বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। বাবা-মা হিসেবে তাদের মাঝে বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কেবল সন্তান লালন-পালনের ক্ষেত্রেই নয়, পেশাগত জীবনেও এ জুটির কাজের ধরন ও চিন্তাভাবনায় বেশ পার্থক্য রয়েছে।
কয়েক দিন আগে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়ে কারিনা কাপুর খান জানান, পরস্পরের কাজ নিয়ে আলোচনা করতে গেলে সাইফের সঙ্গে প্রায়ই তার ‘ঝগড়া’ লেগে যায়।
কারিনা কাপুর খান বলেন, “আমরা সবসময়ই শেষ পর্যন্ত ঝগড়া করি। একই বাড়িতে দুজন অভিনয়শিল্পী থাকলে ঝগড়া তো হবেই। তার কোনো প্রচারের ভিডিও (প্রোমো) হয়তো আমার ভালো লাগেনি, আবার আমার কোনো প্রোমো তার পছন্দ হয়নি। এ ব্যাপারে আমাদের মধ্যে বেশ পার্থক্যও রয়েছে।”
সাইফ আলী খান অনেক প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেন। কিন্তু কারিনা তার বিপরীত। এ অভিনেত্রীর ভাষায়—“আমি অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করি। অন্যদিকে, সাইফ অনেক বেশি প্রস্তুতি নিতে পছন্দ করে। সে অনেক বেশি পড়াশোনা করে, চরিত্রের মধ্যে ঢুকে যায়। আর আমি চাই কাজের সময় নিজেকে পুরোপুরি অন করতে, আর কাজ শেষ হলে সেখান থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিতে।”
অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি। ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান।
কারিনা কাপুর খান কাজ নিয়ে এখন অতটা ব্যস্ত সময় পার করেন না। বরং দুই সন্তান ও স্বামীর সঙ্গে অধিক সময় কাটান। পরিবার, স্বামী-সন্তানকে সময় দেওয়ার পর কাজে সময় দেন। পরিবারকে অধিক সময় দেওয়ার পক্ষে গুরুত্ব আরোপ করেছেন এই অভিনেত্রী।
কাজের দিক থেকে কারিনাকে দেখা যাবে পরিচালক মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই তদন্তধর্মী সিনেমায় অপরাধ, বিচার ও শাস্তির পাশাপাশি কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে জনমত কীভাবে মানুষের ধারণাকে প্রভাবিত করে, সেটিও তুলে ধরা হবে। ‘দায়রা’ কারিনার ৬৮তম সিনেমা। ১৮ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।