দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি!

দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি! নারী ওয়ানডে বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের পুরস্কারমূল্যও বাড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিগুণ বেড়েছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কারমূল্য। এখনও পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনো ঘোষণা না দিলেও ইতোমধ্যেই পুরস্কারমূল্য বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল ভারত। এবার তা দ্বিগুণ বাড়ছে। এবার চ্যাম্পিয়নরা ২ কোটি ৬০ লাখ টাকা পাবে। এবার যে দল রানার্স হবে তারা ১ কোটি ৩০ লাখ টাকা পাবে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লাখ ৫০ হাজার টাকা।এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু আসরটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবু ধাবির মাঠে হবে সব খেলা। মোট আটটি দল খেলছে এ বারের প্রতিযোগিতায়। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। দু’টি গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। তার পর শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে।আজ ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে এই আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং। আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।কয়েক মাস পর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দলগুলো। তাই এবারের আসর হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।
৯ গোলের থ্রিলারে ইসরায়েলকে হারাল ইতালি

৯ গোলের থ্রিলারে ইসরায়েলকে হারাল ইতালি ইনজুরি টাইমে সান্দ্রো টোনালির দুর্দান্ত গোলে ইসরায়েলের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে ইতালি। বিশ্বকাপ বাছাইপর্বের এই রোমাঞ্চকর ম্যাচে গোল হয়েছে মোট নয়টি, শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল ফলাফল। ম্যাচের ১৬তম মিনিটে মানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। তবে বিরতির আগে সাবেক এভারটন স্ট্রাইকার মইজে কিন সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডর পেরেটজ আবার এগিয়ে দেন ইসরায়েলকে। কিন্তু মাত্র দুই মিনিট পর কিনের দ্বিতীয় গোল ইতালিকে ফিরিয়ে আনে। এরপর মাত্তেও পলিতানো এগিয়ে দেন দলকে এবং গিয়াকোমো রাসপাদোরির গোলে ৮১তম মিনিটে স্কোর দাঁড়ায় ৪-২। তবে শেষ মুহূর্তে নাটকীয়তা জমে ওঠে। ৮৭তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইসরায়েল। দুই মিনিট পর পেরেটজের দ্বিতীয় গোলেই স্কোরলাইন হয়ে যায় ৪-৪। ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই ৯১তম মিনিটে টোনালি দূরপাল্লার শটে জালে বল পাঠিয়ে ইতালিকে এনে দেন অমূল্য তিন পয়েন্ট। এই জয়ে গ্রুপ আই-তে চার ম্যাচে ইতালি দুটি জয় পেলেও এখনো চাপে রয়েছে। কারণ নরওয়ে শতভাগ সাফল্যে চার ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে রয়েছে। শুধুমাত্র গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে খেলবে, রানার্স-আপদের লড়তে হবে প্লে-অফে। আগামী ১১ অক্টোবর এস্তোনিয়ার মাঠে খেলতে নামবে ইতালি, ১৪ অক্টোবর নিজেদের মাঠে আতিথ্য দেবে ইসরায়েলকে। এরপর ১৩ নভেম্বর মলদোভার বিপক্ষে এবং ১৬ নভেম্বর নরওয়ের বিপক্ষে হতে পারে গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচ।
১৯৮৪ এশিয়া কাপ: শারজাহতে ভারত-পাকিস্তানকে এক মঞ্চে এনেছিল ক্রিকেট

