শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 06, 2026
বিনোদন
বিনোদন

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খুনসুটি নিয়ে পর্দায় ‘আমাদের বিশ্বকাপ’

Published: July 06, 2026 at 10:38 AM
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খুনসুটি নিয়ে পর্দায় ‘আমাদের বিশ্বকাপ’

ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আবেগ, খুনসুটি ও মজার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমাদের বিশ্বকাপ’। খেলার মাঠের বাইরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের সামাজিক ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনই এই নাটকের মূল উপজীব্য। নাটকে দুই দলের সমর্থকদের তর্ক-বিতর্ক, হাস্যরসাত্মক খোঁচা এবং আবেগঘন মুহূর্তগুলো তুলে ধরেছেন নির্মাতা মহিদুল মহিম। তবে গল্পের শেষ বার্তা স্পষ্ট- খেলা জীবনের অংশ হলেও সম্পর্ক ও মানবিক বন্ধন তার চেয়েও অনেক বড়। নির্মাতা মহিদুল মহিম বলেন, “বিশ্বকাপ এলেই পরিবার ও এলাকাভিত্তিক আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে যে মজার লড়াই শুরু হয়, সেটাই আমরা গল্পে তুলে ধরেছি। শেষদিকে আমরা দেখাতে চেয়েছি, খেলার চেয়ে সম্পর্ক ও জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ।” পুরান ঢাকার বিভিন্ন লোকেশন এবং উত্তরা এলাকার একটি বাড়িতে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিংয়ে অভিনয়শিল্পীরা আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি, পতাকা, রঙিন পোশাকসহ নানা অনুষঙ্গ ব্যবহার করেছেন, যা নাটকে বাড়তি রঙ যোগ করেছে।


শুটিং অভিজ্ঞতা নিয়ে নির্মাতা জানান, সবচেয়ে মজার বিষয় ছিল বাস্তবে যারা আর্জেন্টিনা সমর্থক, তাদের ব্রাজিল সমর্থকের চরিত্রে অভিনয় করতে হয়েছে। একইভাবে ব্রাজিল সমর্থকদেরও আর্জেন্টিনার ভূমিকায় দেখা গেছে, যা সেটে তৈরি করেছে হাস্যরসাত্মক পরিবেশ। নাটকটি বিশ্বকাপের আবহে দর্শকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, সাইদুর রহমান পাভেল, নাদের চৌধুরী ও জীবনসহ অনেকে। নাটকটি মুক্তি পেয়েছে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।