রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই মহারণ। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। এর মধ্যে ভারত জিতেছে ১০ ম্যাচে, আর পাকিস্তান জিতেছে মাত্র ৩ ম্যাচে। আজকের ম্যাচ তাই শুধু পয়েন্ট টেবিলের লড়াই নয়, বরং মর্যাদা রক্ষারও লড়াই। এবারের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আবহ আগের তুলনায় বেশি উত্তেজিত। ইতোমধ্যেই দু’দলই বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করেছে। ফলে দু’দল সমান তালে মাঠে নামবে, যেখানে আবেগের চাপ আরও প্রবল হয়ে উঠবে। ম্যাচ ঘিরে রাজনীতি, শোক, প্রতিবাদ আর প্রতিপক্ষকে খোঁচা-সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাঠের ক্রিকেট হয়তো কখনোই আলাদা করে দেখা যাবে না। তবে ক্রিকেটপ্রেমীরা চান, অন্তত খেলার ভেতরে থাকুক লড়াই, বাইরে নয়।

দলে ফিরতে নেইমারের সামনে শর্ত; ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান আনচেলত্তি

দলে ফিরতে নেইমারের সামনে শর্ত; ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ‍দুই দফায় স্কোয়াড ঘোষণা করেছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। দু’বারই ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। যদিও শেষবার চোটের সমস্যা নয়, কৌশলগত কারণে ডাক না পাওয়ার অভিমত জানান এই তারকা। যা নিয়ে ব্রাজিল কোচের সঙ্গে নেইমারের দ্বিমত দেখা দেয়। নতুন করে তার জাতীয় দলে ঢুকতে পুরোনো শর্ত-ই জুড়ে দিয়েছেন আনচেলত্তি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯) হওয়ার কীর্তি গড়েন নেইমার। এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়ে পরের মাস থেকেই তিনি এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান। এরপর আল-হিলাল হয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ম্যাচ খেললেও, এখনও জাতীয় দলে ফেরা হয়নি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার ক্যারিয়ারজুড়েই ছিল ইনজুরির হানা। যা তার শেষ সময়ে এসেও বারবার ব্যাঘাত ঘটাচ্ছে। চলতি মাসে (সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার জন্য আনচেলত্তির ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন নেইমার। কিন্তু ম্যাচের দু’দিন আগে চোটে পড়ায় চূড়ান্ত দলে তার জায়গা মেলেনি। এর পেছনে চোট ও ফিটনেসজনিত সমস্যার কথা উল্লেখ করেছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমারের ভাষ্য ছিল ভিন্ন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি।’

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার গত মৌসুমেও চোটের সঙ্গে লড়েছেন। এর মাঝেও ৫৫ ম্যাচে দলের হয়ে নেমেছিলেন। কিন্তু চলতি মৌসুমে লা লিগায় তিন ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র একটিতে নামতে পেরেছেন তিনি। এরই মধ্যে জার্মান ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মাদ্রিদের ক্লাবটি। গতকাল অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার। ক্লাবের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রুডিগারের চোট ‘সিরিয়াস।’ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুডিগারকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে এএস ও মার্কার দাবি, মাঠে ফিরতে আরেকটু বেশি সময় লাগবে ৩২ বছর বয়সী এই সেন্টারব্যাকের। স্পেনের এ দুই সংবাদমাধ্যম জানিয়েছে, রুডিগারকে ১০ থেকে ১২ সপ্তাহ অর্থাৎ আড়াই থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তার সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা। রুডিগারের আঘাতের জায়গায় স্ক্যান করে রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন।’ রুডিগারের চোট রিয়ালের জন্য নিঃসন্দেহে বড় আঘাত। এএস জানিয়েছে, আঘাত পাওয়া জায়গায় ফোলা কমলে তার আরও কিছু পরীক্ষা করা হবে। এতে আঘাত কতটা মারাত্মক সেটি বুঝতে পারবে দলটির মেডিকেল টিম। তখন বোঝা যাবে, রুডিগারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে। প্রাথমিকভাবে ক্লাব মনে করছে, মাঠে ফিরতে রুডিগারকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার মার্শেইয়ের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে জাবির দল। এসব ম্যাচ তো বটেই, ২৭ সেপ্টেম্বর লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’ এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাবে না রিয়াল। এমন কঠিন পরিস্থিতিতে রিয়ালের রক্ষণ সামলাতে জাবির হাতে আছেন ডেভিড আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হুইসেন। আলাবা ও আসেনসিও মৌসুমে রিয়ালের তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। তবে জাবির হাতে যারাই থাকুক, রুডিগারের অভিজ্ঞতার অভাব বোধ করবে লস ব্লাঙ্কোসরা।