১৯৮৪ এশিয়া কাপ: শারজাহতে ভারত-পাকিস্তানকে এক মঞ্চে এনেছিল ক্রিকেট ২০২৫ সালের এশিয়া কাপকে ঘিরে ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি হচ্ছে। তবে এবার দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অনেক বেশি, যে কারণে আয়োজক ভারত শেষ পর্যন্ত ভেন্যু দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।কিন্তু ১৯৮৪ সালের চিত্র ছিল ভিন্ন। তখন এতটা বৈরিতা ছিল না, বরং সেই সময়েই শারজাহতে আয়োজিত হয় প্রথম এশিয়া কাপ। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেয় ঐতিহাসিক আসরে। শারজাহর উন্মাদনা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের জেনারেল ম্যানেজার মাজার খান স্মৃতিচারণ করে বলেন, ‘ঘোষণার পরপরই টিকিটের জন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। ভারত ও পাকিস্তানের তারকা খেলোয়াড়দের পাশাপাশি চলচ্চিত্র জগতের সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন। সুনীল গাভাস্কার ছিলেন ভারতের অধিনায়ক, জাহির আব্বাস পাকিস্তানের, আর শ্রীলঙ্কার নেতৃত্বে ছিলেন দুলীপ মেন্ডিস। ’সেই মেন্ডিসই এবার এশিয়া কাপে ফিরছেন ওমান দলের কোচ হিসেবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্ম সংযুক্ত আরব আমিরাত শুধু টুর্নামেন্ট আয়োজনেই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) গঠনের সঙ্গেও যুক্ত। ১৯৮৩ সালে আব্দুল রহমান বুকাহতীরের নেতৃত্বে গঠিত হয় সংস্থাটি, এবং পরের বছরই শুরু হয় এশিয়া কাপ। এটি ছিল মধ্যপ্রাচ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। ভারতের শিরোপা জয় ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারত এশিয়া কাপেও দারুণ ফর্ম ধরে রাখে। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে তারা প্রথম এশিয়া কাপ জেতে। আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সুরিন্দর খান্না।দিলিপ ভেঙ্গসরকার সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, ‘শারজাহতে খেলা আমাদের জন্য দারুণ ছিল। দর্শক ছিল উপচে পড়া, ভারত ও পাকিস্তানি প্রবাসীরা বিপুল সংখ্যায় এসেছিলেন। আমরা শিরোপা জিতেছিলাম, আর পরিবেশ ছিল বিদ্যুতায়িত। ’ শারজাহর অবদান পরবর্তী সময়ে শারজাহ আয়োজন করেছে অসংখ্য বড় ম্যাচ ও ক্রিকেটার্স বেনিফিট ফান্ড সিরিজ (সিবিএফএস)। ভেঙ্গসরকার বলেন, ‘তখন কেবল শারজাহই ছিল, এখন দুবাই ও আবুধাবিতেও আধুনিক স্টেডিয়াম আছে। কিন্তু ক্রিকেট ছড়িয়ে দেওয়ায় শারজাহর অবদান অসাধারণ। ’
বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোর স্বপ্ন দেখছে হংকং

বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোর স্বপ্ন দেখছে হংকং এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। চার দলের মধ্যে কাগজে-কলমে তুলনামূলক দুর্বল হিসেবেই ধরা হচ্ছে হংকংকে, কিন্তু তারা নিজেদের পিছিয়ে রাখতে রাজি নয়। দলটির অধিনায়ক নিজাকাত খান জানিয়েছেন, তারা বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোর মতো সক্ষমতা রাখে। আজ আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে হংকং। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশের। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শেষ অনুশীলন সেরে ফেলেছে দলটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজাকাত বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। নির্দিষ্ট দিনে যে কেউ ম্যাচ জেতাতে পারে। টি-টোয়েন্টি এমন এক খেলা যেখানে ২-৩ ওভারের ভেতরেই সব পাল্টে যায়। আমাদের দল যথেষ্ট প্রস্তুত। ’২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় বাংলাদেশকে হারানোর স্মৃতি আবারও মনে করিয়ে দেন হংকং অধিনায়ক। ওই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। নিজাকাত বলেন, ‘সেই জয়টা ভোলার মতো নয়। বাংলাদেশকে তাদের মাঠে হারানো ছিল কঠিন কাজ, কিন্তু আমরা কামব্যাক করেছিলাম। ’টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দল–ছোট দল বলে কিছু নেই বলে মনে করেন তিনি, ‘যেদিন আপনি ভালো খেলবেন, সেদিনই জিতবেন। আমরা আগেও আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়েছি। শুরু থেকেই যদি সর্বোচ্চটা দিতে পারি, কিছুই অসম্ভব নয়। ’
নেপালে বিক্ষোভ, বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন বন্ধ

