বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 02, 2026
বিনোদন
বিনোদন

শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার

Published: September 02, 2026 at 09:11 AM
শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘মহাব্বতে’ থেকে ‘দেবদাস’, পর্দায় তাদের রসায়ন আজও দর্শকের মনে গেঁথে আছে। তাই সময়ের সঙ্গে এই জুটিকে আর সেভাবে একসঙ্গে না পাওয়ার আক্ষেপও রয়েছে ভক্তদের। তবে এবার সামনে এসেছে এর পেছনের একটি চর্চিত কারণ। শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার শেষ উল্লেখযোগ্য রোমান্টিক জুটির কাজ ‘দেবদাস’। এরপর দুজনকে একসঙ্গে পর্দায় দেখা গেলেও আগের মতো রোমান্টিক চরিত্রে আর দেখা যায়নি। কিন্তু কেন? সেই উত্তর খুঁজতে গিয়ে বারবার আলোচনায় এসেছে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। জানা যায়, ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। প্রথমে অনেকেই মনে করেছিলেন, সিনেমাটিতে তার স্বামী অভিষেক বচ্চন অভিনয় করছিলেন বলেই হয়তো ঐশ্বরিয়া কাজ করতে চাননি। কিন্তু চর্চিত তথ্য বলছে, বিষয়টি এতটা সরল ছিল না। 


‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল ঐশ্বরিয়ার কাছে। গল্পে শাহরুখের চরিত্রের সঙ্গে ওই চরিত্রের একটি রোমান্টিক ট্র্যাকও ছিল। সেখানেই নাকি আপত্তি ছিল ঐশ্বরিয়ার। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর অন্য কোনো অভিনেতার বিপরীতে ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্যে অভিনয় করা তার কাছে স্বস্তিকর মনে হয়নি- এমনটাই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অর্থাৎ, সিনেমায় অভিষেকের উপস্থিতি নয়; বরং নিজের ব্যক্তিগত অবস্থান ও পারিবারিক সীমারেখাকেই গুরুত্ব দিয়েছিলেন ঐশ্বরিয়া। পেশাগত সুযোগের চেয়ে নিজের ব্যক্তিগত মূল্যবোধকে প্রাধান্য দিয়েই তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন বলে জানা যায়।


‘মহাব্বতে’ ও ‘দেবদাস’-এ শাহরুখ-ঐশ্বরিয়ার রসায়ন যে দর্শকদের মুগ্ধ করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। তাদের জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে পরবর্তী সময়ে আবারও একসঙ্গে দেখার প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনাটি সেই সম্ভাবনায় যেন আরও একবার ছেদ টানে। প্রসঙ্গত, অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যজীবন নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়ায়। তবে ভাঙনের সব রটনাকে পেছনে ফেলে এখন পর্যন্ত ‘সুখী দম্পতি’ হিসেবে নিজেদের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।