সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
বিনোদন
বিনোদন

স্ত্রীর দেরি ঠেকাতে অমিতাভের ‘এক ঘণ্টার’ কৌশল

Published: September 14, 2026 at 01:14 PM
স্ত্রীর দেরি ঠেকাতে অমিতাভের ‘এক ঘণ্টার’ কৌশল

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন দাম্পত্য জীবনের নানা মজার অভিজ্ঞতা মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার স্ত্রী জয়া বচ্চনকে সময়মতো তৈরি করাতে নিজের বিশেষ এক কৌশলের কথা জানালেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ১৮-এর নতুন এক পর্বের প্রচারণামূলক ভিডিওতে এক নারী প্রতিযোগী অমিতাভকে প্রশ্ন করেন, কোনো বিয়ে বা অনুষ্ঠানে যাওয়ার সময় স্ত্রী জয়ার তৈরি হতে দেরি হলে তিনি অপেক্ষা করেন কি না।

জবাবে অমিতাভ জানান, তিনি জয়ার জন্য অনুষ্ঠানের প্রকৃত সময়ের এক ঘণ্টা আগের সময় বলে দেন। যেমন কোনো বিয়ে সন্ধ্যা ৬টায় হলে জয়ার কাছে সেটি ৫টার অনুষ্ঠান বলে উল্লেখ করেন।

এতে জয়া বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তৈরি হওয়া শুরু করেন এবং শেষ পর্যন্ত দুজনই নির্ধারিত সময়েই অনুষ্ঠানে পৌঁছে যান।

এর আগের এক কেবিসি পর্বেও জয়ার সঙ্গে তার দাম্পত্য জীবনের মজার একটি ঘটনা জানিয়েছিলেন অমিতাভ। এক প্রতিযোগী জানতে চান, তিনি দেরি করে বাড়ি ফিরলে জয়া তাকে বকাঝকা করেন কি না।

অমিতাভ জানান, সকালে তিনি পরিবারের গ্রুপে ‘নমস্কার’ জানিয়ে সেদিন দেরি করে বাড়ি ফিরবেন বলে আগেই জানিয়ে দেন। এতে পরিবারের সদস্যরা তার জন্য রাতের খাবারের অপেক্ষা করেন না।

তবে তিনি যদি আগেভাগে না জানান, তাহলে জয়ার বকুনি শুনতে হয়। আর খুব দেরি হলে জয়া খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন।

অমিতাভ ও জয়ার পরিচয় ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবির সেটে। পরে ১৯৭২ সালে ‘এক নজর’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। ‘জঞ্জির’ ছবির সাফল্যের পর ১৯৭৩ সালে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

একই বছরের ৩ জুন ব্যক্তিগত আয়োজনে বিয়ে করেন তারা। এরপর সেদিনই লন্ডনের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য অমিতাভ ও জয়ার দুই সন্তান—শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন।