যুক্তরাষ্ট্রে থাকা আফগান নারী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ দিল না ফিফা

যুক্তরাষ্ট্রে থাকা আফগান নারী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ দিল না ফিফা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া আফগান নারী ফুটবলাররা নতুন করে গঠিত আফগান নারী শরণার্থী দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। ফিফা আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ক্যাম্পে নিরাপত্তাজনিত কারণে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। চলতি বছরের মে মাসে ফিফা অনুমোদিত আফগান নারী শরণার্থী দলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় পাওয়া আফগান খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দল ফিফার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার শর্তে ফিফা ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও ইউরোপে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক খেলোয়াড়দের জন্য একই ব্যবস্থা করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রে থাকা অন্তত ২২ জন আফগান ফুটবলারের মধ্যে ১০ জন হিউস্টনে বসবাস করেন। তাদেরই একজন সাবেক অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ও হিউস্টন শাইন এফসির ফরোয়ার্ড জাহরা সুলতানি বলেন, ‘ফুটবল সবসময় আমার পরিচয়, আমার স্বাধীনতা, আর বিশ্বমঞ্চে আফগান নারীদের প্রতিনিধিত্বের উপায়। ক্যাম্প বাতিল হওয়ার খবর আমার হৃদয় ভেঙে দিয়েছে। ’ প্রথম আফগান নারী জাতীয় দলের সদস্য সোদাবা খানজানি (২৮) মন্তব্য করেন, ‘এটি অগ্রহণযোগ্য এবং কোনো অর্থ বহন করে না। অস্ট্রেলিয়া বা ইউরোপের খেলোয়াড়দের সঙ্গে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের কোনো পার্থক্য নেই। আমরা উপেক্ষিত ও অসম্মানিত বোধ করছি। ’আরেক খেলোয়াড় নিলোফার মুমতাজ (২৪) বলেন, ‘আমরা চার বছর ধরে পরিবার ছাড়া যুক্তরাষ্ট্রে আছি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ক্যাম্প হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রে নয়। আমরা কাঁদছি, তবুও হাল ছাড়ব না। ’ ফিফা জানিয়েছে, ‘খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আইনি ও লজিস্টিক জটিলতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এই প্রক্রিয়া এগোচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক খেলোয়াড়দেরও ভবিষ্যতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ’ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের খেলাধুলা নিষিদ্ধ হয়। ফিফা, ফিফপ্রো ও আন্তর্জাতিক সহযোগিতায় শতাধিক নারী খেলোয়াড় ও তাদের পরিবার বিদেশে আশ্রয় পান। বর্তমানে আফগান নারী জাতীয় দল ফিফার বিশ্ব র্যাংকিংয়ের বাইরে। জাতিসংঘ ইতোমধ্যে তালেবানের নারীবিরোধী নীতিকে ‘লিঙ্গভিত্তিক বৈষম্য’ হিসেবে আখ্যায়িত করেছে।
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, বাদ টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, বাদ টি-টোয়েন্টি সিরিজ ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। তবে আইসিসির এফটিপি অনুযায়ী নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবার আর থাকছে না। মূল সূচিতে সব ফরম্যাট মিলিয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী টি-টোয়েন্টি বাদ দিয়ে টেস্ট ও ওয়ানডেকেই গুরুত্ব দিচ্ছে দুই বোর্ড। বিশ্বকাপ-পরবর্তী এই সফর ঘিরে বিসিবি ও পিসিবির মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে প্রস্তাবিত সূচি পাঠিয়েছে বিসিবি, তবে নির্দিষ্ট দিনক্ষণ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২৪ সালের জুলাইয়ে, যখন দুটি দল মুখোমুখি হয়েছিল একটি টি-টোয়েন্টি সিরিজে। এবার দীর্ঘ ফরম্যাটে সিরিজ আয়োজনকে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে দেখছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের মতো প্রতিপক্ষকে পেয়ে নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পাবে লাল-সবুজের দল। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ শেষে সরাসরি বাংলাদেশ সফরে আসবে সালমান-শাহিনরা। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি ও পিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে শেখ মেহেদীকে চান জাফর

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে শেখ মেহেদীকে চান জাফর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশ ব্যাটিং-নির্ভর একাদশ নিয়ে মাঠে নেমেছিল মাত্র চারজন বোলার নিয়ে। পার্ট-টাইম বোলারদের খরুচে স্পেল দেখে সতর্ক করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তার মতে, সুপার ফোরে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আফগানিস্তানের বিপক্ষে শামীম হোসেন ও সাইফ হাসান মিলিয়ে চার ওভারে খরচ করেন ৫৫ রান। যদিও বাংলাদেশ ম্যাচ জেতে, তবে অধিনায়ক লিটন দাসের কৌশল নিয়ে প্রশ্ন ওঠে। জাফরের মতে, ‘পঞ্চম বোলার’ এর ঘাটতি স্পষ্ট ছিল। ভাগ্য সহায় হওয়ায় বাংলাদেশ ম্যাচ জিতলেও পরবর্তী ধাপে একই কৌশল কার্যকর হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাফর একাদশে দেখতে চান শেখ মেহেদী হাসানকে। তার মতে, নুরুল হাসান সোহানের পরিবর্তে মেহেদীকে সুযোগ দেওয়া উচিত। জাফর বলেন, ‘শ্রীলঙ্কা দলে অনেক বাঁ-হাতি ব্যাটার আছে। তাই মেহেদীকে নেওয়া দরকার। সে শুধু ভালো বোলারই নয়, ব্যাটও করতে পারে। আগের ম্যাচগুলোতে তাকে পাঁচ নম্বরে খেলানো হয়েছিল। নুরুল আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগই পায়নি, তাই তার জায়গায় মেহেদীকে আনা যেতে পারে। ’আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ বোলিং করে ম্যাচসেরা হন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ২ উইকেট। জাফরের মতে, দুবাইয়ের বড় মাঠে বাঁ-হাতি স্পিনাররা কার্যকর। তাই নাসুমকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে শিবগঞ্জের জয়

