বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 23, 2026
বিনোদন
বিনোদন

জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন

Published: August 23, 2026 at 11:57 AM
জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন

জন্মদিনে বরাবরই ভক্ত-শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তবে এবারের জন্মদিনে কোনো উৎসব বা আয়োজন নিয়ে ভাবছেন না ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই শিল্পী। তার সব চিন্তা এখন অসুস্থ ছোট ভাই এনাম সরকারকে ঘিরে।

এনাম সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে কয়েক মাস ধরে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন। এসএ টিভির সাবেক এই বার্তা সম্পাদকের অসুস্থতায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

ভাইয়ের এমন পরিস্থিতিতে জন্মদিনের আনন্দও যেন ম্লান হয়ে গেছে বেবী নাজনীনের। তিনি জানিয়েছেন, এমনিতেই আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদ্‌যাপন করেন না। এবার ভাইয়ের অসুস্থতার কারণে কোনো উদ্‌যাপনের প্রশ্নই আসে না।

জন্মদিন উপলক্ষে ভক্ত, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের জন্য নয়, ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন এই শিল্পী। তিনি বলেন, ‘জন্মদিনে আমার একটাই চাওয়া—সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।’

চার দশকের সংগীতজীবন

বেবী নাজনীন চার দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও ‘উত্তরবঙ্গের দোয়েল’ নামে পরিচিত এই শিল্পী টেলিভিশন, বেতার, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘ওই রংধনু থেকে’, ‘আর কতদিন’, ‘প্রিয়তমা’সহ অসংখ্য গান। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা।

রাজনৈতিক কারণে দীর্ঘ ১৫ বছর দেশের বাইরে থাকার পরও সংগীতের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে।

সাংবাদিকতাতেও পরিচিত এনাম সরকার

বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

সর্বশেষ এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এনাম সরকার। বর্তমানে তিনি কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) সভাপতির দায়িত্বে রয়েছেন।

এবার জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার পাশাপাশি প্রিয় ভাইয়ের সুস্থতার জন্য সবার দোয়া প্রত্যাশা করছেন বেবী নাজনীন।