বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 12, 2026
বিনোদন
বিনোদন

শুটিংয়ে কারও অসুবিধা হবে ভেবে কিছু খেতেন না জেনা ওর্তেগা

Published: August 12, 2026 at 10:45 AM
শুটিংয়ে কারও অসুবিধা হবে ভেবে কিছু খেতেন না জেনা ওর্তেগা

শিশুশিল্পী হিসেবে অভিনয়ের শুরুর দিনগুলোতে কাজের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধই যেন নিজের যত্ন নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল জেনা ওর্তেগার।  ‘ওয়েডনেসডে’খ্যাত এই হলিউড অভিনেত্রী জানিয়েছেন, শুটিং সেটে অন্যদের কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে- এমন আশঙ্কায় ছোটবেলায় অনেক সময় পুরো দিন না খেয়ে এবং পানি না চেয়েই কাটিয়ে দিতেন তিনি। সম্প্রতি ‘এস্কোয়ার’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে শৈশবের সেই অভিজ্ঞতার কথা জানান জেনা। তিনি বলেন, শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পাওয়াকে তিনি এতটাই সৌভাগ্যের বিষয় মনে করতেন যে সেটে নিজেকে সব সময় নিখুঁত ও নির্ভরযোগ্য প্রমাণ করার চেষ্টা করতেন। সেই সময়ের কথা স্মরণ করে জেনা বলেন, সেটে তার কারণে যেন কারও কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে তিনি ‘তীব্রভাবে’ সচেতন থাকতেন। এ কারণে কখনো কখনো পুরো দিন না খেয়ে কিংবা এক ফোঁটা পানি না চেয়েও কাটিয়ে দিতেন। তবে এখন সেই আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। বরং নিজের সেই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, অন্যদের সুবিধার কথা ভাবতে গিয়ে নিজের যত্ন না নেওয়াই ছিল তার ভুল।


সাক্ষাৎকারে শিশু তারকা হিসেবে নিজের পথচলার শুরুর কথাও জানান জেনা। মাত্র সাত বছর বয়সে বাবা-মাকে অভিনেত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। শুরুতে তার পরিবার বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও নিজের প্রবল ইচ্ছাশক্তি ও একগুঁয়েমির কারণে অভিনয়ের স্বপ্ন থেকে সরে আসেননি জেনা। মাত্র ১৩ বছর বয়সে ২০১৬ সালে ডিজনি চ্যানেলের সিরিজ ‘স্টাক ইন দ্য মিডল’-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। এরপর ‘জেন দ্য ভার্জিন’, ‘ইউ’ ও ‘রিচি রিচ’-এর মতো জনপ্রিয় সিরিজেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। তবে নেটফ্লিক্সের ‘ওয়েডনেসডে’ সিরিজে নামভূমিকায় অভিনয়ের পরই বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান জেনা ওর্তেগা। সিরিজটির সাফল্যের মধ্য দিয়ে হলিউডের অন্যতম আলোচিত তরুণ তারকা হিসেবে নিজের অবস্থান শক্ত করেন তিনি।