অক্টোবর প্রয়াত নায়ক জসীমের মৃত্যু দিবস। ১৯৯৮ সালের এই দিনে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান এই অভিনেতা। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আসল নাম আবদুল খায়ের জসীম উদ্দিন। ছোটবেলা থেকেই সাহসী ছিলেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে ২ নম্বর সেক্টরে অংশ গ্রহণ করেন জসীন। যুদ্ধফেরত এই তরুণই পরবর্তীকালে ঢাকাই সিনেমায় আনলেন বীরত্ব, অ্যাকশন ও লড়াইয়ের নতুন ধারাবাহিকতা। জসীম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ১৯৭২ সালে ‘দেবর’ ছবির মাধ্যমে। তবে আলোচনায় আসেন ১৯৭৩ সালে প্রয়াত জহিরুল হকের ‘রংবাজ’ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে। এ ছবির অ্যাকশন–দৃশ্যগুলো করেছিল তার নিজস্ব প্রযোজনা সংস্থা জ্যাম্বস ফাইটিং গ্রুপ। তবে জসীম মূল পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ ছবিতে অভিনয় করে। এটি ছিল হিন্দি ‘শোলে’ ছবির রিমেক, যেখানে তিনি গব্বর সিংয়ের চরিত্রে অভিনয় করেন। জসীম চলচ্চিত্রে নায়ক, খলনায়ক দুই চরিত্রেই প্রশংসা কুড়ান। ক্যারিয়ারের শুরুতে ভয়ংকর খলনায়ক, পরে নায়ক হিসেবে সাধারণ মানুষের মনে দাগ কাটেন। সুভাষ দত্ত পরিচালিত ‘সবুজ সাথী’ সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। এই ছবির সাফল্যের পর খলনায়ক হিসেবে আর কখনো ফিরে যাননি। মৃত্যুর এত দীর্ঘ সময় পরেও জসীমের জনপ্রিয়তা কমেনি। নতুন প্রজন্ম ইউটিউব শর্টস কিংবা ফেসবুক রিলসে জসীমের অভিনয়, নাচ, মারপিটের দৃশ্যের ভিডিও খোঁজেন। তরুণেরা তার সংলাপ অনুকরণ করেন, সামাজিক যোগযোগমাধ্যমে ট্রল তৈরি হয় তাকে ঘিরে। এমনকি বিজ্ঞাপনেও তার সাদৃশ্য মডেল দেখা যায়। ফেসবুকে প্রায়ই জসীমের ছবিসহ নানা সংলাপ দিয়ে কার্ড দেখা যায়। তাকে নিয়ে মিম দেখা যায়। জসীম প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য কয়েকটি হলো- 'দোস্ত দুশমন, 'কালিয়া', 'কাজের বেটি রহিমা', ‘তুফান’, 'লালু মাস্তান’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘রাজা বাবু’, ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘বুকের ধন', 'স্ত্রী হত্যা' ও 'ভালোবাসার ঘর'।