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে শিবগঞ্জের জয় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অুনষ্ঠিত হচ্ছে। তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের শুক্রবারের খেলায় জয় পেয়েছে শিবগঞ্জ উপজেলা দল। শুক্রবার নতুন স্টেডিয়ামে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা দলের মধ্যে খেলা অুনষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে গড়া খেলা। টাইব্রেকারে ৪—২ গোলে ভোলাহাট উপজেলা দলকে হারিয়ে জায় পায় শিবগঞ্জ উপজেলা দল। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু সুপার ফোরের খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু সুপার ফোরের খেলা ভারত আর ওমানের ম্যাচটি দিয়ে আজ শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপপর্ব। তবে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার ফোর পর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ৪ দল একে অপরের সাথে খেলবে। সেরা দুই দল যাবে ফাইনালে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপের ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার সুপার ফোরে লড়বে দুই দল। লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটনরা। পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।
জোড়া গোলে বার্সেলোনার জয়ে ইংল্যান্ডে ফেরা

জোড়া গোলে বার্সেলোনার জয়ে ইংল্যান্ডে ফেরা ইংল্যান্ডে ফেরাটা স্মরণীয় করে রাখলেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচেই জোড়া গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড। তার দারুণ নৈপুণ্যে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে হান্সি ফ্লিকের দল। সেন্ট জেমস পার্কে গতকাল রাতে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। চোটের কারণে উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। বল দখলে ৬৫ শতাংশ আধিপত্য আর ১৯টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখেছিল তারা। অন্যদিকে নিউক্যাসল ১০টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
গাজায় নি*হ*তদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন

গাজায় নি*হ*তদের স্মরণে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নভেম্বরে স্পেনের বিলবাওতে প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন ফুটবল দল। তাদের প্রতিপক্ষ হবে বাস্ক জাতীয় দল। এই দলটি ফিফার স্বীকৃত না হলেও তাদের নিজস্ব ফুটবল ফেডারেশন রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরের ১৫ তারিখ, সান মামেস স্টেডিয়ামে। ম্যাচটি আয়োজিত হবে বাস্ক ফুটবল ফেডারেশন ও ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সহযোগিতায়। গাজায় প্রাণ হারানোদের স্মরণে আয়োজন হওয়া এই ম্যাচকে ফিলিস্তিনি ফেডারেশন উদযাপনের উপলক্ষ হিসেবে দেখছে। এর আগে আথলেতিক বিলবাওয়ের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে সমর্থকরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা টাঙান। ব্যানারে বাস্ক ভাষায় লেখা ছিল, ‘আজ থেকে শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকব। ’ এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে সারা বিশ্বে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এর মধ্যে স্পেন প্রথম দিকের দেশগুলোর একটি যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড ও বেড়ে চলা মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে রয়েছে। শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে সরাসরি সুপার ফোরে জায়গা পাবে বাংলাদেশ। অন্যদিকে, আফগানিস্তান জয় লাভ করলে, বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নির্ভর করবে রান রেটের ওপর। এই কারণেই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। আফগানিস্তান আজ একাদশে দুটি পরিবর্তন এনেছে। অভিজ্ঞ পেস অলরাউন্ডার গুলবাদিন নাঈবকে বিশ্রাম দিয়ে দারভিশ রাসুলিকে সুযোগ দেয়া হয়েছে, আর আল্লাহ গজনফরের জায়গায় খেলছেন মুজিব উর। শ্রীলঙ্কা একাদশেও একটি পরিবর্তন এনেছে। পেসার মহেশ থিকসানার জায়গায় দুনিথ ভেল্লালাগে মাঠে নামছেন। আবুধাবির উইকেটটি স্পিনারদের জন্য ভালো বলে মনে হলেও, পিচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে আজকের উইকেটে কিছু ঘাস থাকার কারণে পেসাররাও সুবিধা পেতে পারেন। আফগানিস্তানের একাদশ: সাদেকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, কারিম জানাত, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, নুর আহমেদ, ফজলহক ফারুকি। শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।
এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এ জয়ে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করলো পাকিস্তান। ভারতের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে পাকিস্তান। সুপার নিশ্চিত হওয়ায় চলতি আসরে আরও অন্তত একবার ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। আগামী ২১ সেপ্টেম্বর ররিবার আবার ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আঘারা। ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এশিয়া কাপের সূচি অনুযায়ী আগেই নির্ধারিত ছিল সুপার ফোরে ওঠা সব দল নিজেদের মাঝে আবারও মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপ থেকে ওঠা দুই দল যে ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে সেটাও চূড়ান্ত ছিল আগে থেকেই। বাকি ছিল কেবল দলগুলোর জায়গা নিশ্চিত করা। ভারত আগেই সুপার ফোরে উঠলেও পাকিস্তানকে বেশ ঘাম ঝরিয়েই উঠতে হয়েছে।
আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান, জটিল সমীকরণের সামনে টাইগাররা

আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান, জটিল সমীকরণের সামনে টাইগাররা এশিয়া কাপ ১৭তম আসরের ‘বি’ গ্রুপে আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলংকার সাথে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে-সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলংকা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে আজ শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। সমীকরণ বলছে-আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। আবার শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলংকা ও বাংলাদেশের সাথে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। অপরদিকে, আফগানিস্তানের ক্ষেত্রে-জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ। আজ আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান।