টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া সফরের আগে মিচেল মার্শ ভাবতেও পারেননি ৫-০ ব্যবধানে সিরিজ জিতবেন তারা। তবে শেষ পর্যন্ত এটাই হলো। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পাশাপাশি প্যাট কামিন্সের নেতৃত্বে টেস্ট সিরিজও ৩-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এক সফরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এটি। ২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে তারা ৮টি ম্যাচ জিতেছিল বটে, তবে সেখানে একটি ম্যাচ ছিল ড্র। তবে বিশ্বরেকর্ডটি এখনও ভারতের দখলেই রয়েছে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ৯টি ম্যাচ জিতেছিল বিরাট কোহলির দল। শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে সেন্ট কিটসে ৩ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর আগে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৭৩ রানে। রান তাড়ায় বড় কোনো ইনিংস না খেললেও ছোট ছোট ইনিংসের সমন্বয়ে তিন ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শিমরন হেটমায়ার লড়াই করেছেন একাই। তার ৩১ বলে ৫২ রানের ইনিংসেই ভর করে স্বাগতিকরা পেরিয়েছে ১৭০ রানের গণ্ডি। তিনটি উইকেট নিয়ে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ান বোলার বেন ডোয়ার্শিস। রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা ছিল বিপর্যস্ত। মাত্র ২৫ রানে তারা হারায় তিন উইকেট। মিচেল মার্শ ১৪, জশ ইংলিস ১০ এবং আগের ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন শূন্য রানে। তবে এরপর থেকেই পাল্টা আক্রমণ শুরু হয় ক্যামেরন গ্রিন ও টিম ডেভিডের ব্যাটে। গ্রিন ১৮ বলে করেন ৩২, আর ডেভিড মাত্র ১২ বলে খেলেন চার ছক্কার ইনিংস। অভিষেকেই ফিফটি করা মিচেল ওয়েন শেষ ম্যাচেও ঝড় তোলেন। তিনটি চার ও তিনটি ছক্কায় ১৭ বলে ৩৭ রান করেন তিনি। লোয়ার অর্ডারে অ্যারন হার্ডির অপরাজিত ২৮ রানে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া।

ফিনালিসিমা ২০২৬: আর্জেন্টিনা-স্পেন মহারণের দিনক্ষণ ঘোষণা করল কনমেবল

ফিনালিসিমা ২০২৬: আর্জেন্টিনা-স্পেন মহারণের দিনক্ষণ ঘোষণা করল কনমেবল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে। সেই সূচিতেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে, তবে এখনো ভেন্যু নির্ধারিত হয়নি। কয়েক সপ্তাহ আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লৌজানের মধ্যে একটি সমঝোতা হয়, যাতে ম্যাচটি ১৭ থেকে ২৫ মার্চ ২০২৬ এর মধ্যে আয়োজনের কথা বলা হয়। তবে এটি নির্ভর করছে স্পেনের বিশ্বকাপ কোয়ালিফিকেশনের ওপর। স্পেন যদি তাদের গ্রুপ (যেখানে আছে তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া) দ্বিতীয় হয়ে শেষ করে, তবে মার্চ মাসেই তাদের প্লে-অফ ম্যাচ পড়বে। সে ক্ষেত্রে ফিনালিসিমা আয়োজনে জটিলতা তৈরি হবে। একমাত্র বিকল্প তখন বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্ত, যা উভয় দলই এড়িয়ে চলতে চায়, কারণ তখন প্রস্তুতির সময় খুবই অল্প থাকবে। ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হলেও ভেন্যু এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছিল, বিশ্বকাপের প্রাক-ঘোষণা হিসেবে। তবে কাতার ও সৌদি আরবও ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে, ম্যাচটি এশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে। এই ম্যাচে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল—দুজনের প্রথম মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা এই দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলবে।