নেপালে বিক্ষোভ, বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন বন্ধ নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের ওপর থেকে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারও তরুণ বিক্ষোভ করেছে। জেন-জি বিক্ষোভকারীরা দেশটির নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। আজ শান্তিপূর্ণ কর্মসূচির কথা থাকলেও জেন-জিদের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত বানেশ্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে কাঠমান্ডুর জেলা প্রশাসন কার্যালয়। এদিকে বাংলাদেশ ফুটবল দল নেপালে অবস্থানে করছে। আজ স্থানীয় সময় বিকালে জাতীয় দলের অনুশীলন করার পূর্বনির্ধারিত সূচি ছিলো। আন্দোলনের কারণে সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন বন্ধ রয়েছে। কারণ সেখানে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে দলের হোটেল থেকে বের হওয়ার অনুমতি নেই।
বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে ২৯২ রান করে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল দ্বিতীয় ম্যাচেও কাছাকাছি সংগ্রহ ছিল আজিজুল হাকিম তামিমের দলের। ৯ উইকেটে ২৭৩ রান তুলেছিল তারা। ডিএল মেথডে ৪৭ ওভারে ইংল্যান্ড পেয়েছিল ২৭১ রানের লক্ষ্য, ম্যাচটি ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে নিল তারা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জেতায় পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসল। দুদল ১০ সেপ্টেম্বর তৃতীয়, ১২ সেপ্টেম্বর চতুর্থ ও ১৪ সেপ্টেম্বর পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে।
এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল প্রস্তুতি পর্বের মাঝপথেই আত্মবিশ্বাসী কণ্ঠে শোনা গিয়েছিল জাকের আলির ঘোষণা, ‘এবার এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য একটাই, শিরোপা।’ দেশ ছাড়ার আগেও সেই বিশ্বাস অটল রেখেছেন তিনি। অধিনায়ক লিটন দাসও একই স্বপ্ন বুকের ভেতর ধারণ করে উড়াল দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। রোববার দুই ধাপে আবুধাবির উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। সকালে প্রথম দফায় দেশ ছাড়েন লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও তাওহিদ হৃদয়সহ বেশ কয়েকজন ক্রিকেটার। বাকিদের যাত্রা সন্ধ্যার ফ্লাইটে। এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়েছিল এক মাস আগে। শুরুতে ছিল কঠোর ফিটনেস ট্রেনিং, এরপর ব্যাটিং-বোলিংয়ের স্কিল ঝালাই। মিরপুরে অনুশীলনের পর সিলেটে গিয়েও নিবিড় প্রস্তুতি চালায় দল। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের উপস্থিতি ছিল বাড়তি সুবিধা। নিয়মিত স্কিল ও ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ আয়োজন করে বিসিবি, যেখানে সিরিজ জয়েই আত্মবিশ্বাস বাড়ায় দল। এই আত্মবিশ্বাস নিয়েই মূল অভিযানে নামছে বাংলাদেশ। জাকের আলি দেশ ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই মনে-প্রাণে বিশ্বাস করি চ্যাম্পিয়ন হতে পারব। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত প্রস্তুতি খুব ভালো হয়েছে। ধাপে ধাপে ভালো খেলে একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই। এশিয়া কাপ শুরু হবে মঙ্গলবার, তবে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এর পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বিশ্লেষক আকাশ চোপড়া ও রাসেল আর্নল্ড বাংলাদেশের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এসব মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না জাকের, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই, আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ এবার এশিয়া কাপে নামছে নতুন উদ্যমে। লিটন দাসও দেশে বলেছিলেন, এত ভালো প্রস্তুতি আগে আর কখনও হয়নি। এবার আবুধাবি যাওয়ার বিমানে চেপেই আবার শোনালেন স্বপ্নের কথা, ‘বিশ্বের সেরা সমর্থকদের কাছে প্রার্থনা চাইছি আমার জন্য ও আমার দলের জন্য। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করছি আমরা। এক ম্যাচ এক ম্যাচ করে এগোব, তবে চূড়ান্ত স্বপ্ন অবশ্যই ট্রফি উঁচিয়ে ধরা। আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান ও হংকং। পরবর্তীতে বাকি দলগুলোও নিজ নিজ ম্যাচে মাঠে নামবে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই, যেখানে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২০ তারিখ শুরু হবে সুপার ফোরের লড়াই। এই পর্বে অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ, যা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শিরোপা ঘরে তুলবে জয়ী দল। ২০২৫ এশিয়া কাপের দুই গ্রুপ গ্রুপ এ : ভারত ,পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান গ্রুপ বি : বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং ২০২৫ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি গ্রুপ পর্ব: তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ) ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং রাত ৮টা ১০ সেপ্টেম্বর ভারত বনাম আরব আমিরাত রাত ৮টা ১১ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম হংকং রাত ৮টা ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান রাত ৮টা ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা রাত ৮টা ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান রাত ৮টা ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমান বিকাল ৪ টা ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং রাত ৮টা ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান রাত ৮টা ১৭ সেপ্টেম্বর পাকিস্তান বনাম আরব আমিরাত রাত ৮টা ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান রাত ৮টা ১৯ সেপ্টেম্বর ভারত বনাম ওমান রাত ৮টা সুপার ফোর ও ফাইনাল : তারিখ ম্যাচ ২০ সেপ্টেম্বর বি-১ বনাম বি-২ ২১ সেপ্টেম্বর এ-১ বনাম এ-২ ২৩ সেপ্টেম্বর এ-২ বনাম বি-১ ২৪ সেপ্টেম্বর এ-১ বনাম বি-২ ২৫ সেপ্টেম্বর এ-২ বনাম বি-২ ২৬ সেপ্টেম্বর এ-২ বনাম বি-১ ২৮ সেপ্টেম্বর ফাইনাল প্রসঙ্গত, সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। সেই আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের অষ্টম শিরোপা ঘরে তোলে ভারত।
থুতু দিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ মায়ামির তারকা সুয়ারেজ

