তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের গোল উৎসব শুরুর দিকে কিছুটা সতর্ক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শিখা সিনহার গোলে এগিয়ে যাওয়ার পর শান্তি মার্দির দারুণ গোল ব্যবধান দ্বিগুণ করে দেয়। আজ লাওস জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পিটার বাটলারের দল। তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকসহ গোলের বন্যায় তিমুর লেস্তেকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেয়েরা। নবীরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তারও গোল পেয়েছেন। এর আগে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ের পর রোববার গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু গোলমুখ থেকে নবীরন খাতুন বল ঠেলতে ব্যর্থ হন। দুই মিনিট পর পাল্টা আক্রমণে তিমুর লেস্তে বিপদ তৈরি করলে স্বর্ণা কর্নার দিয়ে রক্ষা করেন। এরপর প্রতিপক্ষের শট গোললাইন থেকে হেডে ঠেকিয়ে দেন জয়নব বিবি রিতা। ২০তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকা থাকা শিখার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৩তম মিনিটে শান্তির বাঁ পায়ের কর্নার সরাসরি গোলপোস্টে লেগে জালে জড়ালে ব্যবধান হয় দ্বিগুণ—যা ছিল এক নিখুঁত গোল। কিছুক্ষণ পরই আরেক কর্নার থেকে হেডে নবীরন খাতুন গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা রানী সরকার চতুর্থ গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখের জটলার মধ্যে থেকে আবারও গোল করে ব্যবধান বাড়ান তৃষ্ণা। ৭৩তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে সাগরিকা সপ্তম গোল করেন। ৮১তম মিনিটে সাগরিকার আড়াআড়ি পাস ঠেলেই হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। যোগ করা সময়ে মুনকি আক্তারের গোল বড় জয় নিশ্চিত করে।
ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি ফুটবলের ‘পেলে’

ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি ফুটবলের ‘পেলে’ ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড সুলেইমান আল–ওবেইদ। গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য পেতে অপেক্ষমাণ ফিলিস্তিনি জনতার ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালালে প্রাণ হারান ৪১ বছর বয়সী এই ফুটবলার। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএএফ) গতকাল তাদের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে সুলেইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পিএএফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্যের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বিচ সার্ভিসেস দলের তারকা সুলেইমান আল–ওবেইদ। ফিলিস্তিন ফুটবলে সুলেইমান “দ্য গ্যাজেল (হরিণ)”, “দ্য ব্লাক পার্ল (কালো মুক্তা)”, “হেনরি অব প্যালেস্টাইন” এবং “পেলে অব প্যালেস্টাইন ফুটবল” নামে পরিচিত ছিলেন। পাঁচ সন্তান রেখে মারা গেছেন ফিলিস্তিন ফুটবলের এই পেলে।’ গাজায় জন্ম নেওয়া সুলেইমান সার্ভিসেস বিচ ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর পশ্চিম তীরে গিয়ে সেখানকার ক্লাব আল আমারি ইয়ুথ সেন্টারে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন। ২০১০–১১ মৌসুমে ফিলিস্তিনের প্রথম পেশাদার ফুটবল লিগ জেতেন সুলেইমান। আল আমারি ছেড়ে আল শাতিয়া ক্লাবে এক মৌসুম খেলেন সুলেইমান। এরপর গাজা স্পোর্টস ক্লাবের হয়ে সাউদার্ন গভর্নরেটস প্রিমিয়ার লিগে ২০২৬–১৭ মৌসুমে ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। পরের মৌসুমে আল খাদামা ক্লাবের হয়েও লিগে সর্বোচ্চ গোলদাতা হন। পিএএফের বিবৃতিতে আরও জানানো হয়, দুর্দান্ত গতি ও দক্ষতার জন্য ২০০৭ সালে ফিলিস্তিন জাতীয় দলে জায়গা করে নেন সুলেইমান। ২০১৩ সালে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলার আগে ২৪ ম্যাচে করেন ২ গোল। এর মধ্যে সুলেইমানের বিখ্যাত গোলটি ২০১০ সালে পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে। ইয়েমেনের বিপক্ষে ‘সিজর্স কিকে’ চোখধাঁধানো গোলটি করেছিলেন। সুলেইমানের মৃত্যুতে শোক জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি এরিক ক্যান্টোনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিখেছেন, ‘সাহায্য পাওয়ার আশায় রাফায় অবস্থান করার সময় ফিলিস্তিন জাতীয় দলের তারকা সুলেইমান আল–ওবেইদকে হত্যা করেছে ইসরায়েল। তাকে “ফিলিস্তিনের পেলে” ডাকা হতো। আমরা তাদের আর কত গণহত্যা করতে দেব? ফিলিস্তিন মুক্ত হোক।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল লাফ

ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল লাফ গত মাসে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই ও ২০২৭ এর বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৩ ম্যাচে তুর্কমেনিস্তান, মিয়ানমার ও বাহরাইনকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগস্টের নারী দলের ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দলের নাম বাংলাদেশ। আজ ফিফার হালনাগাদকৃত নারী দলের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ সময়কালে সবচেয়ে বেশি ৮০ দশমিক ৫১ পয়েন্ট অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। হালনাগাদকৃত র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৭৯ দশমিক ৮৭। আগের র্যাঙ্কিংয়ে যা ছিল ১০৯৯ দশমিক ৩৬। এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র্যাঙ্কিং ১০০তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও নেপাল। ৭ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে ভারত, আর ১৩ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে নেপাল।
পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি

পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোলের পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেছেন উরুগুইয়ান এই তারকা। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাওয়া এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডেভিড বেকহ্যামের দল। তবে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ডান পায়ের হালকা চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে। গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। যদিও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। তবে মাঠের বাইরে থেকে ম্যাচটি উপভোগ করেছেন দর্শক গ্যালারির স্যুট থেকে।
২০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফারে মেসিদের লিগে সন

২০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফারে মেসিদের লিগে সন দশ বছরের টটেনহ্যাম অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা। দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের অধিনায়ক সন মঙ্গলবার নিজ দেশ সফররত টটেনহ্যাম স্কোয়াড থেকে আলাদা হয়ে উড়ে যান লস অ্যাঞ্জেলেসে। সেদিন রাতে তিনি উপস্থিত ছিলেন এলএএফসি বনাম টাইগ্রেস ম্যাচে, গ্যালারিতে বসেই দেখেছেন নতুন দলের খেলা। মাঠের স্ক্রিনে তাকে দেখানো হলে উল্লাসে ফেটে পড়ে দর্শক। এলএএফসি বুধবার সনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে। জানা গেছে, ট্রান্সফার ফি হিসেবে ক্লাবটি ২০ মিলিয়ন ডলারের বেশি দিয়েছে, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ। টটেনহ্যামের হয়ে সন খেলেছেন ৪৫৪টি ম্যাচ, গোল করেছেন ১৭৩টি। চলতি বছরের মে মাসে ক্লাবকে ইউরোপা লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসে রয়েছে কোরিয়ার বাইরের সবচেয়ে বড় কোরিয়ান কমিউনিটি। শহরের কোরিয়াটাউন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এলএএফসি’র হোম গ্রাউন্ড বিএমও স্টেডিয়াম। ফলে মাঠ ও মাঠের বাইরেও প্রভাব বিস্তারের সুবর্ণ সুযোগ পাচ্ছেন এশিয়ার অন্যতম সেরা ফুটবলার সন। অনেকে বলছেন, তিনি হতে পারেন ফুটবলে লস অ্যাঞ্জেলেস ডজার্সের জাপানি তারকা শোহেই ওহতানির সমতুল্য একজন ফিগার। সনের বয়স এখন ৩৩। এমএলএসে খেলা লিওনেল মেসি (৩৫), লুইস সুয়ারেজ (৩৭), অলিভিয়ে জিরু (৩৭) বা হুগো লরিসের (৩৭) চেয়ে তুলনামূলক তরুণই বলা চলে তাকে। তাছাড়া সনের গতি, ফিনিশিং ও পজিশনাল বুদ্ধিমত্তা এলএএফসি’র গতিময় কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সনের আগমনে এলএএফসি দলে যুক্ত হচ্ছে পুরোনো টটেনহ্যাম সতীর্থ লরিসের সঙ্গে পুনর্মিলন। আর দলের বর্তমান তারকা ফরোয়ার্ড দেনিস বুয়াঙ্গার সঙ্গে মিলে সন গঠন করতে পারেন বিধ্বংসী আক্রমণত্রয়ী। তবে নতুন কোচের অধীনে শীতকালীন মৌসুমে এলএএফসি তাদের খেলার ধরণেও পরিবর্তন আনতে পারে, কারণ বর্তমান কোচ স্টিভ চেরান্ডোলো চার বছর পর বিদায় নিচ্ছেন জার্মানিতে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার, বেতন বেড়েছে ৫০ শতাংশ

