মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 08, 2026
September 08, 2026
বিনোদন
বিনোদন

রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

Published: September 08, 2026 at 11:38 AM
রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে সে দেশের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালের এই মেগা হিট গানটি এখনো শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়, এই মাইলফলক যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। গত রবিবার ইনস্টাগ্রামে এক পোস্টে কোক স্টুডিও এই মাইলফলকের ঘোষণা দেয়। সেখানে তারা ‘পাসুরি’ গানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখে, প্রতিটি মানুষ যারা প্লে বোতামটি চেপেছেন, গানটির সঙ্গে গেয়েছেন এবং পাসুরিকে নিজেদের করে নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আলি শেঠি এবং শে গিলের কণ্ঠে চমৎকার এই ডুয়েট গানটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের এই চূড়ায় পৌঁছাতে গানটির সময় লেগেছে চার বছর সাত মাসের কিছুটা কম। তবে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী গানটির অভূতপূর্ব জনপ্রিয়তা বিবেচনা করলে এই অর্জন মোটেও অপ্রত্যাশিত ছিল না। মুক্তি পাওয়ার বছরই এটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়েছিল। স্পটিফাইতে বর্তমানে এটি শেঠি ও গিল উভয়েরই সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান, যার স্ট্রিম সংখ্যা প্রায় ৪০ কোটি ৫০ লাখ (৪০৫ মিলিয়ন)।


মাইলফলক অর্জনের পর কোক স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল প্রকাশ করেছে। সেখানে আলি শেঠি ও শে গিলের পাশাপাশি গানটির সংগীত প্রযোজক জুলফিকার খান (জুলফি) এবং আব্দুল্লাহ সিদ্দিকীকে এই অর্জনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে দেখা যায়। মুক্তির পর থেকেই ‘পাসুরি’ বৈশ্বিক আলোড়ন সৃষ্টি করে। পাকিস্তান ও ভারতের পাশাপাশি উপমহাদেশের বাইরেও অসংখ্য শিল্পী গানটির কভার সংস্করণ গেয়েছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভেল’-এর সাউন্ডট্র্যাকেও গানটি যুক্ত করা হয়েছিল। পাকিস্তানি-আমেরিকান এক কিশোরীর জীবন নিয়ে তৈরি এই সিরিজে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব ফুটিয়ে তুলতে গানটি ব্যবহৃত হয়।


এ ছাড়া ‘কোক স্টুডিও আফ্রিকা’ পাসুরি গানের একটি রিমিক্স সংস্করণ তৈরি করেছিল। নাইজেরিয়ান আফ্রোবিটসের সমন্বয়ে তৈরি এই সংস্করণে আলি শেঠির সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছিলেন মারওয়ান মুসা এবং রিকাডো ব্যাংকস। তবে অন্য অনেক জনপ্রিয় পাকিস্তানি গানের মতোই ‘পাসুরি’ নিয়েও নিজস্ব সংস্করণ বা রিমেক করার চেষ্টা করেছিল বলিউড। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে হিন্দি সংস্করণে তৈরি এই রিমেকটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সংগীত অনুরাগীরাও ভালোভাবে নেয়নি বিষয়টি।