পর্তুগালে ‘সর্বকালের সেরা’ নির্বাচিত হলেন রোনালদো

পর্তুগালে ‘সর্বকালের সেরা’ নির্বাচিত হলেন রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজ দেশ পর্তুগালে দেওয়া হলো বিশেষ সম্মাননা। পর্তুগিজ লিগের আয়োজনে অনুষ্ঠিত এক গালায় ৪০ বছর বয়সী এ স্ট্রাইকারকে ভোটে বেছে নেওয়া হয়েছে ‘সর্বকালের সেরা খেলোয়াড়’ হিসেবে। আল-নাসরের হয়ে খেলতে থাকা রোনালদোকে আয়োজকরা অভিহিত করেছেন ‘খেলাধুলার অনিবার্য মুখ ও কোটি ভক্তের আইডল’ হিসেবে। পুরস্কার হাতে নিয়ে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় গর্বের মুহূর্ত। আমার সব সতীর্থ, কোচ ও যারা আমাকে বারবার উন্নত হতে সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ’ পর্তুগিজ ফার্স্ট ডিভিশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। তার পরিশ্রমী মানসিকতা, প্রতিযোগিতার স্পৃহা ও গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে পরিসংখ্যানের বাইরে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা ও বিশ্বজুড়ে প্রভাব—সবকিছু মিলিয়ে তিনি ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা। ’জাতীয় দলের জার্সিতেও রোনালদো রেখেছেন বিশেষ ছাপ। এখন পর্যন্ত তিনি দেশের হয়ে সর্বোচ্চ ২২৩ ম্যাচে মাঠে নেমেছেন এবং রেকর্ড ১৪১ গোল করেছেন। একই সঙ্গে পর্তুগালের তিনটি বড় শিরোপা—২০১৬ ইউরো, ২০১৯ ও ২০২৫ নেশনস লিগ জয়ে সরাসরি অবদান রেখেছেন এই মহাতারকা।

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের আসরে এখনো খালি ৩০টি জায়গা

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের আসরে এখনো খালি ৩০টি জায়গা আগামী গ্রীষ্মে বসছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। এবার মোট ৪৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। আয়োজক তিন দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। আরও ৪৩টি স্থান নির্ধারিত হবে ছয় মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে। আর বাকি দুটি জায়গা নির্ধারণ হবে আগামী মার্চে মেক্সিকোর মন্তেরি ও গুয়াদালাহারায় ছয় দলের আন্তঃমহাদেশীয় প্লে-অফে। এ পর্যন্ত ১৮টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে মূল ড্র। আফ্রিকা নয়টি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা চার রানার্স-আপ নভেম্বরের প্যান-আফ্রিকান প্লে-অফে লড়বে আন্তঃমহাদেশীয় প্লে-অফের একটি জায়গার জন্য। মরক্কো (কাতার ২০২২-এর সেমিফাইনালিস্ট) ও তিউনিসিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। তিউনিসিয়া এখনো পর্যন্ত আট ম্যাচে কোনো গোল হজম করেনি। মিশর শীর্ষে থাকলেও বুর্কিনা ফাসোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণে নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত আরেক মাস। ম্যাচে ইনজুরিতে পড়েছেন স্ট্রাইকার ওমর মামরুশ, যা উদ্বেগের কারণ ম্যানচেস্টার সিটির সমর্থকদের জন্যও। কেপ ভার্দে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে ওঠার এক জয় দূরে রয়েছে। তারা ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। অন্যদিকে সেনেগাল নাটকীয়ভাবে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে হারিয়েছে কঙ্গোকে। নাইজেরিয়ার পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ ড্র করে পিছিয়ে পড়েছে তারা। শৃঙ্খলাজনিত কারণে নিষিদ্ধ থাকা সত্ত্বেও খেলোয়াড় তেবোহো মকোয়েনাকে মাঠে নামানোর অভিযোগে ফিফা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা, তা এখনো অনিশ্চিত। আইভরি কোস্ট, আলজেরিয়া ও ঘানা সরাসরি যোগ্যতা অর্জনের দারুণ অবস্থানে রয়েছে। এশিয়া এশিয়া থেকে সরাসরি যাবে আট দল, আর একটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফে লড়বে। জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান ও উজবেকিস্তান ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে জর্ডান ও উজবেকিস্তান। বাকি দুটি জায়গার জন্য লড়ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, ওমান, সৌদি আরব ও ইন্দোনেশিয়া। বিশেষ নজর থাকবে সৌদি আরবের দিকে। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া দেশটি কি না এবারই বাদ পড়ে যায়? অক্টোবরে তারা জেদ্দায় মুখোমুখি হবে ইন্দোনেশিয়া ও ইরাকের। ইউরোপ ইউরোপ থেকে সরাসরি যাবে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন দল। বাকি চার জায়গা নির্ধারিত হবে রানার্স-আপ ও নেশনস লিগের সেরা দলদের মধ্যে প্লে-অফের মাধ্যমে। ইংল্যান্ডের অবস্থা দারুণ আশাব্যঞ্জক, কিন্তু ইতালি, জার্মানি ও সুইডেনের জন্য সময়টা কঠিন হয়ে উঠছে। সুইডেন এখন শীর্ষ দল সুইজারল্যান্ডের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে। বিপরীতে নরওয়ে দুর্দান্ত ফর্মে, পাঁচ ম্যাচে শতভাগ জয় নিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। জার্মানি নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে, যদিও তারা উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। স্কটল্যান্ড ও ওয়েলসের আশা এখনো টিকে আছে, কিন্তু আয়ারল্যান্ড বড় ধাক্কা খেয়েছে আর্মেনিয়ার কাছে ২-১ গোলে হেরে। বর্তমানে শীর্ষে থাকা দলগুলো হলো: ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে, বসনিয়া, উত্তর মেসিডোনিয়া ও স্লোভাকিয়া। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। রানার্স-আপ দুই দল সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। এখানে জ্যামাইকা, সুরিনাম ও হন্ডুরাস ভালো অবস্থানে আছে। ওশেনিয়া ওশেনিয়া থেকে একমাত্র সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বাকি একটি সুযোগ নিয়ে মার্চে প্লে-অফে খেলবে নিউ ক্যালেডোনিয়া। দক্ষিণ আমেরিকা এই অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে যায়। ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। সপ্তম হয়ে আন্তঃমহাদেশীয় প্লে-অফে উঠেছে বলিভিয়া, যারা চমক দেখিয়ে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলকে।