এশিয়া কাপে আজ রাতে বাংলাদেশের শ্রীলঙ্কা পরীক্ষা

এশিয়া কাপে আজ রাতে বাংলাদেশের শ্রীলঙ্কা পরীক্ষা অবশেষে এলো আসল লড়াইয়ের দিন। আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। এশিয়া কাপের এবারের আসরের প্রথম দিকটা হয়েছে প্রত্যাশামতো। ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান সহজ জয় তুলে নিয়েছে। আর পাকিস্তানও এড়িয়েছে অঘটন। তবে আজকের লড়াইটা ভিন্ন রঙের। দুই দলই সাম্প্রতিক বছরগুলোতে সমানতালে লড়াই করেছে। শেষ ১০ বছরে ১৬টি ম্যাচে দুই দল জিতেছে সমান ৮ বার করে। সাম্প্রতিক ইতিহাস বাংলাদেশের পক্ষে: গত জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তার আগে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডালাসে শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। ঐ ম্যাচগুলোতে বাংলাদেশের বোলাররা শুরুতেই আঘাত হেনেছিল এবং নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছিল। লঙ্কানরা এবার আশা করছে তাদের ব্যাটিং লাইনআপ ভালো করবে, যদিও মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল ৮০ রানে। বাংলাদেশের বাড়তি সুবিধা হলো- তারা ইতোমধ্যেই এই ভেন্যুতে খেলেছে। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় ছিল প্রায় নিখুঁত প্রদর্শনী। ফাস্ট বোলাররা উইকেট শিকার করেছে। ব্যাটসম্যানরা সহজেই রান তাড়া করেছে। লেগস্পিনার রিশাদ হোসেনও নিয়েছেন উইকেট। যিনি লঙ্কানদের বিপক্ষে শেষ সিরিজে দুর্দান্ত ছিলেন। তিন ম্যাচে মাত্র ৫.৪৭ ইকোনমি রেটে বল করেছেন। শ্রীলঙ্কার নতুন শুরু: শ্রীলঙ্কা সিরিজ হারের পর এবার ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে। মাসের শুরুতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারালেও তাদের ধারাবাহিকতার অভাব বড় সমস্যা। আসালঙ্কার নেতৃত্বাধীন দল অনেকটাই নির্ভর করছে স্পিন জুটি ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানার ওপর। গ্রুপ অব ডেথের চাপ: এই গ্রুপে আফগানিস্তানও আছে। মানে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। আজ যে দল হারবে, তাদের জন্য সুপার ফোরের পথ হবে কঠিন। বাংলাদেশের আত্মবিশ্বাস অবশ্য আকাশচুম্বী। টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। এশিয়া কাপে হংকংকে হারিয়ে সেই ছন্দ অব্যাহত রেখেছে। অন্যদিকে, শ্রীলঙ্কার জন্য এটাই টুর্নামেন্টের প্রথম ম্যাচ। ভেন্যু ও পিচ: শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেটে রান ওঠে ভালোই। তবে ম্যাচ যত গড়ায়, স্পিনাররা প্রভাব ফেলতে পারে। পাওয়ার প্লে’র ওভারগুলোই নির্ধারণ করবে ম্যাচের গতি। নজর রাখার খেলোয়াড়: বাংলাদেশের হয়ে লিটন দাস দুর্দান্ত ফর্মে আছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচে করেছেন ১৪৫ রান। এশিয়া কাপেও হংকংয়ের বিপক্ষে খেলেছেন ৩৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস। শ্রীলঙ্কার হয়ে দুশমন্ত চামিরা নজর কাড়তে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছেন নতুন বলে কতটা কার্যকর। মাইলফলকের পথে: লিটন দাস ১১১ ম্যাচে করেছেন ২,৪৯৬ রান। মাত্র ৪ রান দূরে ২,৫০০ পূর্ণ করার থেকে। তাওহীদ হৃদয়ের চাই ৫৬ রান। তাহলেই তিনি ছুঁয়ে ফেলবেন ১,০০০ রানের মাইলফলক। লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা আছেন ১,৯৫০ রানে। আর ৫০ রান করলে তিনিও ঢুকে পড়বেন দুই হাজারি ক্লাবে। বোলারদের মধ্যে হাসারাঙ্গার ঝুলিতে আছে ৭৯ ম্যাচে ১৩১ উইকেট। যেখানে চারবার নিয়েছেন চার উইকেট। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকার আলি আনিক, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা/নুয়ান থুশারা, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা ও মাথিশা পাথিরানা।

