বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 20, 2026
বিনোদন
বিনোদন

আট বছর পর রাজেশের সুরে আসিফ

Published: September 20, 2026 at 11:27 AM
আট বছর পর রাজেশের সুরে আসিফ

বাংলা গানের অন্যতম সফল সুরকার-গায়ক জুটি রাজেশ ঘোষ ও আসিফ আকবর। একটা সময় দেশের অডিও ইন্ডাস্ট্রি মাতিয়েছেন তারা। রাজেশের সুরে একের পর এক সুপারহিট গান গেয়েছেন আসিফ। বলতে গেলে, শিল্পীর শ্রোতাপ্রিয় গানগুলোর বড় অংশই রাজেশের সুরে। সেই নন্দিত জুটি ফের এক হলেন। দীর্ঘ আট বছর পর রাজেশের সুরে গাইলেন আসিফ। শনিবার ১৯ সেপ্টেম্বর নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সুখবরটি জানিয়েছেন রাজেশ। তিনি বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে করলাম। এটা আসলে একটা বিশেষ প্রজেক্টের গান। পুরো প্রজেক্টের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে। তবে এটুকু বলতে পারি, আসিফ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। তিনিও আমাকে সম্মান করেন, ভালোবাসেন। ফলে, তার সঙ্গে গান করার অভিজ্ঞতা বরাবরই দারুণ। রাজেশ জানান, নতুন গানটির কথা ও সুর তারই। সংগীতায়োজনে মুশফিক লিটু। গানটি আসবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। রাজেশের সুরে আসিফের গানের খবর শুনে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। প্রিয় জুটিকে ফের এক হতে দেখে তাদের আনন্দ যেন বাধ মানছে না। তবে গানটি শোনার জন্য কিছুদিন অপেক্ষা করতেই হবে। উল্লেখ্য, ২০০০ সালের দিকে আসিফ আকবরের সঙ্গে পরিচয় ঘটে রাজেশের। বছর খানেক পরই তারা গান শুরু করেন। প্রদীপ সাহার কথায়, আর রাজেশের সুরে আসিফ গাইতে থাকেন একের পর এক গান। সেগুলো ছুঁয়ে ফেলে জনপ্রিয়তার আকাশ। রাজেশের সুরে আসিফের জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’, ‘ডানা ভাঙা পাখির মতো’ ইত্যাদি।