নেপাল থেকে দেশের পথে জাতীয় ফুটবল দল

নেপাল থেকে দেশের পথে জাতীয় ফুটবল দল নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর আড়াইটায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।

ক্রিকেট ইতিহাসে প্রথম; ওয়ানডে বিশ্বকাপে দায়িত্বে থাকবেন কেবল নারীরাই

ক্রিকেট ইতিহাসে প্রথম; ওয়ানডে বিশ্বকাপে দায়িত্বে থাকবেন কেবল নারীরাই ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ এবার এক ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী হতে যাচ্ছে। পুরো আসরটি পরিচালনা ও তদারকি করবেন শুধুমাত্র নারী আম্পায়ার ও রেফারিরা। মোট ১৮ জন ম্যাচ অফিসিয়াল—এর মধ্যে ১৪ জন আম্পায়ার ও ৪ জন রেফারি—নিয়োগ দেওয়া হয়েছে ৩১ ম্যাচের এই টুর্নামেন্টে, যা শুরু হবে ৩০ সেপ্টেম্বর। নারী ওয়ানডে বিশ্বকাপে এটাই প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে অল-উইমেন প্যানেলের দায়িত্বপ্রাপ্তি। এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ কমনওয়েলথ গেমসেও আংশিকভাবে এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস ও সু রেডফার্ন থাকছেন তাদের তৃতীয় বিশ্বকাপে। এছাড়া ২০২২ সালের ফাইনালে দায়িত্ব পালন করা লরেন এজেনব্যাগ ও কিম কটনও এবার ফিরছেন। এলোইজ শেরিডানও থাকছেন অফিসিয়াল প্যানেলে। তালিকায় রয়েছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা খান জেসিও। রেফারিদের মধ্যে রয়েছেন ভারতের জি এস লক্ষ্মী, পাশাপাশি ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ ও মিশেল পেরেইরা। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই উদ্যোগকে বলেছেন ‘নারী ক্রিকেটের যাত্রায় এক সংজ্ঞায়িত মুহূর্ত। ’ তিনি বলেন, ‘এটি শুধু একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে জেন্ডার সমতায় আইসিসির অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন। বিশ্বকাপ মঞ্চে শুধু নারী অফিসিয়ালদের অন্তর্ভুক্তি দৃশ্যমানতা, সুযোগ ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো রোল মডেল তৈরির এক বড় পদক্ষেপ। ’ তিনি আরও যোগ করেন, ‘এই সিদ্ধান্ত কেবল প্রতীকী নয়। এটি দেখাবে, ক্রিকেটে নেতৃত্ব ও প্রভাবের কোনো লিঙ্গভেদ নেই। ’