গুজবে কান দেবেন না-ফেসবুক প্রতিক্রিয়া তাসকিনের

গুজবে কান দেবেন না-ফেসবুক প্রতিক্রিয়া তাসকিনের জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে শৈশবের এক বন্ধুকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি দাবি করেন, তাসকিন তাকে ফোনে ডেকে মিরপুরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তবে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাসকিন। আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি—এমন একটা ঘটনায় অনেক কিছু ঘটে যাচ্ছে। আমি মনে করি, এমন গুজবে কান দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এবং অন্য কাউকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার এবং আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে, সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে, তা কোনোভাবেই এমন হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই—বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি সত্যের পক্ষেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না। ’ এর আগে এক সংবাদমাধ্যমে তাসকিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি বাসা বদলের কাজে ব্যস্ত ছিলাম। কাউকে মারিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বিব্রত করতে এই জিডি করা হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘আমার বন্ধু রসি নামে একজনকে ওরা (সৌরভরা) মারধর করেছে। আমি শুধু মোহাম্মদপুর থানার ওসিকে ফোন করে জানিয়েছিলাম। এরপর পুলিশ গিয়ে ওদের খুঁজেছে। এরপর ওরা উল্টো আমার নামে জিডি করেছে। ’ তাসকিন জানান, ঘটনাটিকে কেন্দ্র করে পারিবারিকভাবেও যোগাযোগ হয়েছে। তিনি বলেন, “ওর খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। আমার বাবা কিছুই জানতেন না। পরে শুনে বলেন, ‘ওরা তো ছোটবেলার বন্ধু, এসব ভুল–বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। ’ আসলে আমি ওদের সঙ্গে গত কয়েক মাস মিশি না, তাই ওর মাথা খারাপ হয়ে গেছে। ” এদিকে বিসিবিও বিষয়টি আমলে নিয়েছে। বোর্ডের পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে খবরটি দেখে বিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি খেয়াল করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এটি সত্যি হলে খুবই দুঃখজনক। ’ তিনি আরও যোগ করেন, ‘একজন আইকন প্লেয়ারের এমন ঘটনায় জড়ানো ঠিক নয়। এখনই বেশি কিছু বলছি না, আগে সত্যতা নিশ্চিত হোক। ’ এদিকে পুলিশ সূত্র জানায়, রোববার রাতে সনি সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন। তার ভাষায়, ‘একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা যাচাই করছি। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে খেলার পর তাসকিন পুনর্বাসনের জন্য বিশ্রামে ছিলেন। কিছুদিন আগেই গোড়ালির চোটের চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি।

নাটকীয় টাইব্রেকারে সেরা ইংল্যান্ড, স্পেনের স্বপ্নভঙ্গ

নাটকীয় টাইব্রেকারে সেরা ইংল্যান্ড, স্পেনের স্বপ্নভঙ্গ স্পেনের আধিপত্য, দারুণ গোল, আর তারপর ইংল্যান্ডের প্রত্যাবর্তন; সব মিলিয়ে উইমেন’স ইউরো ২০২৫-এর ফাইনাল ছিল এক উত্তেজনার নাট্যমঞ্চ। ম্যাচে দারুণভাবে এগিয়ে গিয়েছিল স্পেন। কিন্তু শেষ হাসি হেসেছে ইংল্যান্ড, যারা টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে আবারও ইউরোপীয় চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মুকুট অক্ষুণ্ণ রাখল। গতকাল দিবাগত রাতে ঐতিহাসিক এই লড়াইয়ে শুরু থেকেই স্পেন ছিল আগ্রাসী মেজাজে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই জয়ে ইংল্যান্ড ইউরোর ইতিহাসে তৃতীয় দল হিসেবে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল। এর আগে কেবল জার্মানি ৮ বার এবং নরওয়ে ২ বার এই কীর্তি গড়েছিল। বিশ্বকাপজয়ী স্পেনের সামনে ছিল প্রথম ইউরো শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ, কিন্তু টাইব্রেকারে হোঁচট খেয়ে সোনার স্বপ্ন অধরাই রয়ে গেল। অন্যদিকে, ইংল্যান্ড নারী ফুটবলের এক নতুন অধ্যায় রচনা করল। সংগ্রামের মাঝেও আত্মবিশ্বাস আর ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে।