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরির সুবাদে ১৪৪ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখেই পূর্ণ করেছে টাইগাররা। যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলটি ডট হলেও পরের দুই বলেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। আয়ুস শুক্লার করা দ্বিতীয় বলটিতে ড্রাইভ করে কাভারের ওপর দিয়ে চার মারেন ইমন। পরের বলেও ইন সাইড এজ হয়ে আরেকটি চার পেয়ে যান তিনি। তবে তৃতীয় ওভারে আয়ুসকে মারতে গিয়ে ১৪ বলে ১৯ রান করে আউট হয়ে ফিরে যান ইমন। এরপর তানজিদ হাসান দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে ১৮ বলে ১৪ রান করে আউট হন। আতিক ইকবালের বলে মিড অফে ক্যাচ দেন তানজিদ। এরপর তাওহীদ হৃদয় ও লিটন দাস ৭০ বলে ৯৫ রানের একটি জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ধরে রাখেন। যদিও লিটন ইনিংসের ১৮তম ওভারে ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হয়ে যান। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয় এনে দেন। হংকংয়ের ব্যাটিংয়ে প্রথম আঘাতটি দেন তাসকিন। ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি আনশুমান রাঠকে আউট করেন। পরে বাবর হায়াতের আক্রমণাত্মক ব্যাটিং প্রতিরোধ গড়তে থাকলেও তানজিম সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে ১২ বলে ১৪ রান করে আউট হন। পাওয়ার প্লে শেষে হংকং ৩৪ রানের বেশি তুলতে পারেনি। এরপর জিসান আলী ও নিজাকাত খান কিছুটা জুটি গড়ে রান বাড়াতে থাকেন। কিন্তু তানজিম সাকিবের পরবর্তী ওভারে জিসান ৩৪ বলে ৩০ রান করে আউট হন। এরপর মুর্তজা ও নিজাকাত কিছুটা রান বাড়ান, তবে তারা দ্রুত রান তুলতে পারছিলেন না। ১৮তম ওভারে নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান মুর্তজা, ২৮ রান করে। পরবর্তীতে নিজাকাত খান ৪২ রান (এক ছক্কা, দুই চারে) নিয়ে রিশাদ হোসেনের বলে আউট হন। হংকং শেষ পর্যন্ত ১৪৩ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন, রিশাদ এবং তানজিম।

আম্পায়ার সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কাল

আম্পায়ার সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কাল বাংলাদেশি আম্পায়ারদের প্রশিক্ষণের জন্য আগামীকাল ঢাকায় আসছেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেল। টাফেলের সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের দক্ষতা ও প্রশিক্ষণের মান বাড়ানোর জন্য কাজ করবেন টাফেল। টানা ৫ বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন টাফেল। ১৯৯৯ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০০ সালে প্রথম টেস্ট আম্পায়ারের দায়িত্ব পালন করেন টাফেল। আইসিসির মেগা ইভেন্ট এবং অ্যাশেজের মতো জনপ্রিয় সিরিজের আম্পায়ারের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন টাফেল। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়ার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। ১৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এনসিএল টি-টোয়েন্টিতে টাফেল উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপের টিকিট যেভাবে কাটবেন

