বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 27, 2026
বিনোদন
বিনোদন

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

Published: July 27, 2026 at 12:49 PM
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল ভক্তদের জন্য সুখবর। আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি ৩১ জুলাই মুক্তি পেলেও, বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এটি দেখা যাবে ৩০ জুলাই থেকেই।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। স্পাইডার-ম্যান চরিত্রে ফিরছেন টম হল্যান্ড। এছাড়া জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলোর পাশাপাশি নতুনভাবে অভিনয় করেছেন ইমান এসফান্ডি, সেডি সিঙ্ক এবং জন বার্নথাল, যিনি আবারও ‘দ্য পানিশার’ চরিত্রে পর্দায় হাজির হয়েছেন।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় পিটার পার্কারকে দেখা যাবে এক নতুন বাস্তবতায়। নিজের পরিচয় গোপন রেখে নিউইয়র্ককে রক্ষা করতে গিয়ে তাকে নতুন শত্রু এবং কঠিন মানসিক লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। নির্মাতাদের দাবি, এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিন-এক্স প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরমিক ভিউতে আরও বিস্তৃত ও ভিন্নধর্মী সিনেমা দেখার অভিজ্ঞতা পাবেন।

এদিকে ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ট্রেইলারটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিও জোরেশোরে চলছে।