ম্যানচেস্টার টেস্ট ড্র করল ভারত

গিল-জাদেজা-সুন্দরের সেঞ্চুরিতে ম্যানচেস্টার টেস্ট ড্র করল ভারত অধিনায়ক শুভমান গিল-রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট ড্র করল সফরকারী ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ও তৃতীয় টেস্টে ইংল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল ভারত। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৭৪ রান করেছিল ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিন ৩ রান যোগ করে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হন রাহুল। ৮টি চারে ২৩০ বলে ৯০ রান করেন তিনি। শূন্য রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে গিলের সাথে ১৮৮ রানের জুটি গড়েন রাহুল। রাহুল ফেরার পর টেস্টে নবম ও চলতি সিরিজে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরিতে দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেন গিল। রেকর্ড সেঞ্চুরির পরই বিদায় নেন তিনি। ১২ চারে ২৩৮ বলে ১০৩ রান করেন গিল। দলীয় ২২২ রানে চতুর্থ ব্যাটার হিসেবে গিলের বিদায়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে ভারত। কারণ তখনও দিনের দুই সেশন খেলা বাকী। ঐসময় ৬ উইকেট হাতে নিয়ে ৮৯ রানে পিছিয়ে ভারত। পঞ্চম উইকেটে ইংল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সুন্দর ও জাদেজা। মাটি কামড়ে ধরে খেলতে থাকেন তারা। দ্বিতীয় সেশনে লিড নিয়ে অবিচ্ছিন্ন থেকে ৪ উইকেটে ৩২২ রানে বিরতিতে যান সুন্দর ও জাদেজা। এসময় সুন্দর ৫৭ ও জাদেজা ৫৩ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় সেশনেও ইংল্যান্ড বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সুন্দর ও জাদেজা। এতে দু’জনই সেঞ্চুরির দেখা পান। সুন্দর টেস্ট ক্যারিয়ারের প্রথম এবং জাদেজা পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেন। সুন্দর ও জাদেজার সেঞ্চুরির পর টেস্ট ড্র মেনে নেয় ভারত ও ইংল্যান্ড। ৯টি চার ও ১টি ছক্কায় ২০৬ বলে সুন্দর ১০১ এবং ১৩ বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে জাদেজা ১০৭ রানে অপরাজিত থাকেন। ক্রিস ওকস ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইংল্যান্ডের স্টোকস। আগামী ৩১ জুলাই দ্য ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

গার্দিওলা-জাভির ‘আবেদনপত্র’ ভুয়া, জানাল ভারতের ফুটবল ফেডারেশন

গার্দিওলা-জাভির ‘আবেদনপত্র’ ভুয়া, জানাল ভারতের ফুটবল ফেডারেশন ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজ আবেদন করেছেন— এমন দাবিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেডারেশন জানায়, এই দুই স্প্যানিশ কোচের নাম ব্যবহার করে যেসব আবেদন পাঠানো হয়েছে, সেগুলোর কোনও সত্যতা পাওয়া যায়নি। এআইএফএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এমন কিছু ইমেইল পেয়েছি যেখানে পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নামে আবেদন জমা দেওয়া হয়। যাচাই করে দেখা গেছে, এই আবেদনগুলো ভুয়া। এগুলোর পেছনে কারা আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ’ এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এআইএফএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেছিলেন, কোচ হিসেবে জাভির নামও আবেদনকারীদের তালিকায় দেখা গেছে। তবে ফেডারেশনের এক টেকনিক্যাল কমিটির সদস্য জানান, জাভিকে নিয়োগ দেওয়া এআইএফএফ-এর জন্য ‘অত্যন্ত ব্যয়বহুল’ হবে বলে বিষয়টি গুরুত্ব পায়নি। গত বছর জুনে ইগর স্টিমাচকে বরখাস্ত করার পর ভারত জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ। কিন্তু তিনি চলতি মাসেই পদত্যাগ করে পুনরায় আইএসএল ক্লাব এফসি গোয়ার কোচের দায়িত্বে ফিরে গেছেন। ফলে নতুন করে কোচ খুঁজছে এআইএফএফ। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১৭০টি আবেদন পেয়েছে তারা। প্রাথমিক বাছাইয়ের পর মাত্র তিনজনকে শর্টলিস্ট করা হয়েছে। সেই তালিকা নিয়েই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।

দুই শতাধিক রান করেও রেকর্ড সপ্তমবার হারলো ওয়েস্ট ইন্ডিজ

দুই শতাধিক রান করেও রেকর্ড সপ্তমবার হারলো ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ রান মানেই জয়ের নিরাপদ গণ্ডি, এই ধারণা যেন ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে এখন আর প্রযোজ্য নয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০৫ রান করেও হারলো তারা। সেটিও ৩ উইকেট আর চার বল হাতে রেখে! সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশ সময় আজ সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে এমন লজ্জাজনক রেকর্ড গড়লো ক্যারিবীয়রা। ২০০’র বেশি রান তুলে এটি তাদের সপ্তম পরাজয়, যা বিশ্ব টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে জমজমাট পারফরম্যান্সই দিয়েছিল। শারফেন রাদারফোর্ডের ৩১, পাওয়েল ও শেফার্ডের সমান ২৮ রানের ইনিংসে ২০৫ রানে পৌঁছায় দলটি। কিন্তু বোলারদের হতাশাজনক প্রদর্শনী এবং তিনটি সহজ ক্যাচ মিস তাদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে নেমে আগ্রাসী শুরু পায়। গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ১৮ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যেখানে ছিল ১টি চার আর ৬টি বিশাল ছক্কা। ইংলিস খেলেন ৩০ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংস। তবে ম্যাচের আসল নায়ক হয়ে উঠলেন ক্যামেরন গ্রিন। শেষ পর্যন্ত ৩৫ বলে অপরাজিত ৫৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচের বিভিন্ন সময় বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটালেও, জয়ের গতিপথ থেকে অস্ট্রেলিয়াকে সরাতে পারেনি। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ২ রান, সেই হিসেব মিটে যায় মাত্র দুই বলেই। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন বৃষ্টির মধ্যেই শেষ ওভার করতে এলেও মাঠের ব্যাটসম্যানরা ছিলেন একেবারে শান্ত ও নিয়ন্ত্রিত। অস্ট্রেলিয়া পেয়ে যায় সহজ জয়, আর ওয়েস্ট ইন্ডিজ রান পাহাড় গড়েও মুখ থুবড়ে পড়ে আত্মঘাতী ভুলে।

