বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 22, 2026
বিনোদন
বিনোদন

জন্মদিনে ডুয়া লিপার সাফল্যের গল্প

Published: August 22, 2026 at 01:03 PM
জন্মদিনে ডুয়া লিপার সাফল্যের গল্প

যুদ্ধের কারণে দেশ ছাড়তে হয়েছিল তাঁর বাবা-মাকে। সেই পরিবারের মেয়েই আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা। তিনি ডুয়া লিপা। আজ ২২ আগস্ট, ৩১ বছরে পা দিলেন ব্রিটিশ এই গায়িকা। ১৯৯৫ সালে লন্ডনে জন্ম নেন ডুয়া। তাঁর বাবা দুজাগিন লিপা ও মা আনেসা কসোভোর প্রিস্টিনার বাসিন্দা। কসোভো সংঘাতের সময় নিরাপদ জীবনের আশায় তাঁরা লন্ডনে চলে আসেন। নতুন দেশে গিয়ে তাঁদের জীবন সহজ ছিল না। নিজেদের পেশা ছেড়ে সংসার চালাতে রেস্তোরাঁয় কাজ করতে হয়েছিল তাঁদের। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহ ছিল ডুয়ার। মাত্র পাঁচ বছর বয়সে গান শুরু করেন তিনি। ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে কসোভোয় ফিরে গেলেও সেখানে বেশিদিন থিতু হননি। সংগীতকে পেশা হিসেবে গড়ার স্বপ্নে মাত্র ১৫ বছর বয়সে আবার লন্ডনে ফেরেন। এবার পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন না। পড়াশোনার পাশাপাশি নিজের দৈনন্দিন জীবন সামলে গান নিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। ইউটিউব ও সাউন্ডক্লাউডে গান প্রকাশের মাধ্যমে ধীরে ধীরে নজরে আসেন ডুয়া। ২০১৪ সালে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে চুক্তি করেন। ২০১৭ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ডুয়া লিপা’ তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এরপর ‘নিউ রুলস’ গানটি তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন ঘটায়। ২০২০ সালের ‘ফিউচার নস্টালজিয়া’ অ্যালবাম তাঁকে পপ সংগীতের শীর্ষ সারিতে নিয়ে যায়। ‘ডোন্ট স্টার্ট নাউ’, ‘ব্রেক মাই হার্ট’ ও ‘লিভিটেটিং’-এর মতো গান বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। পরে ‘বার্বি’ সিনেমার ‘ড্যান্স দ্য নাইট’ গানেও সাফল্য পান তিনি। ২০২৪ সালে প্রকাশ করেন ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’। গানের পাশাপাশি কনসার্ট, বিজ্ঞাপন, ব্র্যান্ড চুক্তি, অভিনয় ও ব্যবসা থেকেও আয় করছেন ডুয়া। ২০২৬ সালের ‘সানডে টাইমস রিচ লিস্ট’ অনুযায়ী, তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১৫ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকা।শরণার্থী পরিবারের সন্তান থেকে বিশ্বখ্যাত তারকা ডুয়া লিপার উত্থানের গল্প তাই শুধু সংগীতের সাফল্য নয়, কঠিন বাস্তবতা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণেরও গল্প।