মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 08, 2026
September 08, 2026
বিনোদন
বিনোদন

কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

Published: September 08, 2026 at 11:45 AM
কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

পরিবার, সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব এবং মানুষের জীবনের চূড়ান্ত পরিণতির বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সাড়ে তিন হাত মাটি’। মহিন খানের রচনা ও পরিচালনায় জীবনঘনিষ্ঠ এই নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। ইউটিউবে মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মাঝে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।   গত শুক্রবার ‘চয়েস ভিউ মিডিয়া’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘সাড়ে তিন হাত মাটি’। এ কয়দিনেই এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে নাটকটি।  নাটকটির মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে একটি মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন আবুল হায়াতের চরিত্রটি। পরবর্তীকালে তার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জায়গা-সম্পত্তি ভাগাভাগি নিয়ে তৈরি হয় চরম বিরোধ ও মানসিক দূরত্ব। এই পার্থিব হিসেব-নিকেশের আড়ালে হারিয়ে যেতে বসে মানবিক অনুভূতিগুলো। তবে সংসারের যাবতীয় টানাপোড়েন ও এসব লড়াইয়ের শেষে মানুষের শেষ ঠিকানা যে ‘সাড়ে তিন হাত মাটি’, সেই সত্যটিই উঠে এসেছে নাটকের মূল বার্তা হিসেবে।


ইউটিউবে প্রকাশের পরপরই নাটকটি দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারছেন না সাধারণ দর্শকেরা। মন্তব্য বক্সে উঠে এসেছে হাজারো দর্শক-প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, নাটকটি বর্তমানে আমাদের সমাজের করুণ বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।  বিশেষ করে বাবাদের কষ্ট ও নিঃস্ব হয়ে যাওয়ার গল্প দেখে অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি বলে জানিয়েছেন। আবার অনেকের মন্তব্য, এই নাটকটি বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসার গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিচ্ছে।নাটকটিতে আবুল হায়াত ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুহিন চৌধুরী, সুমাইয়া অর্পা, সেলজুক তারিক, মুহিত তামাল, নিশাত মনি, সিদ্দিক মাস্টার ও আকলিমা লিজাসহ আরও অনেকে। দৃশ্যধারণে ছিলেন মো. সুজন এবং নাটকের বার্তাটিকে দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে আবহ সঙ্গীত নির্মাণ করেছেন শাহরিয়ার রাফাত।