চৌষট্টি বছর বয়সে বিয়ে করলেন হলিউড অভিনেতা জিম ক্যারি। দীর্ঘ দিনের প্রেমিকা মিন আহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই মার্কিন তারকা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। পিপল ম্যাগাজিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন জিমের মুখপাত্র।
সাত মাস আগে ফ্রান্সে অনুষ্ঠিত হয় ‘সিজা অ্যাওয়ার্ডস’। এ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় জিম-মিনকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩২ বছর বয়সি মিন আহকে ‘সঙ্গী’ হিসেবে উল্লেখ করেছিলেন জিম ক্যারি।
‘ব্রুস অলমাইটি’ তারকা জিম ক্যারি বলেছিলেন, “আমার মেয়ে জেন, নাতি জ্যাকসন ও আমার অসাধারণ পরিবারকে ধন্যবাদ জানাই। আমি তোমাদের ভালোবাসি। আমার অসাধারণ সঙ্গী মিন আহকেও ধন্যবাদ।” এ সময় তার মেয়ে, নাতি এবং প্রেমিকা মিন আহকে করতালি দিয়ে অভিবাদন জানান উপস্থিত দর্শকরা।
বাবাকে স্মরণ করে কমেডিয়ান জিম ক্যারি বলেছিলেন, “আমি তোমাকে ভালোবাসি, মিন আহ। সবশেষে ধন্যবাদ সবচেয়ে মজার মানুষটিকে, যাকে আমি চিনেছি; আমার বাবা পার্সি জোসেফ ক্যারি। তিনি আমাকে ভালোবাসা, উদারতা এবং হাসির মূল্য শিখিয়েছেন।”
কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জিম ক্যারি ও মিন আহ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের লার্গোতে জাড অ্যাপাটো আয়োজিত একটি দাতব্য কমেডি শো থেকে একসঙ্গে বের হওয়ার ছবি প্রকাশ করেছিল তারা।
১৯৮৭ সালে মেলিসার সঙ্গে প্রথম ঘর বাঁধেন জিম ক্যারি। ১৯৯৫ সালে ভেঙে যায় এই সংসার। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহ-অভিনেত্রী লরেন হলিকে বিয়ে করেন। ১৯৯৭ সালে জিমের দ্বিতীয় সংসারও ভেঙে যায়। এবার মিনের সঙ্গে নতুন করে ঘর বাঁধলেন এই তারকা অভিনেতা।