বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 26, 2026
August 26, 2026
বিনোদন
বিনোদন

কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন আর নেই

Published: August 26, 2026 at 10:20 AM
কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন আর নেই

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বয়স হয়েছিল ৮০ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাশভিলে শান্তিপূর্ণভাবে মারা গেছেন ডলি। পরে তাঁর প্রতিনিধিরা জানান, মৃত্যুর আগে তিনি অল্প সময়ের জন্য ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে সংগীতের পাশাপাশি চলচ্চিত্র, টেলিভিশন, ব্যবসা ও মানবসেবায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন ডলি। ‘জোলিন’, ‘৯ টু ৫’ এবং ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এর মতো গান তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। ১৯৪৬ সালের ১৯ জানুয়ারি টেনেসির দরিদ্র এক পরিবারে জন্ম ডলির। ১২ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। ছোটবেলা থেকেই গান লেখা ও পরিবেশনার প্রতি আগ্রহী ছিলেন। ১৯৬০-এর দশকে ন্যাশভিলে গিয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। ১৯৬৭ সালে ‘হ্যালো, আই’ম ডলি’ অ্যালবামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কান্ট্রি সংগীতের জগতে যাত্রা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে প্রায় ৫০টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন এবং বিশ্বজুড়ে তাঁর রেকর্ড বিক্রি হয়েছে ১০ কোটির বেশি।


১৯৭৩ সালের ‘জোলিন’ তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। আর তাঁর লেখা ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ ১৯৯২ সালে হুইটনি হিউস্টনের কণ্ঠে নতুন করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। সংগীতের পাশাপাশি হলিউডেও সফল ছিলেন ডলি। ১৯৮০ সালে জেন ফন্ডা ও লিলি টমলিনের সঙ্গে ‘৯ টু ৫’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আলোচনায় আসেন। ছবিটির একই নামের গানের জন্য অস্কার মনোনয়নও পান তিনি। পরে ‘দ্য বেস্ট লিটল হোরহাউস ইন টেক্সাস’ ও ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেন। এমিলু হ্যারিস, লিন্ডা রনস্ট্যাড, লরেটা লিন ও উইলি নেলসনের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন ডলি। দীর্ঘ সংগীতজীবনে ১০টি গ্র্যামি জয়ের পাশাপাশি পেয়েছেন অসংখ্য সম্মাননা। ২০২২ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে জায়গা করে নেন তিনি।