৪৮ বছর পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে ভারতের ৫ টেস্টের সিরিজ

৪৮ বছর পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে ভারতের ৫ টেস্টের সিরিজ দীর্ঘ ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী বছরের জানুয়ারি-মার্চে এই সিরিজ অনুষ্ঠিত হবে। এই সিরিজ দিয়ে ঘরের মাঠে ২০২৬-২৭ মৌসুমের সমাপ্তি টানবে ভারত। এর আগে ১৯৭৯ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে ভারত। ২৭ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে এবং ৬ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর শ্রীলংকার বিপক্ষে ১৩ ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে এবং ২২ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। ২০২৭ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। যা ২১ জানুয়ারি থেকে শুরু হবে। ২১ জানুয়ারি থেকে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। এরপর চেন্নাইয়ে ২৯ জানুয়ারি থেকে দ্বিতীয়, গৌহাটিতে ১১ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ও রাঁচিতে ১৯ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে। আহমেদাবাদে ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ২০২৬-২৭ মৌসুমে ভারতের ঘরের মাঠে আন্তর্জাতিক সূচি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে : ২৭ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে, তিরুবন্তপুরম ৩০ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, গৌহাটি ৩ অক্টোবর : তৃতীয় ওয়ানডে, নয়া চন্ডীগড় ৬ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি, লক্ষ্মৌ ৯ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি, রাঁচি ১১ অক্টোবর : তৃতীয় টি-টোয়েন্টি, ইন্দোর ১৪ অক্টোবর : চতুর্থ টি-টোয়েন্টি, হায়দারাবাদ ১৭ অক্টোবর : পঞ্চম টি-টোয়েন্টি, ব্যাঙ্গালুরু শ্রীলংকার বিপক্ষে: ১৩ ডিসেম্বর : প্রথম ওয়ানডে, নয়া দিল্লি ১৬ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ব্যাঙ্গালুরু ১৯ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, আহমেদাবাদ ২২ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি, রাজকোট ২৪ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, কটক ২৭ ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, পুনে জিম্বাবুয়ের বিপক্ষে : ৩ জানুয়ারি : প্রথম ওয়ানডে, কোলকাতা ৬ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে, হায়দারাবাদ ৯ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে, মুম্বাই অস্ট্রেলিয়ার বিপক্ষে: ২১-২৫ জানুয়ারি : প্রথম টেস্ট, নাগপুর ২৯ জানুয়ারি-২ ফেব্রুয়ারি : দ্বিতীয় টেস্ট, চেন্নাই ১১-১৫ ফেব্রুয়ারি : তৃতীয় টেস্ট, গুয়াহাটি ১৯-২৩ ফেব্রুয়ারি : চতুর্থ টেস্ট, রাঁচি ২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ : পঞ্চম টেস্ট, আহমেদাবাদ

মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবার এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। এবার তার প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে ইন্টার মায়ামি। ক্লাবের নতুন স্টেডিয়াম-এর একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে পরিচিতি পাবে। সাধারণত কোনো কিংবদন্তিকে সম্মান জানানো হয় তার অবসরের পর, কিন্তু মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি। জীবিত ও সক্রিয় অবস্থাতেই নিজের নামে নিজের নামে এমন স্ট্যান্ড বিশ্ব ফুটবলে এক বিরল ঘটনা। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, এটি শুধুই একটি নামকরণ নয়, বরং বর্তমানের অসাধারণ এক যাত্রার স্বীকৃতি। মেসি মাঠে নামলে যে আবেগ সৃষ্টি হয়, সেই অনুভূতিকেই স্থায়ী রূপ দিতেই এই উদ্যোগ। বিবৃতিতে আরও লেখা হয়েছে, কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সব সময় কোনো অধ্যায়ের সমাপ্তি টানা নয়। স্টেডিয়ামের নিচের অংশের ১১৭ থেকে ১২১ এবং ওপরের অংশের ২১৭ থেকে ২২৩ নম্বর সেকশন নিয়ে গঠিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’। এখান থেকে খেলা দেখার অভিজ্ঞতা ভক্তদের জন্য হবে আরও ব্যতিক্রমী ও স্মরণীয়। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দলটিকে বদলে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। প্রথম মৌসুমেই জেতান লিগস কাপ, এরপর ধারাবাহিক সাফল্যে দল পায় সাপোর্টার্স শিল্ড এবং অবশেষে জিতে নেয় এমএলএস কাপ। এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়ে ক্লাবটি। ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল মেসি। টানা দুই মৌসুমে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতে গড়েছেন নতুন ইতিহাস। গোল ও সহায়তায়ও তিনি ক্লাবের সেরা, যা তার প্রভাবের স্পষ্ট প্রমাণ। আগামী ৪ এপ্রিল নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচেই উন্মোচিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে অস্টিন। সেই ম্যাচে স্ট্যান্ডে বসা সমর্থকদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন, যা আরও বাড়িয়ে দেবে এই ঐতিহাসিক মুহূর্তের আবেগ।

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেদারল্যান্ডস কোচ

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেদারল্যান্ডস কোচ নরওয়ের বিপক্ষে গ্তকাল অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২-১ গোলে জয়ী হয়েছে নেদারল্যান্ডস। দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ রোনাল্ড কুমান। তার মতে, যোগ্য দল হিসেবে তারা জয়ের স্বাদ পেয়েছে। তবে অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক আরও উন্নতির সুযোগ দেখছেন। ম্যাচে নরওয়ে প্রথম গোল করেন আন্দ্রেয়াস শেইলদ্রুপ। সমতায় ফেরান ফন ডাইক এবং ব্যবধান গড়ে দেন টিজানি রেইন্ডার্স। ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় ডাচরা। ৪৮ শতাংশ পজেশন থাকা দলটি ১৫টি শট নেয়ার মধ্যে ৭টি লক্ষ্যভেদে সফল হয়। নরওয়ের পক্ষে ৫টি শট লক্ষ্যভেদে গেছে ৩টি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমান বলেন, ‘খুবই শক্তিশালী দলের বিপক্ষে দারুণ একটি ম্যাচ খেলেছি আমরা। নরওয়েকে হারাতে আমাদের যোগ্য দল হিসেবে খেলতে হয়েছে। পুরো ম্যাচের দিকে তাকালে, জয়ের যোগ্য আমরা।’ ফন ডাইক বলেন, ‘এখনও অনেক কাজ করতে হবে। কিছু সময় খেলাটা ভালো হয়েছে, কিছু সময় খারাপও। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। যোগ্য দল হিসেবে জিতেছি, কিন্তু উন্নতির জায়গা এখনও আছে।’ নেদারল্যান্ডস বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী মঙ্গলবার তারা মুখোমুখি হবে একুয়েডরের, এরপর আলজেরিয়ার বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে। জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে থাকবে, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া ও পোল্যান্ড অথবা সুইডেন।

ফিফার র‍্যাংকিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত ?

ফিফার র‍্যাংকিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত ? বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার ভিয়েতনামের কাছে বড় হারে র‍্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ১৮০ থেকে লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান অবস্থান এখন ১৮১তম। অবনমন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর দুই ধাপ নিচে নেমে সাত নম্বরে চলে গেছে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের এই পতনের সুযোগ নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর ছয়ে উঠেছে নেদারল্যান্ডস। অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে ১৮৭৩.৯৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসে ফ্রান্স। র‍্যাংকিংয়ের গত হালনাগাদে ম্যাচ না খেলায় আর্জেন্টিনা তিনে নেমে গিয়েছিল। তবে শনিবার ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর আর্জেন্টিনার পয়েন্টেও যোগ হয়েছে নতুন মাত্রা। এই জয়ের ফলে আলবিসেলেস্তেদের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ঠিক ১৮৭৩.৯৬-যা ফ্রান্সের সমান। ফলে দুই নম্বর স্থানটি নিয়ে এখন দুই দলের মধ্যে চলছে সমানে সমান লড়াই। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি নিজের দখলেই রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন না হলেও ৭ থেকে ১০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে অবস্থান করছে মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। উল্লেখ্য, ফিফা এখন প্রথাগত পদ্ধতির বদলে লাইভ আপডেট চালু করেছে। ফলে প্রত্যেক ম্যাচ শেষেই র‍্যাংকিং স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়।

আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন ধোনি

আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন ধোনি আইপিএলের নতুন আসর শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস। দলের অভিজ্ঞ কিপার-ব্যাটার মাহেন্দ্র সিং ধোনি চোটের কারণে শুরুতেই মাঠে নামতে পারছেন না। আজ সকালে সামাজিক মাধ্যমে চেন্নাই সুপার কিংস জানায়, পায়ের পেশিতে চোট পাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। আজ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। চেন্নাই তাদের প্রথম ম্যাচ খেলবে সোমবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এরপর প্রথম দুই সপ্তাহে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। গত আসরে চেন্নাইয়ের হয়ে সবকটি ম্যাচেই খেলেছিলেন ধোনি। তবে বেশির ভাগ সময়ই ব্যাট হাতে নামতেন নিচের দিকে। ধোনির অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্বে দেখা যেতে পারে সদ্য দলে যোগ দেওয়া সাঞ্জু স্যামসনকে। এছাড়া বিকল্প হিসেবে রয়েছেন আক্রমণাত্মক ব্যাটার উর্ভিল প্যাটেল। দলে আছেন তরুণ কিপার-ব্যাটার কার্তিক শর্মাও, তিনি এবারের নিলামে বড় অঙ্কে দলে ভিড়েছেন এবং ঘরোয়া ক্রিকেটে তার মারকুটে ব্যাটিংয়ের জন্য ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। এর আগে আরও একটি ধাক্কা খেয়েছে চেন্নাই। অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিস চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে।

আইপিএল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু-হায়দরাবাদ

আইপিএল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু-হায়দরাবাদ আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর নতুন আসর। উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিরোপা ধরে রাখার দায়িত্বে রয়েছেন বিরাট কোহলি, রজত পতিদারদের মতো তারকা ক্রিকেটাররা। তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদে ঈশান কিষান, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেনরা রয়েছে। প্রতি মৌসুমেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, তবে এবার সেই আয়োজন বাতিল করা হয়েছে। ২০২৫ সালে আইপিএল ট্রফি জয়ের প্যারেডে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দুর্ঘটনায় ১১ সমর্থক মারা গিয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি এবং ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করা হবে। উভয় দলই চোটের সমস্যায় ভুগছে। খেলতে পারবেন না প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতো তারকা পেসাররা। তবে ব্যাটিংয়ে তাদের শক্তি কম নয়। ব্যাঙ্গালুর ভরসা রাখছে বিরাট কোহলি, ফিল সল্ট, জ্যাকব বেথেল ও বেঙ্কটেশ আইয়ারদের উপর। আর হায়দরাবাদের মূল অস্ত্র ঈশান কিষান, ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। উদ্বোধনী ম্যাচটি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে খেলা শুরু হবে।

বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মানছেন না ভিনিসিউস জুনিয়র

বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মানছেন না ভিনিসিউস জুনিয়র আসন্ন বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট হিসেবে দেখছেন না ভিনিসিউস জুনিয়র। তবে শিরোপার লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। এরপর প্রতিটি বিশ্বকাপেই ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়ে নামলেও সফল হতে পারেনি তারা। সামনে আরেকটি বিশ্বকাপকে ঘিরে আবারও আলোচনায় সেলেসাওদের সম্ভাবনা। বিশ্বকাপের আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। সাম্প্রতিক পারফরম্যান্স ও দলের গভীরতায় অনেক দলকে ফেবারিট ধরা হলেও নিজেদের সেই তালিকায় রাখছেন না ভিনিসিউস। তার ভাষায়, সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে ব্রাজিল ফেবারিট নয়। তবে দলের ইতিহাস ও জার্সির মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তারা। এদিকে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্রাজিল। দল নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও কোচের কৌশলের প্রশংসা করেছেন ভিনিসিউস। তিনি বলেন, কোচ দলের ওপর থেকে চাপ কমিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই তারকা। ৪৩ ম্যাচে করেছেন ১৭ গোল, সঙ্গে আছে ৮টি সহায়তা। তবে জাতীয় দলে সেই পারফরম্যান্স ধরে রাখতে না পারার আক্ষেপ রয়েছে তার। আসন্ন বিশ্বকাপে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চান তিনি। বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৮ মে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এশিয়া কাপে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবার বাংলাদেশের সোনা জয়

এশিয়া কাপে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবার বাংলাদেশের সোনা জয় থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ এ পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে এই সাফল্য পায় লাল-সবুজের প্রতিনিধিরা। হিমু বচ্চার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল শুরু থেকেই এগিয়ে ছিল। প্রথম সেটে তারা ৫৭ পয়েন্ট তুললে ভিয়েতনাম পায় ৫৫। এরপর পুরো ম্যাচেই লিড ধরে রাখে বাংলাদেশ। চতুর্থ সেটে ভিয়েতনামের চেয়ে এক পয়েন্ট কম পেলেও মোট ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ সেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট সংগ্রহ করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। এই জয়ের মাধ্যমে এশিয়া কাপে পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতল বাংলাদেশ। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বাইরে কম্পাউন্ড ইভেন্টে এটিই বাংলাদেশের প্রথম স্বর্ণ। বাংলাদেশ আর্চারি দলের সহকারী কোচ নূর এ আলম জানান, এর আগে ২০২১ সালে দক্ষিণ কোরিয়া ও ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষ দলগত ইভেন্টে রুপা জিতেছিল বাংলাদেশ। এই স্বর্ণপদক হিমু, আইশ্বর্য ও রাকিব তিন আর্চারেরই প্রথম আন্তর্জাতিক স্বর্ণ। এর আগে হিমু দক্ষিণ কোরিয়া ও ইরাকে রুপা জয়ী দলে ছিলেন, আর রাকিব ইরাক আসরে রুপা জিতেছিলেন।

হায়দরাবাদ কিংসমেনকে উড়িয়ে মোস্তাফিজ-ইমনদের পিএসএল শুরু

হায়দরাবাদ কিংসমেনকে উড়িয়ে মোস্তাফিজ-ইমনদের পিএসএল শুরু শিরোপা ধরে রাখার মিশনে চ্যাম্পিয়ন দলের মতোই নতুন পিএসএল শুরু করল লাহোর কালান্দার্স। এই টুর্নামেন্টের নতুন দল হায়দরাবাদ কিংসমেনকে উদ্বোধনী ম্যাচে রীতিমতো উড়িয়েই দিল মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল রাতের ম্যাচে কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে কালান্দার্স। আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল পুঁজি দাঁড় করায় গত আসরের চ্যাম্পিয়নরা। জবাবে ১৩০ রানে গুটিয়ে যায় এবারই প্রথম পিএসএল খেলতে আসা কিংসমেন। বাংলাদেশের দুই ক্রিকেটারের মধ্যে ইমনের অত বেশি ভালো কাটেনি প্রথম ম্যাচ। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে ১৩ বলে ১৪ রান করেন তিনি। আর ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে কালান্দার্সের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৩৯ বলের ইনিংসে ১০টি চার মারেন বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ১৯ বলে ৩০ রানের ইনিংস। তিন নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি আব্দুল্লাহ শফিক। এরপর ক্রিজে গিয়ে মার্নাস লাবুশেনের বলে একটি ছক্কা মারেন ইমন। তবে পরের ওভারে রিলে মেরেডিথের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। পরে ঝড় তোলেন হাসিবউল্লাহ খান ও সিকান্দার রাজা। মাত্র ১০ বলে ২৪ রান করেন রাজা। আর ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন হাসিবউল্লাহ। ইনিংসের শেষ দুই বলের জন্য ক্রিজে গিয়ে দুইটি ছক্কা মেরে দেন শাহিন শাহ আফ্রিদি। কিংসমেনের পক্ষে ২টি করে উইকেট নেন মেরেডিথ ও হাসান খান। রান তাড়ায় একবারের জন্যও জয়ের সুযোগ তৈরি করতে পারেনি পিএসএলের নবাগত দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক লাবুশেন, সাইম আইয়ুব করেন ১৯ রান। স্বীকৃত ব্যাটারদের সবাই হতাশ করলে বড় পরাজয় সঙ্গী হয় কিংসমেনের। কালান্দার্সের হয়ে ২টি করে উইকেট নেন উবাইদ শাহ, হারিস রউফ ও সিকান্দার রাজা।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল বিশ্বকাপের উত্তেজনা যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে টিকিটের চাহিদা, আর সেই প্রেক্ষাপটেই চূড়ান্ত ঘোষণা দিল ফিফা। ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ শুরু হচ্ছে আগামী বুধবার ১ এপ্রিল থেকে। ফিফা জানিয়েছে, এটি হবে টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ, যা ‘লাস্ট-মিনিট’ সেলস ফেজ হিসেবে পুরো টুর্নামেন্ট চলাকালীন ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত খোলা থাকবে। যদিও ঠিক কতসংখ্যক টিকিট ছাড়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি সংস্থাটি। এই ধাপে টিকিট বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। একইসঙ্গে ধাপে ধাপে টিকিট ছাড়া হবে, এমনকি কখনো কখনো ম্যাচের দিনেও টিকিট বিক্রির সুযোগ থাকতে পারে। এর আগের ধাপগুলোতে ফিফার তথ্যমতে, ৫০ কোটিরও বেশি আবেদন থেকে ইতোমধ্যে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি স্টেডিয়ামে আয়োজিত এই আসরে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছে ফিফা। ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোটার্স ইউরোপ (এফএসই) ইউরোপীয় কমিশনে মামলা দায়ের করে অভিযোগ করেছে, ফিফা তাদের একচেটিয়া অবস্থান ব্যবহার করে অতিরিক্ত মূল্য নির্ধারণ করেছে এবং ক্রয়প্রক্রিয়াকে করেছে অস্পষ্ট ও অন্যায্য। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, টিকিটের দাম নির্ধারণে মূল ভূমিকা রেখেছে ‘অস্বাভাবিক’ চাহিদা। সমালোচনার মুখে ফিফা ৬০ ডলারের একটি বিশেষ ক্যাটাগরির টিকিট চালু করেছিল, যা নির্দিষ্ট সমর্থক ক্লাবগুলোর জন্য সংরক্ষিত। তবে এফএসইয়ের দাবি, সাধারণ বিক্রি শুরু হওয়ার আগেই এই ক্যাটাগরির টিকিট প্রায় শেষ হয়ে গেছে। এদিকে, টিকিট পুনর্বিক্রয় ও বিনিময়ের অফিসিয়াল প্ল্যাটফর্মও ২ এপ্রিল থেকে আবার চালু করা হবে বলে জানিয়েছে ফিফা। যদিও এই প্ল্যাটফর্মেও উচ্চমূল্যের অভিযোগ রয়েছে। ফিফার দাবি, এটি সম্পূর্ণ ‘ফ্যান-টু-ফ্যান’ বাজার, যেখানে বিক্রেতারাই নিজেদের টিকিটের দাম নির্ধারণ করেন, এতে সংস্থার কোনো হস্তক্ষেপ নেই।