শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 10, 2026
বিনোদন
বিনোদন

জিতের ছবি মুক্তি, পিছিয়ে গেল দেবের সিনেমা

Published: July 10, 2026 at 02:07 PM
জিতের ছবি মুক্তি, পিছিয়ে গেল দেবের সিনেমা

টালিউডে স্বাধীনতা দিবসকে ঘিরে বদলে গেল মুক্তির সমীকরণ। জিত অভিনীত নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তির দিন ঘোষণা হতেই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র মুক্তি।


জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসু নির্মিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। স্বাধীনতা সংগ্রামী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের জীবন অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল।

অন্যদিকে, একই সময়ে দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দেব লিখেছেন, ‘প্রতিটি যাত্রার একটা নিজস্ব সঠিক সময় থাকে। আপনাদের কাছে যাতে এই ছবি ভালোভাবে পৌঁছে দিতে পারি, তাই আপাতত ছবির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

ভক্তদের উদ্দেশে তিনি আরো লেখেন, ‘আমি জানি, আপনারা এই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু আরও কিছু দিন ধৈর্য ধরতে হবে।

এই অপেক্ষা আপনাদের জন্য সুখেরই হবে।’

দুটি ছবিরই প্রযোজক প্রদীপ কুমার নন্দী। মুক্তির তারিখ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির সব ধরনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তাই নির্ধারিত সময়েই এটি মুক্তি পাচ্ছে। তবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র পোস্ট-প্রোডাকশনের কাজ এখনও চলমান।

সেই কারণেই ছবিটির মুক্তি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, টালিউডে একই সময়ে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি এড়িয়ে চলার বিষয়ে প্রযোজক ও পরিবেশকদের মধ্যে আগে থেকেই একটি সমঝোতা রয়েছে। কয়েক মাস আগে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, মুক্তির সূচি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে কোনো ছবির ব্যবসা অন্য ছবির কারণে ক্ষতিগ্রস্ত না হয়। 

দেবের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে সেই সমঝোতারও প্রভাব রয়েছে কি না, তা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করেননি।