২০২৬ বিশ্বকাপের টিকিট যেভাবে কাটবেন আগামী বছর কানাডা, মেক্সিকো ও আমেরিকাতে অনুষ্ঠিত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। আগামী অক্টোবর মাসে শুরু হবে টিকিট বিক্রির প্রথম ধাপের কার্যক্রম। গত বুধবার (১০ সেপ্টেম্বর) ফিফার ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। বিশ্বকাপের গ্রুপস্তরের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬০ মার্কিন ডলার। তবে সবার জন্য উন্মক্ত নয় এই প্লাটফর্ম। শুধুমাত্র ভিসা কার্ড ধারীরা পাবেন প্রথম ধাপের এই টিকিট সংগ্রহের সুযোগ। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৯ তারিখ পর্যন্ত। এরপর আবেদনকারীদের আবেদনপত্র পরীক্ষা করা হবে, যাদের আবেদনপত্র গৃহীত হবে তাদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর। এর কারণ হচ্ছে, যেসব সমর্থকরা বিশ্বকাপ দেখতে যাবেন, তারা যেন সময় থাকতেই ভিসা, টিকিটসহ যাবতীয় কাজ সেরে ফেলতে পারেন। যাদের আবেদন গ্রহণ করা হবে তারা টিকিট কাটতে পারবেন ১ অক্টোবর থেকে। সেই দিন থেকে টিকিট বিক্রি শুরু হবে। এই টিকিট কাটতে গেলে ভিসা কার্ড থাকতে হবে সমর্থকদের। অনলাইনে টিকিট কাটবেন যেভাবে FIFA.com/tickets এই সাইটে গিয়ে টিকিটের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীদের ভিসা কার্ড না থাকলে সেই আবেদন বাতিল করা হবে।

বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন 

বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন  ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। টুর্নামেন্টের টিকিটের প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। মাত্র ২০ ঘণ্টার মধ্যে দেড় মিলিয়নের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার তথ্যমতে, সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল ইতিহাসে এক মাইলফলক হয়ে উঠবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাই শেষে নির্বাচিতদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে অনলাইনে টিকিট কেনার সুযোগ পাবেন ভক্তরা। সরাসরি ক্রয়ের কোনো সুযোগ থাকছে না। টিকিটের দাম গ্রুপ-পর্বে শুরু হবে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে। ক্যাটাগরি অনুসারে এই দাম বাড়তে থাকবে। ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৬,৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ১৯ হাজার ৬৯৫ টাকা)। তবে চাহিদার ভিত্তিতে দাম ওঠা-নামার সম্ভাবনাও রয়েছে। ফিফা জানিয়েছে, এবার টুর্নামেন্টে থাকছে ৪৮ দল ও ১০৪ ম্যাচ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসর বসবে ১৬ ভেন্যুতে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং কানাডায় ২টি। পুরো টুর্নামেন্টে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজকরা। প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা আবেদন করতে পারছেন। ফিফা আইডি তৈরি করে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে হবে এই প্রক্রিয়ায়।

এশিয়া কাপ মিশনে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

এশিয়া কাপ মিশনে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ এশিয়া কাপ মিশনে নেমে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ। আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে হংকংকে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন দাস। এবারের টুর্নামেন্ট বাংলাদেশ দল ভালোই প্রস্তুতি নিয়েছে। ঢাকা-সিলেটে দুই দফায় হয়েছে ট্রেনিং ক্যাম্প। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে তালিম নিয়েছে লিটন-শান্তরা। এছাড়া টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দুবাইয়ে গেছে বাংলাদেশ দল। এবার মাঠের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার পালা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানে হেরে আসা হংকংয়ের জন্য এই ম্যাচ টিকে থাকার লড়াই। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ রাতে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। হংকংয়ের একাদশ জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুষ শুক্লা ও আতিক ইকবাল।

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জামালরা

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জামালরা আজ ত্রিভুবন বিমানবন্দর থেকে বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। এর ঘণ্টা দুয়েকের মধ্যে দেশে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। এর মধ্যে ৬ সেপ্টেম্বর দুদল একটি প্রীতি ম্যাচও খেলে। যেটায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে। কিন্তু তারপর মাত্র এক-দেড় দিনের মধ্যে হঠাৎ উত্তপ্ত হয়ে যায় নেপালের রাজনৈতিক পরিস্থিতি। সরকারবিরোধী আন্দোলন রূপ নেয় সহিংসতায়। তাতে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে জামালদের দেশে ফেরার ব্যবস্থা নেয়। যদিও এদিন বেলা সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল জামালদের। তবে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করার পর অবশেষে প্রায় ৩টার সময় তারা রওনা দেন।