বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 13, 2026
বিনোদন
বিনোদন

নতুন 'জেমস বন্ড' এর চিত্রনাট্য প্রস্তুত

Published: September 13, 2026 at 11:20 AM
নতুন 'জেমস বন্ড' এর চিত্রনাট্য প্রস্তুত

ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে। তিনি জানিয়েছেন, নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্যের প্রথম খসড়া লেখার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। যুক্তরাজ্যের গ্রেটেস্ট হিটস রেডিওতে জো বলের উপস্থাপনায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই তথ্য নিশ্চিত করেন স্টিভেন নাইট। চিত্রনাট্যের খসড়া শেষ হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি মাথা নেড়ে সম্মতি জানান। ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘আ থাউজেন্ড ব্লোজ’, ‘হাউস অব গিনেস’, ‘স্পেনসার’সহ অনেক আলোচিত সিনেমার চিত্রনাট্য লিখে সাফল্য পেয়েছেন স্টিভেন নাইট। ‘ডার্টি প্রিটি থিংস’ সিনেমার জন্য পেয়েছিলেন অস্কার মনোনয়ন। নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লেখার দায়িত্ব এখন তাঁর কাঁধেই। আশা করা হচ্ছে, চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম ঘোষণা করবে আমাজন এমজিএম স্টুডিও। চিত্রনাট্যকার স্টিভেন নাইট ও অভিনেতা গ্যারি ওল্ডম্যান স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, অডিশনের মাধ্যমে ইতিমধ্যে নতুন জেমস বন্ডকে চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জেমস বন্ড সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। বছরের শেষভাগের কোনো জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বন্ডের নাম বিশ্বের সামনে উন্মোচন করা হতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।