বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 12, 2026
বিনোদন
বিনোদন

অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়কের বিরুদ্ধে থানায় মামলা করলেন তরুণী

Published: August 12, 2026 at 10:43 AM
অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়কের বিরুদ্ধে থানায় মামলা করলেন তরুণী

অস্কারজয়ী গান ‌‘নাটু নাটু’-র খ্যাতিমান গায়ক এবং বিগ বস তেলেগু সিজন ৩-এর বিজয়ী রাহুল সিপলিগঞ্জের বিরুদ্ধে হুমকি, ব্ল্যাকমেল ও চরম মানসিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এমভিপি পুলিশ স্টেশনে এক তরুণী অভিযোগ এনে দাবি করেছেন যে, একটি বিবাহসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গায়ক এবং তার ভগ্নিপতিসহ মোট ১২ জন তাকে তীব্র হুমকি ও হয়রানি করেছেন।  পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও তথ্যপ্রযুক্তি (আইটি) আইনের বিভিন্ন প্রাসঙ্গিক ধারায় এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে।


টিভি৯ তেলেগুর একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অভিযোগকারী নারী পুলিশের কাছে দাবি করেছেন যে, রাহুল সিপলিগঞ্জের ভগ্নিপতি হিসেবে পরিচিত কার্পুরাপু রাহুল রেড্ডি গায়কের আত্মীয় পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরবর্তী সময়ে রেড্ডি ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন, যা তার আত্মসম্মান ও ব্যক্তিগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ ছাড়া এই মামলায় গায়ক রাহুল সিপলিগঞ্জের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি নিজে ওই নারীকে ভয়ভীতি দেখান এবং জোরপূর্বক একটি ভিডিও বিবৃতি ধারণ করতে বাধ্য করেন, যদিও সেই ভিডিওতে ঠিক কী বক্তব্য ছিল, তা এখনো স্পষ্ট নয়।


চাঞ্চল্যকর এই মামলার বিষয়ে এখন পর্যন্ত গায়ক রাহুল সিপলিগঞ্জের পক্ষ থেকে কোনো প্রকাশ্যে বক্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মামলার খবরটি প্রকাশ্যে আসার ঠিক আগের দিনই রাহুল তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উৎসবের পারিবারিক ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তেলেঙ্গানার ঐতিহ্যবাহী বোনালু উৎসব উপলক্ষে নিজ বাড়িতে পোথারাজুর সঙ্গে তাকে আনন্দে নাচতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, পোথারাজু যখন নাচে, তখন পুরো ঘর মা মহাকালীর শক্তিতে ভরে ওঠে; এটি কেবল একটি নৃত্য নয়, বরং এটি বাড়িতে মহাকালীর শক্তির প্রবেশ।


অভিযুক্ত গায়ক রাহুল সিপলিগঞ্জ তেলেগু চলচ্চিত্রশিল্পের এক পরিচিত সংগীতশিল্পী ও গীতিকার, যিনি ক্যারিয়ারের শুরুতে ইউটিউবে স্বতন্ত্র গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরবর্তীতে এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’-এর প্রখ্যাত সুরকার এম এম কিরাবাণীর সুরে এবং চন্দ্রবোসের কথায় ‘নাটু নাটু’ গানে কণ্ঠ দিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। কাল ভৈরব ও কিরাবাণীর সঙ্গে গাওয়া এই ঐতিহাসিক গানটি সেরা মৌলিক গান হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার জয় করে।


ঐতিহাসিক অস্কার সাফল্যের পর তেলেঙ্গানা সরকারের কাছ থেকে ১ কোটি রুপি পুরস্কার পান রাহুল। এরপর তিনি বিগ বস তেলেগু ৩-এ অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ব্যক্তিজীবনে তিনি ২০২৫ সালের আগস্টে হায়দরাবাদে হারিন্যা রেড্ডির সঙ্গে বাগদান সারেন এবং ওই বছরের নভেম্বরে তাদের বিয়ে সম্পন্ন হয়। 


সাম্প্রতিক সময়ে পবন কল্যাণের ‘হরি হারা বীরা মল্লু: পার্ট ১’ এবং মহেশ বাবুর ‘গুন্টুর কারাম’ চলচ্চিত্রে কণ্ঠ দেওয়া এই তারকার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে এখন বিশাখাপত্তনম পুলিশ গভীরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।