২ উইকেটে ১৩৪ থেকে ২২৭ রানে থামলো বাংলাদেশ

২ উইকেটে ১৩৪ থেকে ২২৭ রানে থামলো বাংলাদেশ প্রথম উইকেট চলে যায় ১৬ রানে। এরপর শতাধিক রানের জুটি। তবুও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দল। ২ উইকেটে ১৩৪ থেকে বাংলাদেশ থামে ২২৭ রানে। বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে ২২৮ রানের লক্ষ্য দেয় নিগার সুলতানা জ্যোতির দল। শুরুতেই ফেরেন সোবহানা মোস্তারি (৬)। প্রথম উইকেটের পতনের পর ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক-শারমিন আক্তার। ফারজানা ৪২ রানে আউট হলে ভাঙে জুটি। ফারজানার আউটের পর ফেরেন ফিফটি হাঁকানো শারমিন আক্তারও। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। এরপর শুরু হয় উইকেটের মিছিল। কোনো ব্যাটারই লম্বা ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খানের (২৩) ব্যাটে ভর করে দুইশ পার করতে পারে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ৫ রান করেন। ১৫ রান আসে রিতু মণির ব্যাট থেকে। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর পেরোতে পারেনি। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আলিয়াহ অ্যালিয়েন। এছাড়া ২ উইকেট করে নেন হ্যালি ম্যাথুস-আফি ফ্লেচার।
রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবেই, বিশ্বাস মার্সেলোর

রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবেই, বিশ্বাস মার্সেলোর এক শতাংশ সম্ভাবনাকে একশ শতাংশতে পরিণত করেছিল রিয়াল মাদ্রিদ। বার বার ঘুরে দাঁড়ানোর উজ্জ্বল ইতিহাস রয়েছে তাদের। এই ইতিহাসের সাক্ষী ক্লাবটির কিংবদন্তি মার্সেলোও। সবসময়ের মতো এবারও আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াবে নিজের সাবেক ক্লাব। এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে পিছিয়ে আছে তারা। সেমিফাইনাল থেকে অনেকটাই দূরে থাকলেও প্রত্যাবর্তন করবে ক্লাবটি, এমনটাই জানান মার্সেলো। মেক্সিকোর ক্লাবে খেলা এই ফুটবলার ইএসপিএনকে বলেন, ‘রিয়াল মাদ্রিদেক কখনোই বিবেচনার বাইরে রাখা যাবে না। যদিও তিন গোল মানে অনেক বড় কিছু। তবে রিয়াল মাদ্রিদকে ভাবনায় রাখতেই হবে এবং আমার পূর্ণ বিশ্বাস আছে, তারা ঘুরে দাঁড়াবে। রিয়াল মাদ্রিদ কেবল রিয়াল মাদ্রিদই এবং তারা সবসময় ঘুরে দাঁড়ায়। ’ঘরের মাঠেই আর্সেনালকে আতিথ্য দেবে রিয়াল। আর সান্তিয়াগো বার্নাব্যুতে ভক্তদের পাশাপাশি পরিবেশ হবে তাদের নাগালেই। এখানেই হয়েছে অনেক প্রত্যাবর্তন। তাইতো আর্সেনালের বিপক্ষেও রিয়ালের ঘুরে দাঁড়ানোয় আত্মবিশ্বাসী মার্সেলো। তিনি বলেন, ‘ফিরতি লেগ হচ্ছে বার্নাব্যুতে। সমর্থকেরা দারুণ প্রেরণা জোগাবে এবং ফুটবলাররা আত্মবিশ্বাসী যে, তারা পারবে। অবশ্যই আমরা জানি না, মাঠে ফলাফল কী হবে। তবে আমাদের সবটুকু বিশ্বাস আছে, রিয়াল মাদ্রিদ পারবে ঘুরে দাঁড়াতে। ’
ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাবের মালিকানা কিনলেন মদ্রিচ

ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাবের মালিকানা কিনলেন মদ্রিচ রিয়াল মাদ্রিদের মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন কাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদ্রিচ। এর মধ্যে কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন। আর ক্রুস নিয়েছেন অবসর। তবে লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৯ বছর বয়সেও মাঠ মাতিয়ে যাচ্ছেন মদ্রিচ। তবে থামতে হবে তাকেও। তার আগেই একটি ক্লাবের মালিকানা কিনেছেন ক্রোয়াট তারকা। মাঠের ক্যারিয়ার শেষ করেও যে ফুটবলে থাকছেন মদ্রিচ, তা নিশ্চিত হওয়া গেল এখনই। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপের একটি ক্লাবের মালিকানা কিনেছেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। সোয়ানসি নামক ক্লাবটি অবশ্য সুবিধাজনক স্থানে নেই। ৪২ ম্যাচ শেষে তারা ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশ নম্বরে। মদ্রিচ ছাড়াও এই ক্লাবটির মালিকানায় রয়েছেন অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন। তবে কে কত শতাংশের মালিক, তা এখনও জানা যায়নি। মূলত গত নভেম্বরে পরিবর্তন হয় ক্লাবের মালিকানা। যে কারণে ক্লাব এখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। যার ছাপ পড়েছে খেলাতেও।
হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ আট দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। ঐতিহাসিক সেই আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)। বিশ্বকাপে আমন্ত্রণের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’ বিশ্বকাপের অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের কোন স্পনসর বা আর্থিক সহায়তা নেই বলে জানান মহসিন, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোন স্পনসর নেই। আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের মাটিতে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে লাহোর এবং ফয়সালাবাদের ভেন্যুতে। বাংলাদেশ ছাড়াও এই বিশ্বকাপে অংশ নিবে স্বাগতিক পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলংকা, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের একটি দল পাঠাবে। যেখানে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং এক জন আম্পায়ার থাকবে।
জয়ের ধারা অব্যাহত রাখতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

জয়ের ধারা অব্যাহত রাখতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা শুরু করে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে নামবে নিগার সুলতানার দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারায় থাইল্যান্ড নারী দলকে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় টাইগ্রেসদের। এছাড়াও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বহু রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ফারজানা হক ৫৩ ও শারমিন আকতার ৯৪ রানে অপরাজিত থাকেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮০ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন নিগার। অধিনায়ক নিগারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। এরপর বল হাতে থাইল্যান্ডকে ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা। ফাহিমা খাতুন ২১ রানে এবং জান্নাতুল ফেদৌস ৭ রান খরচায় নেন ৫ উইকেট নেন। নারী ওয়ানডেতে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। দারুন জয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে খুশি বাংলাদেশ দলনেতা নিগার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’ বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হারে তারা। প্রথমে ব্যাট করে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।
বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, দর্শকের পছন্দে শীর্ষে ঋতুপর্ণা

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, দর্শকের পছন্দে শীর্ষে ঋতুপর্ণা ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট হিসেবে নির্বাচিত হয়েছেন নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয় দেশের খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রের সেরা ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের। বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার) নির্বাচিত হওয়ার দৌড়ে মিরাজ পেছনে ফেলেন সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা ও অলিম্পিক কোয়ালিফায়ার আর্চার সাগর ইসলামকে। অন্যদিকে ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’-এর লড়াইয়ে ঋতুপর্ণা এগিয়ে যান মিরাজ ও পেসার নাহিদ রানার চেয়ে। সম্মাননা পেলেন যারা বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার): মেহেদী হাসান মিরাজ (চ্যাম্পিয়ন – ক্রিকেট) ঋতুপর্ণা চাকমা (রানারআপ – ফুটবল) সাগর ইসলাম (রানারআপ – আর্চারি) পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: ঋতুপর্ণা চাকমা (ফুটবল) অন্যান্য বিভাগে বিজয়ীরা: বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা বর্ষসেরা আর্চার: সাগর ইসলাম বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড): জহির রায়হান উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট) বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড় বর্ষসেরা দলগত সাফল্য: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল সক্রিয় সংস্থা: যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি) তৃণমূল ক্রীড়াব্যক্তিত্ব: বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি) বর্ষসেরা সংগঠক: মো. ইমরুল হাসান (সভাপতি, বসুন্ধরা কিংস) বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (২০১০ এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক) বিজয়ীদের প্রতিক্রিয়া বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার পর মিরাজ বলেন, “বিএসপিএ প্রতি বছর যে সুন্দর আয়োজন করে, তার জন্য ধন্যবাদ। এখানে এসে বিভিন্ন খেলার খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়, কথা হয়—এই বিষয়টি আমাকে ভীষণ আনন্দ দেয়। ” অন্যদিকে ঋতুপর্ণা ভিডিও বার্তায় জানান, “খেলার জন্য ভুটানে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি, তবে এই সম্মাননা আমাকে আগামীতে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। বিএসপিএকে আন্তরিক ধন্যবাদ। “ আয়োজক ও অতিথিদের বক্তব্য বিএসপিএ (বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন) ১৯৬৪ সাল থেকে ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি দিয়ে আসছে। এবারের আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী প্রমুখ। নিজের বক্তব্যে আসিফ মাহমুদ বলেন: “এই আয়োজন ক্রীড়াঙ্গনে আশার আলো জাগাবে। আমরা বাজেট বৃদ্ধিসহ ক্রীড়াক্ষেত্রে গঠনমূলক পরিবর্তনে কাজ করছি। ” অঞ্জন চৌধুরী বলেন, “বিএসপিএ’র পাশে আমরা আছি, থাকবো। বিশেষ করে জেলার খেলাধুলার উন্নয়নে আরও মনোযোগী হওয়া জরুরি। “
পিএসএলের প্রাইজমানির তালিকা প্রকাশ শুরু আজ থেকে

পিএসএলের প্রাইজমানির তালিকা প্রকাশ শুরু আজ থেকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণ। তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রাইজমানি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। ৬ দলের এই টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পুরস্কারের আর্থিক মূল্য প্রকাশ করেছে পিসিবি। চ্যাম্পিয়ন দল ৫ লাখ ডলার বা ৬ কোটি টাকার বেশি এবং রানার্স-আপের জন্য বরাদ্দ ২ লাখ ডলার বা প্রায় আড়াই কোটি টাকা। আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথম ম্যাচে শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স মুখোমুখি হবে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের।
আইপিএলে ইতিহাস গড়লেন কোহলি

আইপিএলে ইতিহাস গড়লেন কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে বাউন্ডারির দিক দিয়ে আগেই শীর্ষে ছিলেন বিরাট কোহলি। এবার নতুন এক মাইলফলকে পৌঁছে গড়লেন অনন্য রেকর্ড। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার বাউন্ডারি হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি। ২৫৭ ম্যাচে তার সংগ্রহ ৭২১ চার ও ২৭৯ ছক্কা। চলতি আইপিএলের পঞ্চম ম্যাচে ঘরের মাঠে দিল্লির বিপক্ষে ১৪ বল মোকাবেলায় ১ চার ও ২ ছক্কায় ২২ রান করে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। ম্যাচ শুরুর আগে তার প্রয়োজন ছিল মাত্র দুটি বাউন্ডারি। আইপিএলের বাউন্ডারি তালিকায় কোহলির পেছনে রয়েছেন শিখর ধাওয়ান ৯২০, ডেভিড ওয়ার্নার ৮৯৯ ও রোহিত শর্মা ৮৮৫।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ওয়ানডে ক্যারিয়ারে আজ বৃহস্পতিবারের আগ পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসব ম্যাচে অনেক অর্জন থাকলেও আক্ষেপ রয়ে যায় একটি সেঞ্চুরির। অবশেষে আজ সেই আক্ষেপ ঘুচলো ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের। বৃহস্পতিবার ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচেই তিন অংকের ম্যাজিক সংখ্যায় পৌঁছান জ্যোতি। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৩ উইকেটে ২৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওয়ানডেতে এটিই টাইগ্রিসদের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানের মাথায় ওপেনার ইশমা তানজিম (১৩ বলে ৮) আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ১০৪ রানের জুটি করেন জ্যোতি। ৮২ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরত যান ফারজানা। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে সঙ্গে স্বপ্ন পূরণের দিকে ছুটতে থাকেন জ্যোতি। এ উইকেটে ১৫২ রানের জুটি করেন জ্যোতি ও ফারজানা। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন জ্যোতি। শেষ পর্যন্ত ৮০ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন নারী দলের অধিনায়ক। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ হয়নি শারমিনের। ১২৬ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি।
১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে: ৬টি করে দল পুরুষ ও নারী বিভাগে

১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকে: ৬টি করে দল পুরুষ ও নারী বিভাগে ২০২৮ সালের ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে’ পুরুষ ও নারী উভয় বিভাগেই টি-টোয়েন্টি ফরম্যাটে অংশ নেবে ছয়টি করে দল। অলিম্পিকে নতুন যে পাঁচটি খেলার সংযোজন হয়েছে, তার মধ্যে ক্রিকেট অন্যতম। প্রতিটি দল ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে অংশ নেবে। অলিম্পিক কমিটির প্রকাশিত অফিসিয়াল সূচি অনুযায়ী, পুরুষ ও নারী উভয় বিভাগের জন্যই বরাদ্দ থাকবে ৯০ জন করে খেলোয়াড়ের কোটা। তবে এখনো ঠিক হয়নি কোন নিয়মে দলগুলো অলিম্পিকে জায়গা পাবে কিংবা বাছাই প্রক্রিয়া কেমন হবে। যেহেতু যুক্তরাষ্ট্র এবারের আয়োজক দেশ, তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে বাকি দলগুলোর জন্য সুযোগ কমে যাবে। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কারা খেলবে সেটিও এখনো স্পষ্ট নয়। কারণ, অলিম্পিকে ক্যারিবীয় দ্বীপগুলো আলাদা আলাদা দেশ হিসেবে অংশ নেয়। যেমনটা তারা কমনওয়েলথ গেমসেও করে। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারী টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিল বার্বাডোস। তারা ছিল তখনকার আঞ্চলিক টুর্নামেন্ট ‘টোয়েন্টি-টোয়েন্টি ব্লেজ’-এর চ্যাম্পিয়ন। ক্রিকেটের অলিম্পিকে ফেরা হলো বহু বছর পর। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট ছিল। এরপর দীর্ঘদিন বাদে ২০২৩ সালের অক্টোবর মাসে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে আবার অন্তর্ভুক্ত করা হয়। আগেই জানা গিয়েছিল, ‘এলএ অলিম্পিকে’ দলগত খেলাগুলোতে ছয়টি করে দল খেলবে — পুরুষ ও নারী উভয় বিভাগেই। এবার সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের প্রস্তাবে বলেছিল, নির্ধারিত একটি সময় পর্যন্ত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল বাছাই করা যেতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই তা চূড়ান্ত হবে। যুক্তরাষ্ট্রের মতো দল, যারা এখনো আইসিসির পূর্ণ সদস্য নয়, তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের অক্টোবরে আইওসি’র ক্রীড়া পরিচালক কিট ম্যাককনেল বলেছিলেন, ‘‘সাধারণত আয়োজক দেশগুলো দলগত খেলায় একটি দল দেয়। এরপর বাকি দলগুলো নির্ধারিত হয় বিশ্ব শক্তি ও আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্য বিবেচনায়। কোটা অনুযায়ী এ ভারসাম্য বজায় রাখাই আমাদের লক্ষ্য।’’