বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 02, 2026
September 02, 2026
বিনোদন
বিনোদন

আলোকচিত্রীদের ওপর মেজাজ হারালেন কারিনা, ‘জয়া বচ্চনের’ সঙ্গে তুলনা

Published: September 02, 2026 at 09:14 AM
আলোকচিত্রীদের ওপর মেজাজ হারালেন কারিনা, ‘জয়া বচ্চনের’ সঙ্গে তুলনা

আসন্ন নতুন সিনেমা ‌‘দায়রা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে আলোকচিত্রীদের (পাপারাজ্জি) বারবার স্থান পরিবর্তনের অনুরোধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ট্রেলার উদ্বোধনের মঞ্চে পুরো টিমের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দেওয়ার সময় একের পর এক নির্দেশনায় বিরক্ত হয়ে নিজের হাই হিলের দিকে নির্দেশ করে অসন্তোষ ব্যক্ত করেন তিনি।  এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রীরা কারিনাকে বিভিন্ন কোণ থেকে ছবি তোলার জন্য একের পর এক ডানে ও বাঁয়ে সরার অনুরোধ জানাচ্ছিলেন। টানা এই অনুরোধ ও নির্দেশনার একপর্যায়ে দৃশ্যত বিরক্তি প্রকাশ করে কারিনা বলে ওঠেন, ‘কখনো এদিকে, কখনো ওদিকে; হিল পরে আছি তো!’


ঘটনার ভিডিও ক্লিপটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই কারিনার এই আচরণকে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করতে শুরু করেন, যিনি পাপারাজ্জিদের সঙ্গে কঠোর ও স্পষ্টভাষী আচরণের জন্য পরিচিত। সেলিব্রিটি আলোকচিত্রী ভাইরাল ভয়ানির একটি পোস্টে একজন মন্তব্যে লেখেন, ‘ইনি তো জয়া বচ্চনের বোন!’ অন্য একজন প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘আরও একজন জয়া বচ্চন তৈরি হচ্ছেন।’ এ ছাড়া কিছু নেটিজেন অভিনেত্রীর এই প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করে লেখেন, ‘এগুলো আসলে বয়সের প্রভাব।’


সাম্প্রতিক সময়ে কারিনা কাপুর খানকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নতুন মাত্রা যোগ করেছে। কিছুদিন আগেই জিম থেকে বের হওয়ার সময় ধারণ করা একটি সচল চিত্র দেখে অনুসারীদের অনেকে ধারণা করেছিলেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা। পরবর্তীতে কারিনার দল আনুষ্ঠানিকভাবে এই খবর ভুয়া বলে নিশ্চিত করে। এমনকি তার ননদ সাবা আলি খান এই ধারণাকে ভুল ক্যামেরা অ্যাঙ্গেলের সৃষ্টি বলে অভিহিত করেন।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে কারিনা নিজেও তার নিজস্ব রসবোধের মাধ্যমে জবাব দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ব্যক্তির ফুলে থাকা পেটের ছবি শেয়ার করে পেছনে ‘হাম আপকে হ্যাঁই কৌন’ সিনেমার ‘চকলেট লাইম জুস’ গান যুক্ত করে হাসি ও পিজার প্রতিকৃতি জুড়ে দেন। যার মাধ্যমে তিনি ইঙ্গিত করেন যে, এটি মূলত অতিরিক্ত খাবার গ্রহণে পেট ফোলার ফল ছিল। 


পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী রসিকতা করে মন্তব্য করেছিলেন, ‘তোমরা সত্যিই পাগল করে দিতে পারো!’