ঢাকায় ফিরেই চমকপ্রদ সংবর্ধনা পেলো ইতিহাসগড়া নারী ফুটবল দল

ঢাকায় ফিরেই চমকপ্রদ সংবর্ধনা পেলো ইতিহাসগড়া নারী ফুটবল দল বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর দেশে ফিরতেই লাল-সবুজের সাহসিনী কন্যাদের জন্য অপেক্ষা করছিল এক অভিনব সম্মাননা। মধ্যরাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই রাজধানীর হৃদয়স্থল হাতিরঝিলে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী সংবর্ধনার। শনিবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার সময়, ঘুম ভেঙে যাওয়া শহরের নিস্তব্ধতা ভেঙে চিৎকারে মুখর হয়ে ওঠে হাতিরঝিল। সেখানে হাজির ছিলেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, কোচিং স্টাফ, ক্রীড়া সাংবাদিক এবং স্বতঃস্ফূর্ত কিছু সমর্থক। মঞ্চে একে একে উঠলেন ঋতুপর্ণা, আফিদা, মনিকারা। হাতে ছিল দেশের পতাকা, চোখেমুখে ছিল বিজয়ের গর্ব। তাড়াহুড়ার এই আয়োজন নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও এর পেছনে ছিল যুক্তিসঙ্গত কারণ। দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা পরদিনই ভুটানে লিগ খেলতে রওনা দেবেন। কয়েকদিনের মধ্যে রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রও যোগ দেবেন বিদেশি লিগে। তাই দলের সবাইকে একসঙ্গে সম্মান জানানোর এই ক্ষণিক সুযোগ হাতছাড়া করতে চায়নি বাফুফে। এর ঠিক দু’ঘণ্টা আগে, রাত দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেয়েরা। সেখানে ছিল ফুলেল শুভেচ্ছা আর অভ্যর্থনার উষ্ণতা। তবে প্রকৃত উদযাপন শুরু হয় হাতিরঝিলে। এই সাফল্যের নেপথ্যে রয়েছে বাছাইপর্বে মাঠে উপহার দেওয়া নজরকাড়া পারফরম্যান্স। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র‌্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র‌্যাঙ্কিং ৫৫)। র‌্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠে তারা ছিল দুর্বার।  প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। আরও একবার ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে ১১টি দলের অংশগ্রহণ— অস্ট্রেলিয়া (স্বাগতিক), চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এখন কেবল বাকি ‘এ’ গ্রুপের একটি দল। এই অর্জন শুধু ক্রীড়াঙ্গনের নয়, এটা জাতির জন্যও এক গৌরবময় মুহূর্ত। মধ্যরাতের ওই সংবর্ধনায় বাজছিল ঢোল, উড়ছিল পতাকা, আর মেয়েদের চোখে ছিল আত্মবিশ্বাসের আলো, যা আগামী দিনের নারী ফুটবলের অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

দেশে ফিরেই সংবর্ধনা নারী ফুটবল দলকে

দেশে ফিরেই সংবর্ধনা নারী ফুটবল দলকে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার গৌরবময় অর্জনকে স্মরণীয় করে রাখতে আজ দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠান। মিয়ানমারে বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স শেষে বাংলাদেশ নারী দল আজ সন্ধ্যায় স্থানীয় সময় রওনা দেবে। থাইল্যান্ড হয়ে মধ্যরাত দেড়টার দিকে ঢাকায় পৌঁছাবে তারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সোজা যাবে হাতিরঝিলে, যেখানে অপেক্ষায় থাকবে জাতির অভিনন্দন আর ভালোবাসা। এই রাত হতে যাচ্ছে একসাথে বরণ, সম্মান ও বিদায়ের অভূতপূর্ব উপলক্ষ। কেননা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা পরদিনই ভুটান লিগে খেলতে ঢাকা ছাড়বেন। আরও তিনজন ফুটবলার যাত্রা করবেন দুই দিন পর। ফলে পুরো দল একসাথে থাকছে মাত্র কয়েক ঘণ্টা। সেই সময়টাকেই রঙিন করে তুলতে এই মধ্যরাতের আয়োজন।

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও আন্তর্জাতিক লিগে সাকিব আল হাসানের ক্রিকেট-জীবন থেমে থাকেনি। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার। গায়ানায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দুবাই ক্যাপিটালস আজ এক সামাজিক মাধ্যম বার্তায় নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে। ৩৮ বছর বয়সী সাকিবকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে। যদিও তিন ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি। তার আগের সময়টা কেটেছে মাঠের বাইরে, বোলিং অ্যাকশন ও অন্যান্য ইস্যুর কারণে প্রায় ৬ মাস স্বীকৃত ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর।

