দীর্ঘ ১৯ বছর পর ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। নিতিন কাক্কার পরিচালিত এ সিনেমা গত ১৪ আগস্ট ভারতের ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপান টু’ সিনেমা নিয়ে মুক্তির আগেই নস্টালজিয়া তুঙ্গে ছিল। অগ্রিম টিকিট বিক্রিতেও ভালো সাড়া ফেলে এটি।
‘আওয়ারাপান টু’ মুক্তির পর দর্শক-সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোজে, ১০ জন সমালোচকের পর্যালোচনা প্রকাশ করেছে। এর মধ্যে ৫০ শতাংশ ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তারা দশে গড় রেটিং দিয়েছেন ৫.৮০।
দ্য সানডে গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক ভূমি ভাশিষ্ট অভিনেতা ইমরান হাশমির অভিনয়ের প্রশংসা করেছেন। হিন্দুস্তান টাইমসের ঋষভ সুরি, বলিউড হাঙ্গামা দশে সাড়ে তিন রেটিং দিয়েছেন। অন্যদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভ্রা গুপ্তা, এনডিটিভির রাধিকা শর্মা সিনেমাটিকে দশে আড়াই রেটিং দিয়েছেন। তাহলে ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে কত টাকা আয় করেছে—
বলিউড মুভি রিভিজ জানিয়েছে, ‘আওয়ারাপান টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে আয় করেছে ২২.৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ৩৩.৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ২২ কোটি রুপি (নিট)। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ১০৫.২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি ৮৪ লাখ টাকা)।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘আওয়ারাপান টু’ সিনেমা মুক্তির ৩ দিনে ভারতে আয় করেছে ৯৮ কোটি রুপি (নিট)। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ১১০.১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪১ কোটি ১৩ লাখ টাকা)।
‘আওয়ারাপান টু’ সিনেমার গল্পের পরিসর পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। থাইল্যান্ডের ব্যাংকককে পটভূমি করে মানবপাচার চক্রের কবল থেকে ছোট একটি মেয়েকে উদ্ধার অভিযানে নামে শিবম পণ্ডিত। বেরিয়ে আসে সশস্ত্র দুষ্কৃতিকারী, অপরাধজগতের ক্ষমতাশালী চরিত্র এবং বিশ্বাসঘাতকতার জটিল সমীকরণ। ফলে সিনেমাটির শুরু থেকে অ্যাকশন ও আবেগ প্যারালালি এগোতে থাকে।
সিনেমাটির ‘শিবম পণ্ডিত’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। ‘জারা’ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। তাছাড়াও বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন—শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি প্রমুখ। এটি প্রযোজনা করছেন ভিশেষ ভাট।