শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 10, 2026
বিনোদন
বিনোদন

২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা একটু পাগলই

Published: July 10, 2026 at 02:05 PM
২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা একটু পাগলই


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার পরবর্তী সিনেমা ‘মায়সা’। রবীন্দ্র পুল নির্মিত এ সিনেমার আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়েছেন এই অভিনেত্রী।  

নির্মাতাদের দাবি, ভারতের প্রথম নারী-কেন্দ্রিক আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স এটি, যেখানে কোনো অ্যাকশন ডাবলের সাহায্য না নিয়ে নিজেই সব স্টান্ট করেছেন রাশমিকা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, এই দৃশ্যের শুটিং শেষ করতে দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়েছেন রাশমিকা। 

সোশ্যাল মিডিয়ায় রাশমিকার শুটিংয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে পরিচালক লেখেন, “ভারতের প্রথম নারী-কেন্দ্রিক আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স, আর এটি করেছেন রাশমিকা মান্দানা। সমুদ্রপৃষ্ঠের সীমা কখনো ছিল না। গভীর জলের নিচে এমন এক যুদ্ধ অপেক্ষা করছে, যা ভারতীয় সিনেমায় আগে কখনো দেখা যায়নি। সেই তাণ্ডবের সাক্ষী হতে প্রস্তুত হোন।” 

রাশমিকা মান্দানাও এই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। এটিকে নিজের ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন। এ অভিনেত্রী লেখেন, “আমি কিছুদিন সবার চোখের আড়ালে ছিলাম। আসলে আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এখন পর্যন্ত এটাই সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে! আমরা হয়তো একটু পাগলই। কিন্তু এই পাগলামি আমাকে ভীষণ রোমাঞ্চিত করছে!” 

আদিবাসী অঞ্চলের পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘মায়সা’ সিনেমার গল্প। আবেগঘন অ্যাকশন-থ্রিলারটি রাশমিকা মান্দানার প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র। এটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।