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার, বেতন বেড়েছে ৫০ শতাংশ দুটি বিশ্বকাপ সামনে রেখে আগামী এক বছরের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত এই চুক্তিতে সব ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো হয়েছে ৫০ শতাংশ করে। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। দুর্দান্ত ফর্মে থাকা টি-টোয়েন্টি বোলার সাদিয়া ইকবাল পেয়েছেন তার প্রাপ্য স্বীকৃতি, উন্নীত হয়েছেন ক্যাটাগরি ‘এ’-তে। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ের শীর্ষে থাকা সাদিয়ার সঙ্গে আরও আছেন ফাতিমা সানা, মুনিবা আলি ও সিদরা আমিন। ক্যাটাগরি ‘বি’-তে উন্নীত হয়েছেন ডায়ানা বেগ (আগে ক্যাটাগরি ‘সি’), আর রামিন শামিম গেছেন ‘সি’ ক্যাটাগরিতে (আগে ‘ডি’)। নতুনভাবে চুক্তিতে যুক্ত হয়েছেন আলিয়া রিয়াজ (বি), সিদরা নবীজ (ডি), নাতালিয়া পারভেজ (ডি) ও ওয়াহিদা আখতার (ডি)। তরুণ প্রতিভা গড়ে তুলতে নতুনভাবে চালু করা হয়েছে ‘উদীয়মান’ বা ক্যাটাগরি ‘ই’। এখানে রয়েছৈন এখনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা ব্যাটার আইমান ফাতিমা এবং ইতোমধ্যে তিনটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলা শাওয়াল জুলফিকার। দুজনই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান স্কোয়াডে রয়েছেন। পিসিবি জানিয়েছে, নারী ক্রিকেট দলের নির্বাচক প্যানেল ও প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমের পরামর্শে সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করেই এই চুক্তি দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসে দুটি বড় টুর্নামেন্ট খেলবে পাকিস্তান নারী দল। ঘরের মাঠে বাছাইপর্ব জিতে তারা নিশ্চিত করেছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। এর পরের বছর তারা খেলবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
ভারতের ঐতিহাসিক জয়ের পর র্যাংকিংয়ে বড় লাফ সিরাজ-কৃষ্ণার