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ 

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ  অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে পুল পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। চীনের দাঝুতে শনিবার (৫ জুলাই) পুল ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে পুল পর্ব শুরু করেছিলো তারা। ম্যাচের অষ্টম মিনিটে শ্রীলঙ্কার গোলমুখ খুলে দেন দ্বীন ইসলাম। সেই পথ ধরে শ্রীলঙ্কার জালে একের পর এক গোল দিতে থাকেন বাংলাদেশের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ১৩-০ গোলের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পথে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ (৪টি) ও ইসমাইল হোসেন। জোড়া গোল করেন সাজেদুল সাজেদ ও দ্বীন ইসলাম। একটি করে গোল মোহাম্মদ মেহেদী ও বিশাল আহমেদের। টানা দুই জয় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। রোববার (৬ জুলাই) নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চিনের। শ্রীলঙ্কাকে ৯-০ গোলে উড়িয়ে পুল পর্ব শুরু করেছিল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম কোয়ার্টারেই তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহ দুইবার, দ্বীন ইসলাম ও ইসলাম একটি করে গোল করলে বড় জয়ের পথে ছুটতে থাকে দল। তৃতীয় কোয়ার্টারে মাত্র একটি গোল হজম করে তারা। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে তাদের জালে আরও চার বার উৎসব করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

লা লিগার সূচি প্রকাশ, কবে বার্সা-রিয়াল এল ক্লাসিকো

লা লিগার সূচি প্রকাশ, কবে বার্সা-রিয়াল এল ক্লাসিকো ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথের দিনক্ষণ চূড়ান্ত। লা লিগা ২০২৫–২৬ মৌসুমে আবার মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে এবারের লড়াই শুধু প্রতিপক্ষ নয়, রোমাঞ্চের ব্যপ্তিও বাড়াচ্ছে মাঠ, কোচিং স্টাফ আর নতুন স্কোয়াড গঠন। লা লিগার সূচি অনুযায়ী, এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ফিরতি লেগের উত্তাপ ছড়াবে আগামী ১০ মে বার্সার ঐতিহাসিক ভেন্যু ক্যাম্প ন্যুতে। যেখানে দুই বছর পর আবার ফিরছে ঘরোয়া ফুটবল। গত মৌসুমে রিয়ালের জন্য এল ক্লাসিকো ছিল একরকম দুঃস্বপ্ন। চার ম্যাচেই বার্সার কাছে হেরেছিল তারা। সেই ক্ষত মুছতে এবার নতুন কোচ জাবি আলোনসোর অধীনে বদলে যাওয়ার শপথ নিয়েছে লস ব্লাঙ্কোস। অন্যদিকে হ্যান্সি ফ্লিকের বার্সা চায় নিজেদের শ্রেষ্ঠত্ব অটুট রাখতে। বিশেষ করে গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের পর। নতুন মৌসুম শুরু হচ্ছে ১৭ আগস্ট। সেদিন আলাদা ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বার্সা খেলবে ম্যায়োর্কারন বিপক্ষে। আর রিয়াল মুখোমুখি হবে ওসাসুনার। এছাড়া, দলবদলের বাজারে এসেছে বেশ কিছু বড় চমক। যেগুলো দুই স্কোয়াডেই নতুন রূপ দিয়েছে। সব মিলিয়ে আসন্ন এল ক্লাসিকো কেবল ফলাফলের লড়াই নয়; পুরনো শত্রুতা, নতুন কৌশল আর মাঠে ফিরে আসা ঐতিহ্যের এক পরিপূর্ণ মহারণ।

শ্রীলঙ্কা থেকে দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সিমন্স

শ্রীলঙ্কা থেকে দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সিমন্স স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে টাইগাররা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে দুই দল। তবে এমন সময়ে দলের প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবাল তথ্যটি নিশ্চিত করে জানান, সিমন্সের যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল। ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতেই চিকিৎসককে দেখানোর কথা ছিল সিমন্সের। তবে ওই সময় বাংলাদেশ দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি।

ঋতুপর্ণার জোড়া গোল, মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের পথে বাংলাদেশ

ঋতুপর্ণার জোড়া গোল, মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের পথে বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারানো মোটেই সহজ কাজ নয়। তবে সেই কঠিন কাজটি সেরে বাছাই পেরিয়ে মূল পর্বের পথে এগিয়ে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। জোড়া গোল করে তাদের কাজটি সহজ করে দিলেন ঋতুপর্ণা চাকমা।  এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচে বুধবার ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। দুই অর্ধে একটি করে গোল করেছেন ঋতুপর্ণা। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে একটি গোল শোধ করেছে মিয়ানমার। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করেছিল মিয়ানমার। আজকের হারে তাদের পয়েন্ট ৩-ই রয়ে গেল। আর বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট হলো ৬। গ্রুপের শীর্ষেও তারা। ফলে আজকের জয়ে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে টিকিট পাওয়ার দাবিদার হলো বাংলাদেশের মেয়েরা। আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে পা না হড়কালে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হবে আফঈদাদের। গুরুত্বপূর্ণ ম্যাচটির শুরু থেকেই বেশ সাবলীল ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। অষ্টাদশ মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। কিন্তু বক্সের ভেতরে ফাউলের শিকার হন তিনি। ফ্রি-কিক নেন ঋতুপর্ণা। তবে তার কিক মিয়ানমারের রক্ষণে প্রতিহত হলে তার ফিরতি নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়। আনন্দে মেতে উঠে বাংলাদেশের খেলোয়াড়রা। ৬ মিনিট পরে বাম প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রসে ছোট বক্সের ভেতরে শামসুন্নাহার জুনিয়র ট্যাপ করলেও বল পোস্টে লেগে প্রতিহত হয়। ৩৭তম মিনিটে অল্পের জন্য গোল হজম করেনি বাংলাদেশ। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা। তবে ক্লিয়ার করতে পারেননি তিনি। বল চলে যায় খিন মো মো তুনের পারে। তবে মিয়ানমার অধিনায়কের শট বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে মিয়ানমারের একটি আক্রমণ ব্যর্থ হয় ক্রসবারে লেগে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় মিয়ানমার। তবে শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকাররা প্রতিপক্ষের প্রচেষ্টা দারুণভাবে প্রতিহত করেন। ৭২তম মিনিটে ম্যাচে আসে ঋতুপর্ণার দ্বিতীয় গোল। বক্সের একটু উপর থেকে বল নিয়ে কিছুটা দৌড়ে এক ডিফেন্ডারের সামনে থেকে বাম পায়ে শট নেন ঋতুপর্ণা। বল হাওয়ায় ভেসে গোলরক্ষককের মাথার উপর দিয়ে জালে জড়ায়। বাংলাদেশ যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন মরিয়া মিয়ানমার ম্যাচে ফেরার সুযোগ পায়। সতীর্থের আড়াআড়ি ক্রসে আনমার্কড থাকা উইন উইন নিখুঁত শটে রুপনাকে পরাস্ত করেন। তবে এরপর আর বিপদ হতে দেয়নি বাংলাদেশের মেয়েরা।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষণ জানালো টাইমস অব ইন্ডিয়া

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষণ জানালো টাইমস অব ইন্ডিয়া চলতি বছরের এশিয়া কাপ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে এসব সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে একটি সম্ভাব্য সূচি প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ১৭ দিনের সূচি চূড়ান্ত করেছে। প্রাথমিক সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর। জানা গেছে, ভারতসহ সব অংশগ্রহণকারী দেশ নিজ নিজ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। ভারত আয়োজক হলেও টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত; এই ৬ দেশ এবারের আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি গ্রুপ পর্ব ও সুপার ফোর ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এর মানে দর্শকরা অন্তত দুইবার ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে পারবেন। দ্বিতীয় ভারত-পাকিস্তান লড়াইটি হতে পারে ১৪ সেপ্টেম্বর। টুর্নামেন্টকে ঘিরে প্রচারণাও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অফিসিয়াল ব্রডকাস্টার সনি সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করেছে। ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনায় ফলে অনিশ্চিত হয়ে পড়েছিল এশিয়া কাপের আসর। পাকিস্তানের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টগুলোতেও মুখোমুখি না হওয়ার কথা বলেছিলেন ভারতের কোনো কোনো ক্রিকেটার। তবে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক অগ্রগতি সবার (সম্প্রচারকারী, স্পনসর ও অন্যান্য স্টেকহোল্ডার) মাঝেই স্বস্তির ফিরিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মুখিয়ে থাকা ভক্তদের চেহারায়ও খুশির রেখা স্পষ্ট হচ্ছে।

বাংলাদেশ দলে তিন পেসার, তানভীর-ইমনের অভিষেক

বাংলাদেশ দলে তিন পেসার, তানভীর-ইমনের অভিষেক তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। অভিষেকে তিন পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছেন মিরাজ। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ের জন্য রেখেছেন পারভেজ হোসেন ইমনকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। জাতীয় দলের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা এই স্পিনার আজ বুধবার প্রথম ওয়ানডে ক্যাপ পরেছেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজ রহমান। শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, ইহসান মালিঙ্কা ও আসিথা ফার্নান্দো।

অভিষেকে টস হারলেন মিরাজ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

অভিষেকে টস হারলেন মিরাজ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। কিন্তু অভিষেক ম্যাচে টস জিততে পারলেন না ২৭ বছর বয়সী অলরাউন্ডার। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৮ বছর পর পঞ্চপাণ্ডবদের (সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ) ছাড়াই ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এতদিন এই পাঁচজনের কেউ না কেউ দলে ছিলেনই। সে হিসেবে ওয়ানডেতে দেশের ক্রিকেটের নবযাত্রা শুরু হয়েছে আজ বুধবার। মিডলঅর্ডারে এই ম্যাচে অগ্নিপরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিকদের জায়গা কীভাবে পূর্ণ করেন মিরাজ, সেটিই দেখার অপেক্ষা ক্রিকেটভক্তদের।