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে হার মেনেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকালে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে যায় মেসিহীন আলবিসেলেস্তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন এনার ভ্যালেন্সিয়া। ম্যাচে দুই দলই ১০ জনের দলে পরিণত হয় কার্ডের কারণে। এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডর শেষ করেছে দ্বিতীয় স্থানে, আর ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তবে এদিন মাঠে নামেননি লিওনেল মেসি। যিনি গত বৃহস্পতিবার নিজ দেশে খেলেছিলেন সম্ভবত তার শেষ আনুষ্ঠানিক ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটে লাল কার্ড দেখেন নিকোলাস ওটামেন্ডি। তাতে দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। বিরতির পর ৫০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের মইসেস কাইসেদো। বাকি সময় উভয় দল দশজন নিয়ে খেললেও ভ্যালিন্সয়ার গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

হার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল ব্রাজিল-আর্জেন্টিনা

হার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল ব্রাজিল-আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে আশা জিইয়ে রেখেছে বলিভিয়া। অন্যদিকে একুয়েডরের মাঠে হেরে বাছাই শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এল আলতোয় বলিভিয়া ব্রাজিলকে হারিয়েছে ১-০ গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন মিগেল তেসেরোস। ব্রুনো গিমারাইসের ফাউলে পাওয়া স্পট কিকেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। পুরো ম্যাচে বলিভিয়া নিয়েছিল ২৩টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে বল দখলে এগিয়ে থেকেও ব্রাজিল ১০ শটে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। উচ্চতার কারণে ব্রাজিল নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া। অন্যদিকে আগেই বিশ্বকাপ নিশ্চিত হলেও বাছাই শেষ হয়েছে ব্রাজিলের হারের মধ্য দিয়ে। একই সময়ে কলম্বিয়ার বিপক্ষে ৬-৩ গোলে হেরে যায় ভেনেজুয়েলা। দুইবার এগিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরাজিত হয় তারা। লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে ভেঙে যায় তাদের স্বপ্ন। লাতিন আমেরিকা থেকে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভেনেজুয়েলা। কিটোয় আর্জেন্টিনাকে হারিয়েছে একুয়েডর। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণে এনর ভালেন্সিয়াকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নিকোলাস ওতামেন্দি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি ফাউলে ভিএআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে একুয়েডরের একজন খেলোয়াড়ও লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও আর্জেন্টিনা গোল শোধ করতে পারেনি। পুরো ম্যাচে তাদের কোনো শট লক্ষ্যে ছিল না। ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাই শেষ করেছে আর্জেন্টিনা। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে একুয়েডর। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা (৩৮), একুয়েডর (২৯), কলম্বিয়া (২৮), উরুগুয়ে (২৮), ব্রাজিল (২৮) ও প্যারাগুয়ে (২৮)। সপ্তম হয়ে প্লে-অফে গেছে বলিভিয়া (২০)। অষ্টম স্থানে থেকে বিদায় নিয়েছে ভেনেজুয়েলা (১৮)।

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদোর নতুন মাইলফলক

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদোর নতুন মাইলফলক ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন। সেই ইতিহাস গড়ার পথে পর্তুগিজ উইঙ্গার পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে (৩-২) জয়ের মধ্য দিয়ে রোনালদো ক্যারিয়ারের ৩৯তম বিশ্বকাপ বাছাই গোল করলেন। এতে তিনি গুয়াতেমালার সাবেক ফরোয়ার্ড কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন। ৪০ বছর বয়সী রোনালদো ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন, যা তার ক্যারিয়ারের ৯৪৩তম গোল। এই গোলের সুবাদে তিনি বাছাইয়ে লিওনেল মেসিকে (৩৬) তিন গোলে পেছনে ফেললেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৪১টিতে, যা বিশ্ব রেকর্ড।ম্যাচে হাঙ্গেরির বার্নাবাস ভার্গা দুটি গোল করে সমতা ফেরালেও শেষ মুহূর্তে হুয়াও কানসেলোর গোল পর্তুগালকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। এর আগে প্রথম গোলটি করেছিলেন ম্যানসিটি তারকা বের্নার্দো সিলভা। এই জয়ের ফলে রবার্তো মার্টিনেজের শিষ্যরা দুই ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ–‘এফ’-এর শীর্ষে রয়েছে ৬ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে আছে আর্মেনিয়া ৩ পয়েন্ট নিয়ে।

ফেব্রুয়ারিতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়োজক ভারত ও শ্রীলঙ্কা