১১ ছক্কা ও ৩৭ বলের সেঞ্চুরিতে ডেভিডের ইতিহাস

১১ ছক্কা ও ৩৭ বলের সেঞ্চুরিতে ডেভিডের ইতিহাস তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে ২১৪ রানের লক্ষ্য দাঁড় করিয়েও থামাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কারণ, জবাব দিতে নেমে ক্যারিবিয়ান বোল্টারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন টিম ডেভিড। ১১ ছক্কা আর ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মারকুটে ব্যাটার। এতে ইতিহাস গড়েছেন তিনি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৭ বলে ১০২ রান করে অজিদের জয় নিশ্চিত করেছেন টিম ডেভিড। সেই সঙ্গে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তিনি। সেই সঙ্গে ১৬ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি। এর আগে, অভিষেক টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ এর শেই হোপও। প্রথমে ব্যাট করে ৫৭ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার ওপেনিং সঙ্গী ব্রেন্ডন কিং ৩৬ বলে ৬২ রান তুলে তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন, তাদের ১২৫ রানের জুটিতে ভর করে ২১৪ রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যা ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া।

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটন

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটন অবশেষে বিশ্রামের ফুরসত মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষ হওয়ার তিনদিনের মাথায় তারা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে নেমে পড়ে। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আগামী এশিয়া কাপের আগে আর টাইগারদের কোনো সিরিজ নেই। আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ। তার আগপর্যন্ত খেলার সূচি নেই লিটন-শান্তদের সামনে। তবে আরেকটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টায় রয়েছে বিসিবি। শেষ পর্যন্ত যদি সেটিও না হয়, তাহলে স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন দেশের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও অবশ্য সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, ‘(পাকিস্তান সিরিজ শেষে) পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়।’ এ ছাড়া বিসিবি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বলে জানিয়েছেন তাসকিনও।

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নজরকাড়া কীর্তি গড়েছেন রিশভ পন্থ। সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে প্রথমবার টেস্টে ইংল্যান্ডের মাটিতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্রাইডন কার্সকে ছক্কা মেরে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন পন্থ। ইংল্যান্ড সফরে ২৪ ইনিংসে তার রান এখন ১,০১৮, গড় ৪৪.২৬। রয়েছে চারটি করে ফিফটি ও সেঞ্চুরি। সফরকারী কিপার-ব্যাটসম্যানদের মধ্যে এই কীর্তি আর কেউ গড়তে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৮ রান ভারতেরই মহেন্দ্র সিং ধোনির, ৭৭৩ রান করে তিনে আছেন অস্ট্রেলিয়ান রড মার্শ। দেশের বাইরে নির্দিষ্ট কোনো এক দেশে এক হাজার রান করা প্রথম কিপার-ব্যাটসম্যানও পন্থ। এই তালিকাতেও দুই নম্বরে আছেন তিনি নিজেই। অস্ট্রেলিয়ায় করেছেন ৮৭৯ রান। তবে মাইলফলক ছোঁয়ার কিছুক্ষণ পরই পান্তের জন্য দুঃসংবাদ। ক্রিস ওকসের ইয়র্কার পায়ে আঘাত হানলে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান। তখন তিনি ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন। পরে ফিজিওর চিকিৎসা নিয়েও ব্যাটিংয়ে ফিরতে পারেননি তিনি। টিভি ফুটেজে দেখা যায়, ডান পায়ের পাতা ফুলে গেছে এবং রক্ত ঝরছে। ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন পন্থ। এদিনই একই মাইলফলকে পৌঁছান ওপেনার লোকেশ রাহুল। আগেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনিল গাভাস্কার ও বিরাট কোহলি। চলতি সিরিজেও দুর্দান্ত ফর্মে আছেন পন্থ। চার ম্যাচে সাত ইনিংসে ৭৭ গড়ে তার রান ৪৬২, রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।