ভারতের ঐতিহাসিক জয়ের পর র্যাংকিংয়ে বড় লাফ সিরাজ-কৃষ্ণার ওভালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট জয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুইজনই পেয়েছেন নিজেদের ক্যারিয়ারসেরা রেটিং ও অবস্থান। মোহাম্মদ সিরাজ ৮ উইকেটের পারফরম্যান্সে ম্যাচসেরা হয়ে ১২ ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে, রেটিং পয়েন্ট ৬৭৪—যা তার ক্যারিয়ারসেরা। প্রসিদ্ধ কৃষ্ণা উঠেছেন এক লাফে ২৫ ধাপ, এখন ৫৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৩৬৮—এটাও তার সর্বোচ্চ অবস্থান। ভারতের জয়ের মতোই ইংল্যান্ডের দুই পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং-ও তাদের ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। অ্যাটকিনসন প্রথমবারের মতো প্রবেশ করেছেন শীর্ষ ১০-এ। জশ টাং উঠেছেন ১৪ ধাপ, এখন ৪৬ নম্বরে। ওভাল টেস্টের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে ঢুকে পড়েছেন, তার রেটিং পয়েন্ট এখন ৭৯২। অন্যদিকে সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন। অন্যকে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের মাঝে কিউই ব্যাটার ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন। ম্যাট হেনরি তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে, রেটিং পয়েন্ট ৮১৭—টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দুই ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। পাকিস্তানের সাইম আইয়ুব ২৫ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলারদের মধ্যে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়ে ৩২তম স্থানে, যেখানে তিনি এখন কেশব মহারাজের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন।
সান্তোসের জার্সিতে জোড়া গোল করে চেনা ছন্দে নেইমার

সান্তোসের জার্সিতে জোড়া গোল করে চেনা ছন্দে নেইমার সান্তোসের জার্সিতে সিরি আ’র ম্যাচে জুভেনতুদকে ৩-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে চেনা ছন্দে ফেরার আভাস দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সৌদির ফুটবল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর থেকেই পারফরম্যান্সে পরিবর্তন আনার প্রত্যাশা ছিল নেইমারের ওপর। এবার ধীরে ধীরে ছন্দে ফিরছেন তিনি। ২০২২ সালের আগস্টের পর এবারই প্রথম কোনো ক্লাব ম্যাচে জোড়া গোল করলেন নেইমার। শুধু তাই নয়, গত ৩ বছরের মধ্যে এই প্রথম একটানা পাঁচটি পূর্ণ ম্যাচ খেললেন তিনি-যেটা তার ফিটনেস ও মানসিক দৃঢ়তারই ইঙ্গিত। এবার তিনি শুধু নিজেকে নয়, সান্তোসকেও টেবিলের নিচের দিক থেকে তুলে আনতে চাইছেন। বর্তমানে দলটি ২০ দলের মধ্যে ১৫তম স্থানে রয়েছে, এবং আরও হার সইবার মতো অবস্থানে নেই।
ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ পাকিস্তানের

ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ফ্লোরিডার লডারহিলে শেষ ম্যাচে ১৩ রানে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সালমান আলি আগার দল। দ্বিতীয় ম্যাচে শেষ বলে বাউন্ডারির সাহায্যে সিরিজে সমতা ফেরালেও নির্ধারণী ম্যাচে শুরু থেকেই পিছিয়ে ছিল ক্যারিবিয়ানরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে তোলে ১৮৯ রান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে ১৩৮ রান তোলেন সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। ফারহান ৭৪ এবং সাইম ৬৬ রান করেন। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ১৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, শামার জোসেফ ও রস্টন চেজ। ওপেনার অ্যান্ড্রু জুয়েল (২৪) ফেরার পর আলিক আথানাজে (৬০) ও শেরফান রাদারফোর্ডের (৫১) ফিফটি সত্ত্বেও হার এড়াতে পারেনি তারা। পাকিস্তানের হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব ও সুফিয়ান মুক্বিম একটি করে উইকেট নেন। টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে লড়াইয়ে নামবে দুই দল। আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি লিওনেল মেসিকে নিয়ে স্বস্ত্বির খবর দিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার ডান পায়ের পেশির চোট খুব গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাবটি। তবে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার ফেরার নির্দিষ্ট সময় এখনও জানাতে পারেনি ক্লাবটি। গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে শুরুর দিকেই চোট পান মেসি। খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত একাদশ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। গত মৌসুমে একাধিক চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে গতকাল প্রকাশিত এক বিবৃতিতে মায়ামি জানায়, মেসির চোট ‘মাইনর’।