বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 10, 2026
September 10, 2026
বিনোদন
বিনোদন

দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে এসেই মজার কাণ্ড জেনিফারের

Published: September 10, 2026 at 03:22 PM
দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে এসেই মজার কাণ্ড জেনিফারের

বছরের পর বছর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পর অবশেষে ইনস্টাগ্রামে পা রাখলেন হলিউড তারকা জেনিফার লরেন্স। তবে নিজের নামেই অ্যাকাউন্ট খোলার সুযোগ হয়নি তার। নামটি আগে থেকেই অন্য কেউ ব্যবহার করায় ভিন্ন এক মজার পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা।ইনস্টাগ্রামে জেনিফার লরেন্সের অ্যাকাউন্টের নাম রাখা হয়েছে ‘জেলো’। আর বায়োতে সরাসরি জানিয়ে দিয়েছেন নিজের নাম না পাওয়ার কারণ। সেখানে লেখা, জেনিফার লরেন্স নামটি আগেই অন্য কেউ ব্যবহার করেছেন। অভিনেত্রীর টিমও অ্যাকাউন্টটির সত্যতা নিশ্চিত করেছে। পাশাপাশি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে ভেরিফায়েড করায় ভক্তদেরও তার পরিচয় নিয়ে কোনো সংশয় থাকছে না। অ্যাকাউন্ট চালুর পর থেকেই অনুসারীর সংখ্যা দ্রুত বাড়ছে। অল্প সময়ের মধ্যেই তা ছাড়িয়ে গেছে ১ লাখ ৭৩ হাজার।


সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্সের এই আগমন অবশ্য বেশ চমকপ্রদ। কারণ, এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখার কথা জানিয়েছিলেন তিনি। এমনকি ইমেলের উত্তর ঠিকমতো দিতে না পারা এবং ফোন ব্যবহারে খুব একটা দক্ষ না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কখনোই আসবেন না বলেও জানিয়েছিলেন। 


তাহলে হঠাৎ কেন এই পরিবর্তন? মূল কারণ, নতুন সিনেমার প্রচারণা। সামনে একাধিক গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘দ্য হাঙ্গার গেমস’-এর প্রিক্যুয়েলে একটি ক্যামিও চরিত্রে হাজির হওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া আগামী বছর মুক্তির অপেক্ষায় থাকা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ ছবিতে তাকে প্রধান চরিত্রে দেখা যাবে। সিনেমার প্রচারণাকে সামনে রেখেই এবার ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লরেন্স। ফলে এতদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা এই তারকার নতুন অ্যাকাউন্ট ঘিরে ভক্তদের আগ্রহও তৈরি হয়েছে ব্যাপকভাবে।


ইনস্টাগ্রামে যোগ দিয়েই অবশ্য বসে থাকেননি লরেন্স। অ্যাকাউন্ট খোলার পর তিনি লিওনার্দো ডিক্যাপ্রিও, ডাকোটা জনসন, মার্টিন স্কোরসেসি এবং ‘দ্য হাঙ্গার গেমস’-এর সহশিল্পী জশ হাচারসনের মতো বেশ কয়েকজন পরিচিত তারকাকে অনুসরণ করা শুরু করেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলা জেনিফার লরেন্সের এই হঠাৎ ইনস্টাগ্রাম অভিষেক তাই এরই মধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। আর নিজের নাম না পেয়ে ‘জেলো’ নাম বেছে নেওয়ার বিষয়টি তার আত্মপ্রকাশকে দিয়েছে বাড়তি মজার মাত্রা।