বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ইন্দোনেশিয়ার বালি থেকে মুম্বাই নেওয়া হবে।
সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন অভিনেত্রীর প্রচারক।
বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা এই অভিনেত্রীকে অস্ত্রোপচারের পর সুস্থ হতে কিছুটা সময় নিতে হবে। এর প্রভাব পড়তে পারে তার আগামী দিনের কাজের সূচিতেও।
নুসরাতের প্রচারকের দেওয়া বিবৃতিতে তার চিকিৎসা ও সুস্থতার জন্য সবার কাছে গোপনীয়তা ও ব্যক্তিগত সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অভিনেত্রীর খোঁজ নেওয়া ও শুভকামনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার বিষয়ে জানানো হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
কাজের প্রয়োজনে বালিতে গিয়েছিলেন নুসরাত। পরে সেখানে আরো কয়েক দিন থাকার সিদ্ধান্ত নেন তিনি। এর মধ্যেই দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। এদিকে নুসরাতকে টাইগার শ্রফের পরবর্তী একটি সিনেমায় দেখা যাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে এই প্রথম একসঙ্গে কাজ করবেন টাইগার ও নুসরাত। এতে আরও অভিনয় করছেন পাশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদব।
সিনেমাটিতে নুসরাতের চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গল্পে তার চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নুসরাতকে সর্বশেষ সোহম শাহের সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।