শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 14, 2026
August 14, 2026
বিনোদন
বিনোদন

কেমন আছেন জুনিয়র এনটিআর

Published: August 14, 2026 at 01:34 PM
কেমন আছেন জুনিয়র এনটিআর


কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। প্রশান্ত নীলের ‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন তিনি।

গত বৃহস্পতিবার তার অস্ত্রোপচার করা হয়। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। তবে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। জানা গেছে, সেকেন্দ্রাবাদের কেআইএমএস হাসপাতালে ভর্তি ছিলেন জুনিয়র এনটিআর। সেখানে তার কাঁধে আর্থ্রোস্কপিক অস্ত্রোপচার করা হয়। এই পদ্ধতিতে ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরাযুক্ত একটি যন্ত্র শরীরের নির্দিষ্ট অংশে প্রবেশ করিয়ে প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন অভিনেতা। সেখানে তিনি জানিয়েছেন, ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছায় তিনি ভীষণ আনন্দিত।

একই সঙ্গে চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। কঠিন সময়ে পরিবার, বন্ধু ও অনুরাগীরা যেভাবে পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়েছেন, তাতেও আবেগাপ্লুত জুনিয়র এনটিআর। দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফেরার আশ্বাস দিয়েছেন এই অভিনেতা।

প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন জুনিয়র এনটিআর। এর মধ্যেই সোমবার সন্ধ্যায় আচমকা কাঁধে চোট পান তিনি।

পরে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানান চিকিৎসকেরা। চিকিৎসক মধুসূদন রাও এবং চিকিৎসক আর এ পূর্ণচন্দ্র তেজস্বীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন অভিনেতা।

পুরোপুরি সুস্থ হওয়ার পরই কাজে ফিরবেন জুনিয়র এনটিআর। ফলে ‘ড্রাগন’-এর শুটিংয়েও তার ফেরার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে নির্মাতাদের।

প্রশান্ত নীল ও জুনিয়র এনটিআরের এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। ২০২২ সালে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। পরে ২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে শুরু হয় শুটিং। চলতি বছরের মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় সিনেমাটির প্রথম ঝলক।

‘ড্রাগন’ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ১১ জুন। সিনেমাটিতে জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর ও অংশুমান পুষ্করসহ আরও অনেকে।