শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 21, 2026
বিনোদন
বিনোদন

ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ

Published: July 21, 2026 at 12:42 PM
ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ

ভারতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল সোমবার (২০ জুলাই) দিল্লিতে দলের ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি মুম্বাইয়েও বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটে। এ সময় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে আটক করে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের দাদারের চৈত্যভূমি এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশ ফাহাদকে আটক করে। ভিডিওতে ফাহাদকে বলতে শোনা যায়, ‘আমাকে কেন গ্রেপ্তার করছেন?’ স্বরার দাবি, তাঁকে ও অন্য কয়েকজন বিক্ষোভকারীকে মাহিম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আরেকটি ভিডিও প্রকাশ করে স্বরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে মুম্বাই পুলিশ। তিনি লেখেন, ‘এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ সমর্থকদের শান্তিপূর্ণভাবে চৈত্যভূমিতে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সিজেপির সমর্থনে চৈত্যভূমিতে জড়ো হওয়া কয়েকজনকে পুলিশ আটক করে। পুলিশের অভিযানে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে ঠিক কতজন আটক বা আহত হয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। আরও কয়েকজন তারকা। অভিনেত্রী ভূমি পেডনেকর বলেন, ‘সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়।’

অভিনেত্রী হুমা কুরেশি ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন বলপ্রয়োগ করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি সরকারের প্রতি আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুমা লেখেন, ‘আজকের দৃশ্যগুলো অনেক দিন আমার মনে থাকবে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন কঠোর শক্তি প্রয়োগ ও লাঠিপেটার ঘটনা দেখে আমি গভীরভাবে দুঃখ পেয়েছি। এই পরিস্থিতি আরও বেশি ধৈর্য, আরও বেশি মনোযোগ দিয়ে শোনা এবং আরও বেশি আলোচনার মাধ্যমে সামলানো যেত।


হুমা কুরেশি আরও লেখেন, ‘আমরা ভারতের জনগণ এই সরকারকে নির্বাচিত করেছি। তাই আজ আমাদের সবারই প্রশ্ন করার ও জবাবদিহি প্রত্যাশা করার অধিকার রয়েছে। আমরা একটি বিশাল ও বৈচিত্র্যময় দেশ। সব বিষয়ে আমাদের সবার মত এক হতে হবে না। তবে আমরা নিশ্চয়ই একমত হতে পারি যে, কোনো নাগরিকের বিরুদ্ধে বলপ্রয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথা মর্যাদার সঙ্গে শোনা উচিত। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, নন্দিতা দাস ও দিলজিৎ দোসাঞ্জ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা।

ইন্ডিয়া টুডে অবলম্বনে