শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 05, 2026
September 05, 2026
বিনোদন
বিনোদন

কোমরে চোট পেয়ে লাভ রাশমিকার

Published: September 05, 2026 at 12:19 PM
কোমরে চোট পেয়ে লাভ রাশমিকার


‘মাইসা’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে কোমর ও হিপে চোট পেয়েছিলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। চিকিৎসকেরা তাঁকে সপ্তাহখানেক বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তবে হাতে থাকা কাজের ব্যস্ত সূচির কারণে বেশি দিন বিরতিতে না থেকে দ্রুত শুটিং সেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

তবে এই চোটের মধ্যেও জীবনের জন্য একটি ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন রাশমিকা। তাঁর ভাষ্য, চোট পাওয়ার কারণে বাড়িতে থাকার সুযোগে স্বামী বিজয় দেবরাকোন্ডার সঙ্গে কিছুটা বেশি সময় কাটাতে পেরেছেন তিনি।

এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, গত ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হওয়ার পর টানা ব্যস্ততার কারণে দীর্ঘ তিন মাস একে অপরের সঙ্গে ঠিকমতো সময় কাটাতে পারেননি তাঁরা। এমনকি একে অপরকে দেখার সময়ও হয়ে উঠত না। ফোনে কথা বলেই সময় কাটছিল দুজনের।

রাশমিকার মতে, হয়তো মহাবিশ্বই তাঁদের একটু ধীরে চলার ইঙ্গিত দিচ্ছিল। চোটের কারণে বাড়িতে থাকতে হওয়ায় বিজয়ের সঙ্গে কয়েকটি দিন কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। তাঁর ভাষায়, কোমরে চোট পাওয়ার একটি ‘লাভ’ হয়েছে, স্বামীর সঙ্গে সময় কাটাতে পেরেছেন।

এই বিরতিতে বিজয়কে নিজের পছন্দের কে-ড্রামার সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন রাশমিকা। অভিনেত্রী কে-ড্রামা পছন্দ করলেও বিজয়ের পছন্দ গুরুগম্ভীর ধরনের শো। তবে কয়েক দিনের এই অবসরে বিজয়কে কে-ড্রামা দেখতে অভ্যস্ত করে ফেলেছেন বলে জানিয়েছেন রাশমিকা।

এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘ বিশ্রামে থাকছেন না অভিনেত্রী। হায়দরাবাদে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘রণবালী’র বাকি ১০ দিনের শুটিং শেষ করতে খুব শিগগিরই কাজে ফিরছেন তিনি।

পরপর একাধিক কাজ থাকায় ব্যস্ত শিডিউল নিয়েও কথা বলেছেন রাশমিকা। তাঁর দাবি, ঠাসা ক্যালেন্ডার ও ব্যস্ততার কারণে মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটিও বাড়ছে। তাই কিছুটা সুস্থ বোধ করতেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।