‘বেবি শার্ক ড্যান্স’ গানের ভিডিওতে যে ছোট্ট ছেলেটিকে দেখে একসময় বিশ্বজুড়ে শিশুরা নেচেছিল, এক দশক পর সেই পার্ক গনরুং ফিরেছেন নতুন পরিচয়ে। এবার তিনি ক-পপ গায়ক।
২০১৬ সালে মাত্র ৭ বছর বয়সে ‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওতে অভিনয় করে পরিচিতি পান পার্ক গনরুং। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলোর অন্যতম এই গানটি এখন পর্যন্ত ১৭.২ বিলিয়নের বেশিবার দেখা হয়েছে।
বৃহস্পতিবার নিজের প্রথম ক-পপ ডিজিটাল সিঙ্গেল প্রকাশ করেছেন পার্ক। ‘বেবি শার্ক বয়’ নামে ক-পপে যাত্রা শুরু করেছেন তিনি।
গানটির পেছনে রয়েছে পিঙ্কফং কম্পানি, যে প্রতিষ্ঠান ‘বেবি শার্ক’-এর কপিরাইটের মালিক।
রয়টার্সকে পার্ক বলেন, ‘বেবি শার্ক ড্যান্স’ বিশ্বের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়েছে। এক দশক পরও মানুষ তাকে ওই গানের মাধ্যমে মনে রেখেছে—এটি তাকে আবার সংগীতের মাধ্যমে দর্শকদের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করেছে।
তার নতুন গানের নাম ‘ওয়েভ’।
গানটির শুরুতে রয়েছে পরিচিত ‘বেবি শার্ক’ সুরের ছোঁয়া। এরপর সেটি ইলেকট্রোপপ ঘরানার সংগীতে রূপ নেয়। গানটির কথাতেও অবদান রেখেছেন পার্ক নিজেই।
‘বেবি শার্ক’ গানটি মূলত হাঙরের একটি পরিবারকে ঘিরে তৈরি। ২০১৬ সালে প্রকাশের পর গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।
হোয়াইট হাউসেও গানটি পরিবেশিত হয়েছে। গানটি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য প্যারোডি ও নাচের ট্রেন্ড।
‘বেবি শার্ক’-এর সাফল্যের পর পার্ক পিঙ্কফংয়ের আরও কয়েকটি অনুষ্ঠানেও কাজ করেছেন। এবার তিনি সংগীতকে নিজের দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের অংশ হিসেবে দেখতে চান।
পার্ক জানান, ‘ওয়েভ’ তার জন্য শুধু একটি গান নয়, বরং নতুন শুরুর প্রতীক। সংগীত ও অন্যান্য কনটেন্টের মাধ্যমে ভবিষ্যতে নিজের আরও নানা দিক দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি।