পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় ও ১৯টিতে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, জাকের আলি, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পাকিস্তান একাদশ : সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

সাফল্য ধরে রাখার লক্ষ্যে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সাফল্য ধরে রাখার লক্ষ্যে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ শুরু করছে বাংলাদেশ। শ্রীলংকার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিততে মরিয়া টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সদ্যই শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। হার দিয়ে শুরুর পর শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লংকানদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। টি-টোয়েন্টির আগে শ্রীলংকা সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলেছে বাংলাদেশ। নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করে সাফল্য আদায় করে নিয়েছে টাইগাররা। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তান ভিন্ন দল। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্য খুব বেশি নেই।  

শিরোপা ধরে রাখতে পারল না রংপুর

শিরোপা ধরে রাখতে পারল না রংপুর টানা তিন জয়ে সবার আগে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর ছিল অপ্রতিরোধ্য। কিন্তু ফাইনালে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তারা পেরে উঠল না। ৩২ রানের জয়ে গায়ানা জিতেছে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শিরোপা। কোনো ম্যাচ না হেরে ফাইনালে যাওয়া রংপুর টুর্নামেন্টের শেষ দিনে বাজে সময় কাটাল। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটিকে। আগে ব্যাটিং করে গায়ানা ৪ উইকেটে ১৯৬ রান করে। জবাবে রংপুর গুটিয়ে যায় ১৬৪ রানে। গায়ানার জয়ের নায়ক রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই ক্রিকেটার ৩৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন।

রাত পোহালে সোহানদের ফাইনাল আগামীকাল

রাত পোহালে সোহানদের ফাইনাল আগামীকাল গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ (জিএসএল) পৌঁছে গেছে শেষ প্রান্তে। শিরোপা ধরে রাখার মিশনে এখন প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি এবারও দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে ফাইনালে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এবারের আসরে রংপুর রাইডার্সের অন্যতম চমক ছিল সাকিব আল হাসানকে হারিয়ে ফাইনালে ওঠা। এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে, কিন্তু সোহান বাহিনীই ছিটকে দেয় সাকিবের দলকে। রংপুর রাইডার্সের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের একঝাঁক পরিচিত মুখ। সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাইফ হাসান, রাকিবুল হাসান, খালেদ আহমেদ ও আবু হায়দার রনি। বিদেশি কোটায় আছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান, পাকিস্তানের ইফতিখার আহমেদ, দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, যুক্তরাষ্ট্রের হয়ে খেলা ভারতীয় ক্রিকেটার হারমিত সিং, পাকিস্তানের আকিফ জাভেদ এবং খাওয়াজা নাফি। টুর্নামেন্ট জুড়ে ব্যাট-বলে সমন্বিত পারফরম্যান্সে আলো ছড়ানো রংপুর এখন তাকিয়ে ব্যাক-টু-ব্যাক শিরোপার দিকে।

ভুটান লিগে সাবিনা-ঋতুপর্ণাদের গোলবন্যা

ভুটান লিগে সাবিনা-ঋতুপর্ণাদের গোলবন্যা দেশের ফুটবলে নারী লিগ না হওয়ায় ভুটান লিগে খেলছেন একাধিক নারী ফুটবলার। যার মধ্যে পারো এফসি হয়ে সর্বোচ্চ ৪ জন ফুটবলার। প্রতি ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছেন সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া, মনিকারা। সর্বশেষ গতকাল ফুন্টশোলিং হিরোস এফসি বিপক্ষে মাঠে নামে পারো এফসি। ম্যাচের ফুন্টশোলিং হিরোসের বিপক্ষে ২২-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাবিনা-ঋতুপর্ণারা। ম্যাচের মাত্র দুই মিনিটে ঋতুপর্ণার গোলে গোল উৎসব শুরু করে পারো এফসি। প্রথমার্ধে দুই দলের স্কোর লাইন দাঁড়ায় ১২-০। বিরতির পর আরও ১০টি গোল হজম করে ফুন্টশোলিং হিরোস। সর্বোচ্চ ৭ গোল করে ম্যাচসেরা হন সাবিনা খাতুন। এছাড়াও ডাবল হ্যাটট্রিক করেন দুর্দান্ত ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমা। সেইসঙ্গে ৪ টি গোল করেন সুমাইয়া এবং জোড়া গোল করেন মনিকা চাকমা।

