সোমবার ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 31, 2026
August 31, 2026
বিনোদন
বিনোদন

৩৬ বছর পর আবারও সেই চরিত্রে টম ক্রুজ, এবার সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

Published: August 31, 2026 at 10:30 AM
৩৬ বছর পর আবারও সেই চরিত্রে টম ক্রুজ, এবার সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

প্রায় চার দশক আগে যে রেসিং চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন টম ক্রুজ, সেই কোল ট্রিকল হয়েই আবার পর্দায় ফিরছেন তিনি। ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে এবার তাঁর সঙ্গী হচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ভ্যারাইটি জানিয়েছে, নতুন ছবিটি মুক্তি পাবে ২০২৮ সালের ২ জুন। সম্প্রতি অ্যান হ্যাথাওয়ের ছবিতে যুক্ত হওয়ার খবর উদ্‌যাপন করে সামাজিক মাধ্যমে একটি প্রচারমূলক ছবি প্রকাশ করেন টম ক্রুজ। সেখানে দুজনকেই নাসকার রেসট্র্যাকে দেখা গেছে। ১৯৯০ সালে মুক্তি পাওয়া টনি স্কট পরিচালিত ‘ডেজ অব থান্ডার’-এ কোল ট্রিকল ছিলেন একজন প্রতিভাবান রেসকারচালক। অবসর নেওয়া এক কিংবদন্তি রেসিং তারকার হাত ধরে নতুন একটি নাসকার দলে যোগ দেওয়ার পর নিজের সীমাবদ্ধতার সঙ্গে লড়াইয়ের গল্প উঠে এসেছিল ছবিটিতে। নতুন কিস্তিতেও কোল ট্রিকল চরিত্রে থাকছেন টম ক্রুজ। তবে গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, অ্যান হ্যাথাওয়ে এবার একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন। অর্থাৎ নতুন গল্পের কেন্দ্রেও থাকবে মোটর রেসিংয়ের জগৎ। ছবিটি পরিচালনা করবেন জনাথন লেভিন। প্রযোজনায় থাকছেন টম ক্রুজ। সহপ্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হারপার।


টম ক্রুজের জন্য ‘ডেজ অব থান্ডার’-এ ফেরা ক্যারিয়ারে পুরোনো এক অধ্যায়ে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করছে। ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে দীর্ঘ সময় ব্যস্ত থাকার পর তিনি এবার একাধিক নতুন প্রকল্পে যুক্ত হচ্ছেন। এরই মধ্যে ‘টপ গান’-এর নতুন কিস্তিও নিশ্চিত হয়েছে। এ ছাড়া আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর পরিচালনায় ‘ডিগার’ ছবিতেও দেখা যাবে তাঁকে। অন্যদিকে অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারও ব্যস্ততায় ভরা। ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’, ‘দ্য অডিসি’ ও ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর পর চলতি বছর তাঁর আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।