ফেব্রুয়ারিতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়োজক ভারত ও শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রঙিন আসর আবারও দোরগোড়ায়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবরে এমনটাই বলা হয়েছে। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, ভারতের অন্তত পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে হবে ম্যাচ। ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে দুই জায়গায়— আহমেদাবাদ বা কলম্বো। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, অন্যথায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে শিরোপা লড়াই। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত–পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে রাজি নয়। তিন বছর আগে হওয়া সমঝোতা অনুযায়ী এবারও একই নিয়ম মানা হবে। ফলে আয়োজক সমীকরণে থাকছে বাড়তি উত্তেজনা। ২০ দলের এ মহাযুদ্ধে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ১৫ দলের নাম। আফ্রিকা, এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাকি পাঁচটি দল আসবে বাছাইপর্বের মাধ্যমে। ইতিহাস গড়ে ইতালি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। ইতিমধ্যে যারা বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা হলো— বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। ফরম্যাট থাকছে আগের মতোই। ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে, প্রতিটিতে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে আবার দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে সেমিফাইনালের জন্য। এরপরই শুরু হবে শিরোপা জয়ের শেষ লড়াই।

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। আসরের পর্দা নামবে ৮ মার্চ। এমন তথ্যই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ভারত। ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে খেলা হবে। তবে ফাইনাল কোথায় হবে তা নির্ভর করছে পাকিস্তানের ফলাফলের ওপর।পাকিস্তান যদি ফাইনালে উঠে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। কারণ আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। আর পাকিস্তান যদি আগেই বিদায় নেয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলোকে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেয়া হয়েছে। ক্রিকইনফোর খবরে এমনটাই বলা হয়েছে। চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ২০ দল। প্রতি গ্রুপ থেকে দুটি দল খেলবে সুপার এইটে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে দুটি করে দল অংশ নেবে সেমি ফাইনালে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ১৫টি দল বিশ্বকাপে নিজেদের খেলা নিশ্চিত করেছে। দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।

জামালদের হোটেলের গেটের সামনে আগুন, চলছে বিক্ষোভ

জামালদের হোটেলের গেটের সামনে আগুন, চলছে বিক্ষোভ কাঠমাণ্ডুর অস্থির পরিস্থিতিতে আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দলের হোটেলের সামনে আগুন লাগার ঘটনায়। ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে অবস্থানরত জামাল ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যায় হোটেলের গেটের সামনেই আগুন জ্বলছে, চারপাশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। ভিডিওতে হোটেলের একজন নারী কর্মী আতঙ্কিত কণ্ঠে হিন্দিতে বলছেন, ‘আগ লাগ গেই, আগ লাগ গেই’, অর্থাৎ আগুন লেগে গেছে। তিনি দ্রুত বের হওয়ার অনুরোধ জানান। জামালও সতীর্থদের উদ্দেশে বলছিলেন, ‘এখানে সেইফ না, আমাদের দ্রুত বের হওয়া দরকার। ’ যদিও পোস্ট করা ভিডিওটি ফেসবুক থেকে কিছুক্ষণ পর রিমুভ করে দিয়েছেন জামাল ভূঁইয়া। এর আগে সড়কে বিক্ষোভ ও সহিংসতার কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি বাংলাদেশ দল। আনফা (নেপাল ফুটবল ফেডারেশন) নিরাপত্তাজনিত কারণে দলকে হোটেল থেকে বের হতে দেয়নি। ফলে দুপুর তিনটার ফ্লাইট মিস করে হোটেলেই অবস্থান করতে হয়েছে জামাল-তপুদের। দলের সঙ্গে থাকা বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি এতটাই অস্থির যে রাস্তায় নামার অনুমতি মেলেনি। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খানও জানিয়েছিলেন, ‘আমরা হোটেলেই নিরাপদে আছি। কখন ফিরতে পারব, নিশ্চিত নয়। ’ তবে সর্বশেষ জানা গেছে, বিশেষ ব্যবস্থায় আগামীকাল (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনা হবে। সকাল ৯টার একটি বিশেষ ফ্লাইটে কাঠমাণ্ডু ছাড়বে জামাল ভূঁইয়ারা। বাফুফে ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ব্যবস্থা করা হচ্ছে। এদিকে কাঠমাণ্ডুর বৈরী পরিস্থিতির কারণে সোমবারের ম্যাচও বাতিল হয়েছে। খেলা না হওয়ায় বাংলাদেশ দল আগেভাগেই দেশে ফেরার চেষ্টা করছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় আজ সম্ভব হয়নি।