নেইমার জাদুতেই ফ্লামেঙ্গোকে হারাল সান্তোস

নেইমার জাদুতেই ফ্লামেঙ্গোকে হারাল সান্তোস দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে আবার মাঠে ফিরেছেন নেইমার। ফেরার আনন্দটা আরও বড় করলেন পুরনো ক্লাব সান্তোসের জার্সিতে নাটকীয় এক জয়ের নায়ক হয়ে। গতকাল রাতে ব্রাজিলিয়ান সেরি আ লিগে শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সান্তোস। আর ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া একমাত্র গোলটি এসেছে নেইমারের পা থেকে, ম্যাচের ৮৪তম মিনিটে। ঘরের মাঠে গিলহারমের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে দুর্দান্ত টার্ন নেন নেইমার। তারপর যা করার, তা যেন তার পুরনো দিনের সেই ক্লাসিক নেইমার স্টাইলে; সোজা বল জালে। এই ম্যাচেই তৃতীয়বারের মতো শুরুর একাদশে খেলতে নামেন তিনি, ইনজুরির পর দীর্ঘ বিরতি শেষে। গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে মাঠের বাইরে চলে যান নেইমার। প্রায় এক বছর পর আবার মাঠে ফেরা তার জন্য যেমন কঠিন ছিল, তেমনি প্রত্যাবর্তনটাও হলো গৌরবের। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি এখনো পুরোপুরি ফিট নই। তবে উন্নতি করছি। প্রতিটি ম্যাচেই আমি পুরো ৯০ মিনিট খেলতে চাই। সেটা করতে গেলে নিয়মিত ম্যাচ ও অনুশীলনের প্রয়োজন আছে। ’ সান্তোসের হয়ে জয়ের আনন্দ যতটা, প্রতিপক্ষ হিসেবে যে দলটিকে হারাল তারা, সেটিও কম নয়। কারণ, ফ্লামেঙ্গো এই মুহূর্তে লিগের সেরা দল। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই রয়েছে তারা। ১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট পাওয়া সান্তোস উঠে এসেছে টেবিলের ১৩তম স্থানে।প্রতিপক্ষের প্রতি সম্মান রেখেই নেইমার বলেন, ‘ফ্লামেঙ্গো সত্যিই দুর্দান্ত দল। আক্রমণ-রক্ষণ দুই দিকেই তারা ভারসাম্য রেখে খেলে। তবে আজ আমরা দেখিয়ে দিয়েছি, আমরা যেই অবস্থানে আছি, তার চেয়ে অনেক ভালো দল। ’দীর্ঘদিন পর মাঠে ফিরে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে নেইমার ও তার ভক্তদের জন্য বড় স্বস্তির খবর।

ইউরোপ ছেড়ে মেসির দলে ডি পল

ইউরোপ ছেড়ে মেসির দলে ডি পল ইউরোপীয় ফুটবলের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ৩১ বছর বয়সে অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ছেন তিনি, যোগ দিচ্ছেন লিওনেল মেসির দল ইন্টার মায়ামিতে। দীর্ঘদিন ধরেই ডি পলকে দলে টানার চেষ্টা করছিল ইন্টার মায়ামি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্যকে নিজেদের দলে নিচ্ছে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাব। ইএসপিএনের তথ্য অনুযায়ী, আপাতত ধারে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডি পল। আগামী বছরের জুনে অ্যাতলেটিকোর সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি স্থায়ীভাবে মায়ামির হয়ে খেলবেন। অ্যাতলেটিকো ডি পলের সঙ্গে নতুন করে চুক্তি করার সম্ভাবনা দেখাচ্ছে না। মূলত তার বয়স এবং ভবিষ্যৎ পরিকল্পনার কারণেই তাকে ছাড়ার পথে হাঁটছে স্প্যানিশ ক্লাবটি। এরই মধ্যে তারা ভবিষ্যতের পরিকল্পনায় রেখেছে আরেক তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে আলমাদার সঙ্গে। একইসঙ্গে রিয়াল বেতিস থেকে মার্কিন মিডফিল্ডার জনি কার্ডোসোকেও দলে ভিড়িয়েছে তারা।অ্যাতলেটিকোর হয়ে ডি পল খেলেছেন ১৩৪টি ম্যাচ, গোল করেছেন ১১টি। ক্লাবটির মাঝমাঠে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে থিয়াগো আলমাদা ও জনি কার্ডোসোর মতো তরুণদের আগমনে নতুন চেহারা পাচ্ছে সিমিওনের দল। ডি পলকে ছেড়ে দিয়ে লাভবান হবে কিনা, তা সময়ই বলে দেবে। ইন্টার মায়ামির জন্য ডি পল হতে পারেন বড় এক সংযোজন। মেসি, বুসকেটস, জর্দি আলবার মতো অভিজ্ঞদের সঙ্গে তার রসায়ন মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। শুধু বিশ্বকাপজয়ী সতীর্থ হিসেবেই নয়, ব্যক্তিগতভাবেও মেসির ঘনিষ্ঠ বন্ধু ডি পলের আগমন ক্লাবের মাঝমাঠে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে মায়ামি কর্তৃপক্ষ।

‘চুপিচুপি’ উইনার্স মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প

‘চুপিচুপি’ উইনার্স মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। মাঠের মতো স্টেজেও জমকালো ছিল উদযাপন। তবে সেই আনন্দঘন মুহূর্তে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। চ্যাম্পিয়নদের মাঝে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উইনার্স মেডেল ‘চুপিচুপি’ নিজের পকেটে ঢুকিয়ে নেন! সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, ট্রাম্প বিজয়ীদের মাঝে দাঁড়িয়ে আছেন, এবং হঠাৎ করেই একটি মেডেল নিজের পকেটে রেখে দিচ্ছেন। দেখে মনে হয় যেন তা কোনো খেলোয়াড়ের না বলেই নিয়ে নিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের হাতে যে মেডেলটি গিয়েছে, সেটি ছিল চেলসির উইঙ্গার ননি মাদুয়েকের জন্য নির্ধারিত। কারণ পুরো দলের ট্রফি উদযাপনে শুধুমাত্র মাদুয়েকেই দেখা যায়নি। জানা গেছে, তিনি আগে থেকেই ক্যাম্প ছেড়েছেন আর্সেনালে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে মজার হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে ‘অনিচ্ছাকৃত চুরি’ বলেও আখ্যা দিয়েছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘উনি তো ট্রফিটাও রেখে দিয়েছেন, মেডেলটা নেবেন না?’ আরেকজন মজা করে বলেন, ‘ননি বুঝবেনই না যে মেডেলটা হোয়াইট হাউসে রয়ে গেছে!’ বিতর্ক আরও জমে ওঠে ট্রাম্পের আগের এক বক্তব্য ঘিরে, যেখানে তিনি বলেছিলেন, ‘আসল ট্রফিটা আমি ওভাল অফিসে রেখেছি, চেলসিকে দেওয়া হয়েছে রেপ্লিকা। ’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগা ছাড়াও ছিলেন ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ। করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। দলের বাকি সদস্যদের বিকেলে যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধার কথা বলেন পাকিস্তান অধিনায়ক সালমান। তার ভাষ্য, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো খেলে, নিজেদের মাঠে তো আরও ভয়ংকর। তাদের হোম রেকর্ড ঘাটলেই বোঝা যায়, কত বড় বড় দল এখানে হোঁচট খেয়েছে। আমরা জানি, কাজটা সহজ হবে না। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। ’নিজের নেতৃত্ব এবং দায়িত্ব নিয়ে সালমান বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই চ্যালেঞ্জ। প্রতিদিনই নতুন কিছু আসবে। জীবন যেমন, ক্যারিয়ারও তেমন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই পথ চলতে হবে। তাই খুব বেশি না ভেবে শুধু খেলার দিকেই মন দিচ্ছি। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, বাকি ক্রিকেটাররাও বুধবারের মধ্যেই দলের সঙ্গে ঢাকায় যোগ দেবেন। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামবে লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা বাংলাদেশি ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত ফকিরেরপুল কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশনা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফকিরেরপুল ইয়ংমেন্স ফিফার এই নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছে ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক আহমেদ আলী। তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের আর্থিক পারিশ্রমিক ইস্যুতে এটি হয়েছে। আমরা দ্রুত সেটি সমাধান করে আসন্ন মৌসুমের কার্যক্রম এগিয়ে নিতে চাই।’ গত মৌসুমে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ছিলেন পিপুল। তিনি ফিফার নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন, ‘একজন উজবেক ফুটবলার ফকিরেরপুল ক্লাবে গত মৌসুমে এসেছিল। সেই ফুটবলারের পারিশ্রমিক নিয়ে আবেদন করেছি। সেই আবেদন নিষ্পত্তি না করায় হয়তো ক্লাবের ওপর দলবদল নিষেধাজ্ঞা। তার পাওনা ও জরিমানা মিলিয়ে ২০ লাখ টাকার ওপর হতে পারে।’ কোচ-খেলোয়াড়দের দেনা-পাওনা নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ক্লাব-ফেডারেশনের ওপর জরিমানা-নিষেধাজ্ঞা প্রদান করে ফিফা। বিগত সময়েও বাংলাদেশের অনেক ক্লাব এ রকম ঘটনার শিকার হয়েছে। গত মৌসুমেই ফুটবলাঙ্গনে গুঞ্জন ছিল বসুন্ধরা কিংসের ওপরও এ রকম নিদের্শনা এসেছিল। যদিও বসুন্ধরা কিংস কিংবা বাফুফে এটি স্বীকার করেনি।