এশিয়া কাপের ভেন্যু ঘোষনা

এশিয়া কাপের ভেন্যু ঘোষনা আগামী ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০২৫ এশিয়ান কাপের ভেন্যু ঘোষনা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বি-গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এ সম্পর্কে এসিসি সভাপতি মহসিন নাকভি বলেছেন আট দলের এই টুর্ণামেন্ট আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে আবু ধাবীতে এশিয়া কাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের একটি ম্যাচ রয়েছে। টুর্নামেন্টের বেশীরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ব্লকবাস্টার ম্যাচটিসহ ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমানের ম্যাচটি ছাড়া বাংলাদেশ সময় রাত ৮টায় প্রতিটি ম্যাচ শুরু হবে। এশিয়া কাপের আসন্ন এই টুর্নামেন্ট টি২০ ফর্মেটে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে আয়োজিত টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি২০ ফর্মেটে আয়োজিত হচ্ছে। মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের সাথে গ্রুপ-এ’তে আরো রয়েছে স্বাগতিক আরব আমিরাত ও ওমান। গ্রুপ-বি’তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৯ সেপ্টেম্বর আবু ধাবীতে হংকং বনাম আফগানিস্তানের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। গ্রপ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর শেষে শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচী : গ্রুপ-এ : পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ওমান গ্রুপ-বি : বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান, হংকং ৯ সেপ্টেম্বর : আফগানিস্তান বনাম হংকং, আবু ধাবী ১০ সেপ্টেম্বর : ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই ১১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম হংকং, আবু ধাবী ১২ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম ওমান, দুবাই ১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলংকা, আবু ধাবী ১৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান, দুবাই ১৫ সেপ্টেম্বর : সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবু ধাবী ১৫ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম হংকং, দুবাই ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবী ১৭ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই ১৮ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম আফগানিস্তান, আবু ধাবী ১৯ সেপ্টেম্বর : ভারত বনাম ওমান, আবু ধাবী সুপার ফোর পর্ব : ২০ সেপ্টেম্বর : বি১ বনাম বি২, দুবাই ২১ সেপ্টেম্বর : এ১ বনাম এ২, দুবাই ২৩ সেপ্টেম্বর : এ২ বনাম বি১, আবু ধাবী ২৪ সেপ্টেম্বর : এ১ বনাম বি২, দুবাই ২৫ সেপ্টেম্বর : এ২ বনাম বি২, দুবাই ২৬ সেপ্টেম্বর : এ১ বনাম বি১, দুবাই ২৮ সেপ্টেম্বর : ফাইনাল, দুবাই
কোপা আমেরিকার শিরোপা ধরে রাখলো ব্রাজিল

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখলো ব্রাজিল রোমাঞ্চকর ফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ গোলে পরাজিত করে নারী কোপা আমেরিকার শিরোপা ধরে রেখেছে ব্রাজিল। এনিয়ে নবমবারের মত মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জেতার কৃতিত্ব দেখালো সেলেসাওরা। ইকুয়েডরের এস্তাদিও রডরিগো পাজ ডেলগাডোর ফাইনালে কলম্বিয়া তিনবার লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি। প্রতিবারই দারুনভাবে ব্রাজিল ম্যাচে ফিরে আসে। ব্রাজিলিয়ান লিজেন্ড মার্তার ইনজুরি টাইমের গোলে ব্রাজিল সমতায় ফিরে। এরপর আবারো ১০৫ মিনিটে মার্তা গোল করে ব্রাজিলকে জয়ের পথে নিয়ে যান। কিন্তু ১১৫ মিনিটে কলম্বিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন লেইসি সান্তোস। অতিরিক্ত সময়ের খেলা ৪-৪ গোলে শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে পেনাল্টির প্রয়োজন হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আমান্ডা গুটিয়ারেস ম্যাচ শেষে বলেছেন, ‘আমি মনে করি নারী ফুটবল অনেকটাই এগিয়ে গেছে। প্রতিদিনই এখানে প্রতিযোগিতা বাড়ছে। আজকেরও ম্যাচটিও তারই প্রমান। সবাই দিনের শেষে এই ধরনের একটি ম্যাচ আশা করে। কলম্বিয়াকেও অভিনন্দন। এই শিরোপা আমাদের জন্য বিশেষ কিছু। আমি বিশ্বাস করি ব্রাজিলের নারী ফুটবল এর মাধ্যমে আরো একধাপ এগিয়ে যাবে। আমরা কখনই ম্যাচ ছেড়ে দেইনি। এটাই ব্রাজিল। এটাই ব্রাজিলের গর্ব করার জায়গা।’ উভয় দলই ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার দিয়েছে। ২৫ মিনিটে কলম্বিয়ার লিন্ডা কেইসেডো লো ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এ্যাঞ্জেলিনা ব্রাজিলকে সমতায় ফেরান। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার টারকিয়ানের আত্মঘাতি গোলে কলম্বিয়া আবারো এগিয়ে যায়। ম্যাচ শেষের ১০ মিনিট আগে গুটিয়ারেস ব্রাজিলকে সমতায় ফেরান। টুর্নামেন্টে এটি তার ষষ্ঠ গোল। আট মিনিট পর দ্রতগতির একটি কাউন্টার এ্যাটাক থেকে মাইরা রামিরেজ কলম্বিয়াকে আবারো লিড এনে দেন। ম্যাচের শেষভাগে বদলী বেঞ্চ থেকে উঠে এসে মার্তা ব্রাজিলকে রক্ষা করেছেন। স্টপেজ টাইমের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোলে তিনি ব্রাজিলকে সমতায় ফেরান। যে কারনে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ১০৫ মিনিটে এ্যাঞ্জেলিনার অসাধারণ ক্রসে মার্তা ব্রাজিলকে এগিয়ে দেন। তবে ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। সান্তোসের দুর্দান্ত ফ্রি-কিক কোনাকুনি ভাবে জালে জড়ালে কলম্বিয়ান শিবিরে স্বস্তি ফিরে আসে। এ্যাঞ্জেলিনার শুরুর মিসে কলম্বিয়া পেনাল্টি শ্যুট আউটে লিড পায়। কিন্তু ম্যানুয়েলা পাভি গোল করতে ব্যর্থ হবার পর সান্তোসের শটটি রুকে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনা। মার্তার সামনে সুযোগ এসেছিল জয় নিশ্চিত করার। কিন্তু তার শটটি রুখে দেন ক্যাথরিন টাপিয়া। সাডেন ডেথে কারাবালির মিসে ব্রাজিলের শিরোপা নিশ্চিত হয়।
এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা

এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন আফঈদা-সাগরিকারা আগামী ৬ আগস্ট থেকে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে দুপুরে লাওসের বিমানে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। ঘরের মাঠে অপরাজিত থেকে সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাগরিকাদের এবারের মিশন অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে অল্প ব্যবধানে হারের পর দ্রুত ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ হারারের স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচে প্রোটিয়াদেরও পয়েন্ট ৬। অন্যদিকে, জিম্বাবুয়ে এখনো জয়শূন্য। তারা চার ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে। আগামী ১০ আগস্ট হারারেতে অনুষ্ঠিত হবে ফাইনাল। টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে। পেসার ইকবাল হোসেন ইমন ও স্পিনার সানজিদ মজুমদার এবং স্বাধীন ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইমন ৭ ওভারে ২৭ রানে শিকার করেন ৪ উইকেট। সানজিদ ২৬ রানে ২টি ও লেগস্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে ২ উইকেট নিয়ে বিপর্যয় সৃষ্টি করেন।
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৫ আসর। গতকাল এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। মাসব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ ডিসেম্বর। চলতি বছরও তিনটি ভেন্যু- কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায় অনুষ্ঠিত হবে লিগের সব ম্যাচ। এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা ডোডানওয়েলা জানিয়েছেন, আসরটি এমন সময় আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সুনিশ্চিত করা। তিনি বলেন, ‘এই সময়টায় এলপিএল আয়োজনের মাধ্যমে আমরা খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের আগে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই। সময়সূচিও বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।’ ২০২০ সালে যাত্রা শুরু করা এলপিএল অল্প সময়েই শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা, পাশাপাশি নিয়মিতই দেখা যায় আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ।
৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল

৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এই নিয়ে দ্বিতীয়বারের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টে বিগ ব্যাশের দল, পাকিস্তান ‘এ’ এবং নেপাল জাতীয় দলও অংশ নেবে। অস্ট্রেলিয়ার রাজ্য নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে ১৪ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে ৯ আগস্ট অস্ট্রেলিয়ায় উড়ে যাবার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু দু’দিন আগেই দেশ ছাড়বে তারা। এজন্য ঘরের মাঠে প্রস্তুতির পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে। সিরিজের প্রস্তুতির জন্য গত এক মাস ধরে চট্টগ্রামে আছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। চট্রগ্রামে বিসিবি হাই পারফরমেন্স দলের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। আজ প্রথম ম্যাচ এবং পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ১ ও ৩ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ফ্লাইডলাইটের আলোতে। অস্ট্রেলিয়ার কন্ডিশন সর্ম্পকে ধারণা নিতে এই সিরিজটি বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত দুই দশকের মধ্যে আগামী বছর প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোলে থিম্পুকে হারাল পারো এফসি

শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোলে থিম্পুকে হারাল পারো এফসি ভুটান নারী জাতীয় লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে পারো এফসি। বৃষ্টিভেজা সন্ধ্যায় রুদ্ধশ্বাস এক ম্যাচে থিম্পু সিটিকে ২-১ গোলে হারিয়েছে দলটি। ম্যাচের শেষ মুহূর্তে বিজয়ী গোলটি করেন বাংলাদেশের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা, মাত্র চার মিনিট বাকি থাকতে। পারোর উঁচু স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। দুই দলের একাদশেই ছিল বাংলাদেশি ফুটবলারদের প্রাধান্য। পারোর হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন অধিনায়ক সাবিনা খাতুন। অপরদিকে থিম্পু সিটির প্রথম একাদশে ছিলেন মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র। প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে সতর্ক থাকায় গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম অর্ধ। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণের গতি বাড়ায় পারো এফসি। ৫১ মিনিটে সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন শ্যারন ফুং। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে থিম্পু সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান শামসুন্নাহার সিনিয়র। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ১-১ গোলে ম্যাচ যখন সমতার দিকে এগোচ্ছিল, তখনই ম্যাচের নিয়তি বদলে দেন ঋতুপর্ণা। ৮৬ মিনিটে পারো এফসির এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে সাবিনার থ্রু পাস ধরে একাই বল এগিয়ে নিয়ে যান ঋতুপর্ণা। ডান দিক দিয়ে দ্রুতগতিতে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তার গোলেই নিশ্চিত হয় পারোর জয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পারো এফসি। এই জয়ে লিগ টেবিলেও নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।
নারী এশিয়ান কাপ ২০২৬এর ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ

নারী এশিয়ান কাপ ২০২৬এর ড্র, ব্র্যান্ড উন্মোচন ও ম্যাচসূচি প্রকাশ সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর চূড়ান্ত ড্র অনুষ্ঠান, যেখানে একসাথে উন্মোচিত হয়েছে প্রতিযোগিতার অফিসিয়াল ব্র্যান্ড এবং ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি। ১২টি দেশের অংশগ্রহণে এবারের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার পাঁচটি বিশ্বমানের ভেন্যুতে-সিডনি, পার্থ এবং গোল্ড কোস্টে, যা নিশ্চিত করছে এক মাসের দুর্দান্ত নারী ফুটবল উৎসব। আগামী ১ মার্চ পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম ফিলিপাইনস ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই নারী ফুটবল টুর্নামেন্টের ২১তম আসরের। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশের অভিষেক ম্যাচ-যেখানে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এই ‘ডেভিড বনাম গোলিয়াথ’ লড়াইটি অনুষ্ঠিত হবে ৩ মার্চ, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে।
উরুগুয়েকে হারিয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল

উরুগুয়েকে হারিয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিল সবসময়ই ফেভারিট। ৯ আসরের মধ্যে ৮ বারই শিরোপা ঘরে তুলেছে সেলেসাও মেয়েরা। আজ দশম আসরে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। দাপুটে এই জয়ে তারা এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে প্রতিটি বিভাগেই দারুণ দাপট দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে এক গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুইয়ানদের জন্য। এক লাল কার্ডে খানিক বাদেই ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। পরে আরও দুই গোল হজম করে তারা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। বল পজেশনেও স্পষ্ট ব্যবধানে (৬৯ শতাংশ) এগিয়ে ছিল মার্তা সিলভারা। আগেরদিন গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে।
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: কঠিন গ্রুপে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: কঠিন গ্রুপে বাংলাদেশ আগামী বছরের ১ থেকে ২৩ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ ২০২৬। এবারই প্রথমবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে জমকালো আয়োজনের মাধ্যমে ১২ দলের ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাগতিক অস্ট্রেলিয়াসহ তাইওয়ান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের কোচ ও খেলোয়াড়রা। কিন্তু বাংলাদেশের পাশাপাশি জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইনের কোনো প্রতিনিধি এই ড্র অনুষ্ঠানে ছিল না। পিটার বাটলারের শিষ্যরা রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ—চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে: অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান, ফিলিপাইন। আর ‘সি’ গ্রুপে: জাপান, ভারত, ভিয়েতনাম, চাইনিজ তাইপে। এই এশিয়া কাপ শুধু একটি মহাদেশীয় টুর্নামেন্ট নয়, বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ার মঞ্চ। কোয়ার্টার ফাইনালে উঠলেই বাংলাদেশের সামনে খুলে যেতে পারে ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণের সম্ভাবনা। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল। ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫)। র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না। প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ।