বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
September 09, 2026
বিনোদন
বিনোদন

রুনা লায়লাকে নিয়ে গুজব ছড়ানোয় ক্ষুব্ধ মেয়ে তানি

Published: September 09, 2026 at 12:03 PM
রুনা লায়লাকে নিয়ে গুজব ছড়ানোয় ক্ষুব্ধ মেয়ে তানি

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর একমাত্র মেয়ে তানি লায়লা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তানি লায়লা। তাঁর দাবি, সামান্য অর্থ উপার্জনের আশায় এক শ্রেণির মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভিডিও, ছবি ও মনগড়া তথ্য ছড়িয়ে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তানি লায়লা লেখেন, সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে তিনি ‘বিরক্ত ও অতিষ্ঠ’ হয়ে পড়েছেন। এসব কনটেন্টের বিরুদ্ধে তিনি একে একে রিপোর্ট করবেন বলেও জানান।

মায়ের দীর্ঘ সংগীতজীবনের কথা উল্লেখ করে তানি লায়লা আরও বলেন, তাঁর মা জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ তাঁকে নিয়ে এ ধরনের অসম্মানজনক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।

রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ আছেন দাবি করে তানি লায়লা বলেন, তাঁর মা জীবিত ও সুস্থ আছেন এবং তিনি মৃত্যুর মুখেও নেই। এসব কনটেন্ট এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ সময় গণমাধ্যমের প্রতি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তানি লায়লা। পাশাপাশি রুনা লায়লার ভক্ত ও অনুসারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।

আগেও ছড়িয়েছিল মৃত্যুর গুজব

রুনা লায়লাকে নিয়ে মৃত্যুর গুজব এবারই প্রথম নয়। এর আগেও প্রায় চার মাস আগে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

তখন বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছিলেন রুনা লায়লা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে দেওয়া ওই বার্তায় রুনা লায়লা তাঁর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবরকে গুজব হিসেবে উল্লেখ করে সবাইকে কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছিলেন।

তিনি আরও জানিয়েছিলেন, এ ধরনের গুজব তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেন এই কিংবদন্তি শিল্পী।