সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
বিনোদন
বিনোদন

“দেশু ৭” নিয়ে নয় প্রশ্ন আসে ডিভোর্স নিয়ে : দেব

Published: September 14, 2026 at 01:11 PM
“দেশু ৭” নিয়ে নয় প্রশ্ন আসে ডিভোর্স নিয়ে : দেব

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার ও প্রথম গান। দুটিই দর্শকের মধ্যে তৈরি করেছে আগ্রহ। তবে সিনেমার প্রচারের চেয়ে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হওয়ায় এবার কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন দেব। সম্প্রতি কলকাতায় একটি স্যালুন উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেন অভিনেতা। 

দেব জানান, একসময় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে বর্তমানে তারা ভালো বন্ধু। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত আগ্রহের কারণে এখন স্বাভাবিকভাবেও কথা বলতে কিংবা একসঙ্গে দেখা দিতে অস্বস্তি হয় তাদের।

দেব বলেন, ‘একসময় আমাদের সম্পর্ক ছিল, এখন আমরা বন্ধু। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গেও প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে।

কে কীভাবে রিল বানাবে, সেটাই ভাবতে হয়। আমি কোনো অনুষ্ঠানে গিয়ে স্বাভাবিকভাবে ওকে আলিঙ্গন করলেও সেটি নিয়ে রিল তৈরি হচ্ছে। আমরা চাইলেও স্বাভাবিক হতে পারছি না।’

অভিনেতার দাবি, এ কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা খুব বেশি একসঙ্গে বের হচ্ছেন না। কারণ সিনেমা নিয়ে আলোচনা হওয়ার বদলে প্রতিবারই সামনে চলে আসছে তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্স প্রসঙ্গ।

দেব বলেন, ‘আমরা প্রোমোশনেই বের হচ্ছি না। বের হলেই প্রশ্ন আসে ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে। কেউ “দেশু ৭” নিয়ে আলোচনা করছে না। আমি প্রথমবার পরিচালনা করে যে ক্যানভাস তৈরি করেছি, সেটা নিয়েও কেউ কথা বলছে না। কবে শেষ কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেটাও কেউ বলছে না।’

বড় বাজেটের এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। টিজার প্রকাশের পর সিনেমাটির অ্যাকশন দৃশ্য দর্শকদের মধ্যে তৈরি করেছে আগ্রহ। পাশাপাশি দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও নজর কেড়েছে।

দেব জানান, দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশাকে মাথায় রেখেই ‘দেশু ৭’ তৈরি করা হয়েছে। শুধু শুভশ্রীকে নিয়ে স্বল্প সময়ের শুটিং করে একাধিক সিনেমা বানিয়ে দ্রুত ব্যবসা করার সুযোগ থাকলেও তিনি সেই পথে হাঁটেননি। বরং দেব-শুভশ্রী জুটিকে দর্শক যেভাবে দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই সিনেমাটি তৈরি করেছেন।

এ প্রসঙ্গে দেব বলেন, ‘আমি যদি দেশু ৭-এর জায়গায় শুভশ্রীকে নিয়ে ১২-১৫ দিনের শুটিং করতাম, চারটা ছবি নামিয়ে দিতে পারতাম। প্রচুর টাকা কামিয়েও নিতে পারতাম। কারণ মানুষ মুখিয়ে আছে। প্রথম সপ্তাহে এমনিতেই হলে যাবে। কিন্তু সেটা না করে ধূমকেতু-র পর মানুষ দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেটা নিয়ে গবেষণা করে, সেভাবেই লিখে দেশু ৭ তৈরি করা হয়েছে।’

দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে।