বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রতীরের বিখ্যাত বাড়ি ‘মান্নাত’-এ চলছে বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণের কাজ। নতুন করে বাড়িটির পেছনের অংশে কয়েকটি তলা যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আনন্দ পণ্ডিত।
সম্প্রতি রবি কেওয়ালরামানির পডকাস্টে অতিথি হয়ে মন্নতের সংস্কারকাজ নিয়ে বিস্তারিত কথা বলেন আনন্দ পণ্ডিত। তার প্রতিষ্ঠানই শাহরুখের এই ঐতিহাসিক বাড়ির সংস্কার ও সম্প্রসারণের দায়িত্বে রয়েছে।
আনন্দ পণ্ডিত জানান, মান্নাতের পেছনের অংশে কয়েকটি নতুন তলা নির্মাণ করা হচ্ছে। এর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাড়িটির আরও দুটি অংশ সম্প্রসারণের জন্য অনুমোদনের আবেদন করেছিলেন শাহরুখ। পরিকল্পনা অনুযায়ী, সংস্কার শেষে মন্নতের আয়তন প্রায় ৬১৬ দশমিক ০২ বর্গফুট বাড়তে পারে।
এই সম্প্রসারণ ও সংস্কারে আনুমানিক ২৫ কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গেছে। ফলে সংস্কার শেষে মন্নতের আকার ও সুযোগ-সুবিধা আগের তুলনায় আরও বাড়বে।
সংস্কারকাজ চলায় বর্তমানে মান্নাতে থাকছেন না শাহরুখ ও তার পরিবার। স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। মান্নাতের সংস্কার শেষ না হওয়া পর্যন্ত সেখানেই পরিবারের সঙ্গে থাকার কথা শাহরুখের।
শুধু মান্নাত নয়, শাহরুখের আরও একটি পুরনো সম্পত্তিতেও সংস্কারকাজ চলছে। বান্দ্রার কার্টার রোডের শ্রী অমৃত সোসাইটিতে থাকা চার বেডরুমের ফ্ল্যাটটি মুম্বইয়ে আসার পর কেনা শাহরুখের প্রথম বাড়ি।
দিল্লি থেকে মুম্বাইয়ে এসে গৌরী খানকে বিয়ের পর ১৯৯১ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। পরে মান্নাতে স্থায়ীভাবে ওঠার পরও পুরনো এই বাড়িটি বিক্রি করেননি শাহরুখ।