থুতু দিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ মায়ামির তারকা সুয়ারেজ লিগস কাপ ফাইনালে বিতর্কিত ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়লেন ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ। সিয়াটল সাউন্ডার্সের স্টাফ সদস্যের ওপর থুতু নিক্ষেপ করায় তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি। গত রোববার অনুষ্ঠিত ফাইনালে মায়ামিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জেতে সাউন্ডার্স। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সতীর্থ ও কোচরা মিলে সুয়ারেজকে ধরে রাখতে বাধ্য হন। এ সময়ই প্রতিপক্ষ দলের এক স্টাফের দিকে থুতু ছুড়ে বসেন উরুগুইয়ান তারকা। শুধু সুয়ারেজই নয়, মায়ামির আরও দুজন খেলোয়াড়ের শাস্তি হয়েছে। মিডফিল্ডার সার্জিও বুসকেটস সাউন্ডার্সের তরুণ খেলোয়াড় ওবেদ ভার্গাসকে ঘুষি মারায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর ডিফেন্ডার তোমাস আভিলেসকে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করেছে কমিটি। অন্যদিকে, সাউন্ডার্স কোচিং স্টাফের সদস্য স্টিভেন লেনহার্টকেও পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে লিগস কাপের নিয়ম ভঙ্গ করায়। আয়োজক কমিটির বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া চারজনের প্রত্যেককেই জরিমানাও দিতে হবে এবং এসব নিষেধাজ্ঞা পরবর্তী লিগস কাপ আসরগুলোতে কার্যকর হবে, যতদিন না সম্পূর্ণ মেয়াদ শেষ হয়। একইসঙ্গে এমএলএস চাইলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। তবে এ শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। কারণ, লিগস কাপ প্রতি গ্রীষ্মে অনুষ্ঠিত হয়। অর্থাৎ, ২০২৬ আসরে এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। এদিকে সুয়ারেজ ও বুসকেটসের মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষেই শেষ হচ্ছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন সুয়ারেজ। তিনি লিখেছেন, “ম্যাচ শেষে অতিরিক্ত উত্তেজনা ও হতাশার মুহূর্তে কিছু ঘটেছে যা হওয়া উচিত ছিল না। তবে তাতেও আমার আচরণের সাফাই মেলে না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এটা সেই ছবি নয় যা আমি আমার পরিবার, ক্লাব বা সমর্থকদের সামনে তুলে ধরতে চাই।” পরবর্তীতে ইন্টার মায়ামিও এক বিবৃতিতে জানিয়েছে, তারা লিগস কাপ ফাইনালের পর ঘটে যাওয়া সব ধরনের অশোভন আচরণকে নিন্দা জানাচ্ছে।
নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে নানা গুঞ্জনের অবসান ঘটল অবশেষে। আলোচনায় ছিল- হয়তো নির্বাচনের বদলে গঠন হতে পারে একটি অ্যাডহক কমিটি। তবে সেই সব জল্পনা ছাপিয়ে বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২০২৫ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন। শনিবার (০৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, সংবিধান ও বিধিবিধান অনুযায়ী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের নেতৃত্বে থাকছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো. সিবগাত উল্লাহ, যিনি থাকবেন কমিশনার হিসেবে। তৃতীয় সদস্য হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব পদমর্যাদা)। এতে স্পষ্ট হলো, বিসিবি নির্বাচনের প্রক্রিয়া এখন পুরোপুরি শুরু হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভোটের রূপরেখা ও সময়সূচি চূড়ান্ত করবে এই কমিশন।
অঁরির রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয়

অঁরির রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয় শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের অসাধারণ এক গোল ফ্রান্সকে এনে দিল স্বস্তির জয়। গতকাল দিবাগত রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে লেস ব্লুজরা। ম্যাচে গোল করেই ফ্রান্সের জার্সিতে কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছুঁয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। এদিন ম্যাচের ৮২ মিনিটে গোল করেন এমবাপ্পে। এই গোলের পর ফ্রান্সের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ৫১। অঁরির সমান হলো তার রেকর্ড। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পে এখন দ্বিতীয়। তার ওপরে আছেন শুধু অলিভিয়ে জিরু। আর ৭ গোল করলেই তার রেকর্ডও ভেঙে দেবেন তিনি। ম্যাচে এমবাপ্পের গোল বানিয়ে দেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ান শুয়ামেনি। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে আসে গোলটি। এর আগে ম্যাচের শুরুতে গোল করেছিলেন মাইকেল ওলিসে।