সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 07, 2026
September 07, 2026
বিনোদন
বিনোদন

৬ বছর পর ক্রাইম থ্রিলার দিয়ে ফিরছেন বিপাশা

Published: September 07, 2026 at 11:51 AM
৬ বছর পর ক্রাইম থ্রিলার দিয়ে ফিরছেন বিপাশা

দীর্ঘ ছয় বছরের বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার পরিচালক হানসাল মেহতার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘বারাবাঁকি’র মাধ্যমে ফের শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী। জানা গেছে, গত মাস থেকেই মুম্বাইয়ে সিরিজটির শুটিং শুরু করেছেন বিপাশা। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে নতুন প্রজেক্টে তাঁকে কেমন চরিত্রে দেখা যাবে, তা নিয়েই আগ্রহ বেশি। ‘বারাবাঁকি’ তৈরি হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা বই ‘দ্য বারাবাঁকি নারকোস: বাস্টিং ইন্ডিয়াজ মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিরিজ। গল্পের পটভূমি ১৯৮৪ সালের উত্তরপ্রদেশ। সেই সময় বারাবাঁকি জেলায় সক্রিয় হয়ে উঠেছিল একটি শক্তিশালী আফিম পাচারচক্র। ওই মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযানের ঘটনাকে কেন্দ্র করেই এগোবে সিরিজের কাহিনি।


তৎকালীন পুলিশ কর্মকর্তা অলোক লালের নেতৃত্বে কীভাবে ওই চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল এবং মাদক সাম্রাজ্য ভেঙে দেওয়ার জন্য পুলিশ কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল, বাস্তব সেই ঘটনাই উঠে আসবে ‘বারাবাঁকি’তে। তবে সিরিজে বিপাশা বসুর চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ্যে আনেননি নির্মাতারা। সূত্রের খবর, গল্পে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। মূল কাহিনির সঙ্গে তাঁর চরিত্রের একটি গভীর ব্যক্তিগত যোগও রয়েছে বলে জানা গেছে। শুধু চরিত্রেই নয়, লুকেও চমক দিতে চলেছেন বিপাশা। চরিত্রের প্রয়োজন অনুযায়ী তাঁর সাজপোশাক ও চেহারায় পরিবর্তন আনা হচ্ছে বলে খবর। ফলে ছয় বছর পর পর্দায় ফিরে অভিনেত্রীকে একেবারে ভিন্ন অবতারে দেখা যেতে পারে। মা হওয়ার পর নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিয়েছেন বিপাশা। এবার ‘বারাবাঁকি’র মাধ্যমে তাঁর অভিনয়ে প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলে, সেটিই দেখার।