মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 04, 2026
August 04, 2026
বিনোদন
বিনোদন

জোর গুঞ্জন-সত্যি কী অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা?

Published: August 04, 2026 at 11:22 AM
জোর গুঞ্জন-সত্যি কী অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা?


দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অনেক দিন ধরে রুপালি জগত থেকে নিজেকে অনেকটা দূরে রেখেছেন। গত আট বছরে তার অভিনীত মাত্র পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। কোনো কোনো বছর তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। তার অভিনীত শেষ সিনেমা ২০২৪ সালে মুক্তি পায়।

গত বছরের সেপ্টেম্বরে মা হতে যাওয়ার ঘোষণা দেন ক্যাটরিনা কাইফ। একই বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন। এরপর থেকে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন তিনি। কয়েক মাস আগে জানা যায়, ক্যাটরিনা নতুন নতুন সিনেমার চিত্রনাট্য পড়ছেন।  খুব ভেবেচিন্তে তার পরবর্তী প্রকল্পের সিদ্ধান্ত নেবেন তিনি। ২০২৭ সালের শেষ দিকে নতুন সিনেমা বা অন্য কোনো প্রকল্পের শুটিং শুরু করতে পারেন।  এ-ও জানা যায় যে, ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা কাইফ। মা হওয়ার পর এমন চরিত্র খুঁজছেন, যা তার ব্যক্তিগত জীবন, পেশাগত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

 এরই মধ্যে নতুন করে জোর গুঞ্জন উড়ছে—অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আরো দাবি করা হয়, এই সিনেমার মাধ্যমে প্রায় দুই দশক পর তেলুগু সিনেমায় ফিরবেন। ফলে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। কিন্তু সত্যি কি অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা? 

ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়া ক্যাটরিনার ফেরার খবরের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট একটি সূত্র। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনের সত্যতা নাকচ করে সূত্রটি বলেন—“এগুলো সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।” বলিউড হাঙ্গামাকে সূত্রটি বলেন, “ক্যাটরিনা কাইফের ভবিষ্যৎ অভিনয় পরিকল্পনা নিয়ে যে দাবি করা হচ্ছে, তার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই। এসব প্রতিবেদন যাচাই-বাছাই ছাড়া, কেবল অনুমান ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।”

ঘোষণার পর থেকে ‘স্পিরিট’ সিনেমা নানা কারণে আলোচনায় রয়েছে। বিশেষ করে সিনেমাটির অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছে। গত কয়েক বছরে একাধিক তারকার নাম এই সিনেমার সঙ্গে জড়িয়েছে। এর আগে কারিনা কাপুর খান ও সাইফ আলী খানকেও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়া হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে সেসব বাস্তবে রূপ নেয়নি।

অভিনয়ে ফেরার খবর নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও মুখে কুলুপ এঁটেছেন ক্যাটরিনা কাইফ। তার স্বামী ভিকি কৌশলও বিষয়টি নিয়ে নীরব ভূমিকায় রয়েছেন।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’ চলচ্চিত্রে সর্বশেষ দেখা যায় ক্যাটরিনা কাইফকে। এটি পরিচালনা করেন শ্রীরাম রাঘবন। এতে তার সঙ্গে ছিলেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা বিজয় সেতুপতি।